ব্যান্ড গড়লেন রিংকু
ব্যান্ডদল গড়লেন ক্লোজআপ ওয়ান তারকা মশিউর রহমান রিংকু। তাঁর ব্যান্ডদলটির নাম ‘আদি’। লোকসংগীতকে মানুষের আরও অনেক কাছাকাছি পৌঁছে দেওয়ার জন্য ব্যান্ডটি গড়েছেন রিংকু।প্রথম আলো ডটকমকে রিংকু বলেন, ‘দীর্ঘদিনের ইচ্ছা থেকেই ব্যান্ডটা গড়েছি। এরই মধ্যে আমরা বেশ কয়েক দিন ধরে মহড়া করছিলাম। আমাদের লোকগানের কিন্তু একটা বিশাল ভান্ডার রয়েছে। আমাদেরও দীর্ঘদিনের ইচ্ছা বাংলাদেশের লোকগানকে বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার। কিন্তু সেটা রিংকুর একার পক্ষে সম্ভব নয়। দলগতভাবে কাজটা করলে অনেক সহজ হবে বলে আমার মনে হয়। তাই ব্যান্ডটা গড়ে তোলা।’ব্যান্ডের কর্মকাণ্ড সম্পর্কে রিংকু বলেন, ‘আমরা এরই মধ্যে ব্যান্ডের জন্য মৌলিক ও পুরোনো দিনের নয়টি গান নির্বাচন করেছি। পুরোনো দিনের গানগুলোর মধ্যে আছে আবদুল আলীম, আব্বাসউদ্দীনসহ আরও কয়েকজন লোকগানের কিংবদন্তি শিল্পীর। আর মৌলিক গানগুলো লিখেছেন জাহিদ আহমেদ।’ব্যান্ডের নাম আদি প্রসঙ্গে রিংকু বলেন, ‘আদি অর্থ পুরোনো। আর আমরা যেহেতু পুরোনো দিনের লোকগানকে বিশ্ব দরবারে পৌঁছে দেওয়ার কাজটা করব, তাই আদি নামটাই আমাদের কাছে সঠিক মনে হয়েছে।’আদি ব্যান্ডের সদস্যরা হলেন রিংকু (ভোকাল), আল আমিন (কি-বোর্ড ও ভোকাল), দীপু (ড্রামস), প্রিন্স (লিড গিটার), টিটো (বেজ গিটার), মোবারক (ঢোল), কামরুল (বাঁশি) ও জাকির জীবন (ম্যানেজার)।