
বাংলাদেশের ব্যান্ড সংগীতের শুদ্ধ চর্চার লক্ষ্য নিয়ে চ্যানেল আইয়ের আয়োজনে অনুষ্ঠিত হলো দেশীয় ব্যান্ড দল নিয়ে দিনব্যাপী ‘পার্কি বিস্কুট-চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৫’। মঙ্গলবার সকালে ব্যান্ড ফেস্ট ১৫-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ। এ সময় সঙ্গে ছিলেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী শাহীন সামাদ, তিমির নন্দী, ফকির আলমগীর, ‘বাংলাদেশ’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ও ভোকাল ওমর খালেদ রুমী, আইয়ুব বাচ্চু, আয়োজনে সহযোগিতাকারী প্রতিষ্ঠান কোয়ান্টাম করপোরেশন লিমিটেডের চেয়ারম্যান নাসির উদ্দিন প্রমুখ। সন্ধ্যা পর্যন্ত ব্যান্ড ফেস্ট ১৫ চ্যানেল আই সরাসরি সম্প্রচার করেছে। এ সময় উপস্থিত তরুণদের মধ্যে বাঁধভাঙা উচ্ছ্বাস লক্ষ করা গেছে।
উদ্বোধনী পর্বে ‘ব্যান্ড ফেস্ট’ সম্পর্কে আইয়ুব বাচ্চু বলেন, ‘একটি লাইভ অনুষ্ঠানে চ্যানেল আইয়ের কাছে আমার চাওয়া-পাওয়া সম্পর্কিত প্রশ্নের জবাবে বলেছিলাম, আপনাদের অনেক দিবস রয়েছে। সে দিবসগুলোতে আপনারা বিশেষ বিশেষ উৎসব করে আসছেন। এমনই একটি উৎসব ব্যান্ড সংগীতের জন্য দিন। চ্যানেল আই আমার আবেদন গ্রহণ করেছে। বিজয়ের মাসের প্রথম দিন ১ ডিসেম্বর এদিনটিকে চ্যানেল আই “ব্যান্ড ফেস্ট ডে” ঘোষণা করেছে। ব্যান্ড সংগীতের প্রসারে এটি আমাদের দ্বিতীয় আয়োজন। প্রতিবছর এদিনে চ্যানেল আই প্রাঙ্গণে “ব্যান্ড ফেস্ট ডে” উদ্যাপিত হবে।’
দিনব্যাপী আয়োজনে ব্যান্ড দলগুলো তাদের জনপ্রিয় গান পরিবেশনের পাশাপাশি গেয়েছে মুক্তিযুদ্ধের গান। ফকির আলমগীর গেয়েছেন ‘মানুষ বানাইয়া খেলছ যারে লইয়া’, বাপ্পা এন্ড ফ্রেন্ডস গেয়েছে ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, জলের গান গেয়েছে ‘ধনধান্য পুষ্পভরা’ ইত্যাদি। আইয়ুব বাচ্চুর শুভকামনায় জলের গান গেয়েছে তাদের নতুন গান ‘তোমার এক হাতে দেব টুকটুকে লাল গোলাপ...’। অংশ নিয়েছে ব্যান্ড দল উচ্চারণ, অবসকিউর, প্রমিথিউস, আর্ক, বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, তিরন্দাজ, ব্ল্যাক, জলের গান, বাংলাদেশ, দি ব্রাদার হুড প্রজেক্ট, পিপীলিকা, মেট্রিক্যাল, পার্থিব এবং এলআরবি।