ব্যান্ডপার্টির সদস্য ফজলুর রহমান বাবু!

অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু অনেক ধরনের চরিত্রেই অভিনয় করেছেন। তাঁর অভিনীত বেশির ভাগ চরিত্র দর্শকদের কাছে সমাদৃতও হয়েছে। এবারও ভিন্নধর্মী একটি চরিত্রে অভিনয় করলেন ফজলুর রহমান বাবু। ‘বাদ্যবাজনা’ নামের একটি নাটকে তাঁকে দেখা যাবে ব্যান্ডপার্টির সদস্য হিসেবে। এ ধরনের চরিত্রে এবারই প্রথম অভিনয় করেছেন বলে জানালেন বাবু।
এ প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে ফজলুর রহমান বাবু বলেন, ‘রেজানুর ভাই সব সময় সিরিয়াসধর্মী নাটক নির্মাণ করে থাকেন। আমি তাঁর পরিচালনায় অনেক নাটকে অভিনয় করেছি। এটিও একটি সিরিয়াসধর্মী নাটক।’ বাবু এও বলেন, ‘ব্যান্ডপার্টির সদস্যরা যাঁরা প্রতিনিয়ত আনন্দ দিয়ে থাকেন, তাঁদের জীবনের গল্প নিয়েই নাটকটি নির্মিত হয়েছে। প্রথমে দেখলে মনে হবে এটি হাসির নাটক। কিন্তু পরে দেখা যাবে, হাসির মধ্য দিয়ে ব্যান্ডপার্টির সদস্যদের জীবনের কষ্টগুলো “বাদ্যবাজনা” নাটকে প্রকাশ পেয়েছে।’
নাটকটির লেখক ও পরিচালক রেজানুর রহমান বলেন, ‘দেশের সংস্কৃতির ক্ষেত্রে সবচেয়ে পুরোনো পেশা ব্যান্ডপার্টি। এটি নিয়ে একটি নাটক নির্মাণের ইচ্ছে থেকে কাজটি করা হয়েছে। আর নাটকটিতে ফজলুর রহমান বাবু অসাধারণ অভিনয় করেছেন। আমি বলব, তাঁর জীবনের অন্যতম সেরা একটি কাজ হিসেবে বিবেচিত হবে এটি।’
‘বাদ্যবাজনা’ নাটকে ফজলুর রহমান বাবু ছাড়াও অভিনয় করেছেন বন্যা মির্জা, মাহবুবা রেজানুর, সৈয়দ ইকবাল, সুকর্ণ হাসান প্রমুখ।