ব্যান্ড মিউজিক সংগঠন এসএমবির আত্মপ্রকাশ
পূর্বসূিরদের সঙ্গে নতুনদের মেলবন্ধন তৈরির পাশাপাশি ব্যান্ড মিউজিকের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে নিয়ে কাজ করবে সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস বাংলাদেশ (এসএমবি)৷ গত বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টারস ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে নতুন এই সংগঠনের ঘোষণা দেওয়া হয়৷ সংগঠনটির বিভিন্ন দিক তুলে ধরেন এসএমবির সাধারণ সম্পাদক আর্টসেল ব্যান্ডের এরশাদুজ্জামান৷
এসএমবির সভাপতি ও ব্ল্যাক ব্যান্ডের মেহমুদ আফ্রিদী টনি উদ্বোধনী বক্তব্যে সংগঠনভুক্ত ব্যান্ডগুলোর মধ্যে অটুট বন্ধন ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন৷
সংবাদ সম্মেলনে এসএমবির সহসভাপতি মোরশেদ খান (আর্ক), সহসাধারণ সম্পাদক শাফকাত আহমেদ (অরণ্য), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী সুমন (পেন্টাগন), নির্বাহী কমিটির সদস্য জিয়াউর রহমান (শিরোনামহীন), শেখ সাহেদ আলী (গাছ), রাশেদ আহমেদ তপু (যাত্রী), জামশেদ (পাওয়ার সার্জ) ও রোমান্স (সিক্স) উপস্থিত ছিলেন৷