ব্যান্ড দল গড়লেন সন্দীপন
গায়ক সন্দীপনের প্রথম অ্যালবাম বেরিয়েছিল ২০০৪ সালে। নাম ছিল সোনাবন্ধু। তারপর একে একে বের হয় সোনার মেডেল (২০০৫), ট্রিবিউট টু এসডি বর্মন অ্যান্ড আরডি বর্মন (২০০৬), আয় প্রাণের উত্সবে (২০০৮) ও চান মুখে মধুর হাসি (২০০৯)। তবে এবার কোনো অ্যালবাম নিয়ে নয়, নতুন ব্যান্ড দল নিয়ে শ্রোতাদের সামনে হাজির হচ্ছেন তিনি। আগামী শুক্রবার রাতে একুশে টেলিভিশনের সরাসরি গানের অনুষ্ঠান ফোনো লাইভ স্টুডিও কনসার্টে আনুষ্ঠানিকভাবে ব্যান্ড দল গড়ার ঘোষণা দেবেন তিনি। ব্যান্ডের নাম রাখা হয়েছে সব্যসাচি। ব্যান্ড দল গঠন প্রসঙ্গে সন্দীপন বলেন, ‘আমার দীর্ঘদিনের ইচ্ছে ছিল, একটি ব্যান্ড দল গঠনের। অনেক দিন ধরে এটির কাজও চলছিল। অবশেষে কিছুদিন আগে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে আসি আমরা।’ তিনি আরও বলেন, ‘আমি খুবই সৌভাগ্যবান যে ব্যান্ডের সদস্য হিসেবে যাদের কাছে পেয়েছি, তারা সবাই অসম্ভব মেধাবী। এরা সবাই ফ্রিল্যান্স হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছিল।’ ব্যান্ডের ধরনটা কেমন হবে, এমন প্রশ্নের জবাবে সন্দীপন বলেন, ‘ব্লুজ এবং ইলেকট্রো জ্যাজই হবে আমাদের ব্যান্ডের মূল ধরন। থাকবে ফোক ফিউশন এবং পূর্ব-পশ্চিমের ক্লাসিক্যাল মিশ্রণও। আমার বিশ্বাস নতুন ধরনের একটা শ্রোতাগোষ্ঠী আমরা তৈরি করতে পারব।’ ব্যান্ডের লাইনআপ হচ্ছে, সন্দীপন (প্রধান ভোকাল), রনি (ভোকাল ও অক্টোপ্যাড), নিখিলেশ (ভোকাল ও কি বোর্ড), আরজু (বেইজ গিটার) এবং অনি (লিড গিটার)।