ব্যান্ডের গানে মাতল চট্টগ্রাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডিসি হিলের শিমুল, শিরীষগাছের ছায়ায় অদ্ভুত সুরের মায়া, ‘নিঃস্তব্ধ নগরীর অন্ধকার রাত্রি/ নিঃশব্দ পৃথিবীর পথভোলা যাত্রী...’। মধ্য বিকেলে ‘পথভোলা যাত্রীর অন্ধকার রাত্রি’র গল্পে মজে গেল দর্শকেরা। পরপর তিনটি গান করার পর মঞ্চ ছাড়লেন ব্যান্ড দল আর্থের ভোকাল জাবেদ ইকবাল। সন্ধ্যার বিরতির আগে ব্যান্ড দল সোয়েভ, ডিভাইন ও ওয়ার ফেয়ার গানে গানে মাতিয়েছে ডিসি হিল। দর্শকেরাও সুরের খেয়ায় ভাসল অন্য রকম আবেগে।চিটাগাং মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (সিএমবিএ) গত শুক্রবার ‘নিউ ইয়ার কনসার্ট’ শিরোনামে ব্যান্ড সংগীতের জমজমাট আসর বসায় ডিসি হিলে। এতে চট্টগ্রাম ও ঢাকার ১৩টি ব্যান্ড দল অংশ নেয়। বাড়তি পাওনা ছিল এস আই টুটুলের গান।কনসার্টের উদ্বোধন করেন পূর্বকোণ-এর সম্পাদক তসলিম উদ্দিন চৌধুরী। অ্যাসোসিয়েশনের সভাপতি সুব্রত বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কবি বিশ্বজিৎ চৌধুরী। বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা ও শিল্পী আহমেদ নেওয়াজ, রেলি পিনারিও, নোয়েল ম্যান্ডেজ প্রমুখ।প্রধান অতিথি বলেন, ‘চট্টগ্রাম হচ্ছে ব্যান্ডসংগীতের আঁতুড়ঘর। কয়েক দশক ধরে চট্টগ্রামের শিল্পীরাই দেশের সংগীতাঙ্গন মাতিয়ে রেখেছেন। আমাদের সে ঐতিহ্য ধরে রাখতে হবে। এ জন্য সুস্থ সংগীতের পৃষ্ঠপোষকতা খুব জরুরি।’সুব্রত বড়ুয়া বলেন, ‘চিটাগাং ব্যান্ড অ্যাসোসিয়েশনের গোড়াপত্তন হয়েছিল নব্বইয়ের দশকে। কিছুদিন কার্যক্রম স্তিমিত থাকলেও কিছু তরুণের ঐকান্তিক চেষ্টায় কয়েক বছর ধরে সরব এই সংগঠন। এ কারণে তৃতীয়বারের মতো কনসার্ট আয়োজন সম্ভব হয়েছে।’সুব্রত বড়ুয়া আরও বলেন, ‘আমরা চাই সংগীতদূষণ, মধ্যরাতে উচ্চস্বরে গান বন্ধ করতে। কেউ মাদক নেবেন না, ইভ টিজিং করবেন না। আমরা ব্যান্ডশিল্পীরা সমাজের জন্য কাজ করতে চাই।’মাগরিবের বিরতির পর তিরন্দাজ ব্যান্ডের চার বছর পূর্তি উপলক্ষে কেক কাটা হয়। শিল্পী এস আই টুটুল কেক কেটে সবার সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন। এর পরই মঞ্চে ডাক পড়ে টুটুলের, তিনি তাঁর জনপ্রিয় গানগুলো পরিবেশন করে মাতিয়ে তোলেন ডিসি হিল। ‘কেউ প্রেম করে’ কিংবা ‘যায় দিন...’ গানে দর্শকদের বাঁধভাঙা উচ্ছ্বাস দেখে আবেগতাড়িত হন টুটুলও। তিনি চট্টগ্রামের ব্যান্ডসংগীতের সমৃদ্ধ অতীতের কথা স্মরণ করিয়ে দেন, বন্দর নগরের মানুষ, প্রকৃতির প্রতি তাঁর ভালোবাসার কথা বলেন।এরপর গান নিয়ে আসে ব্যান্ড দল মিলেনিয়াম, অসময়, ফেইথ, ফেরারি, অফ ট্র্যাক। বিন্দুর ভোকাল, সামির ‘লিংকিং পার্ক’ ও নিজস্ব গান ‘আক্রোশ’ দিয়ে আনন্দের মৌতাত ছড়ান। রিভাব আইয়ুব বাচ্চুর সাড়া জাগানো ‘হাসতে দেখো, গাইতে দেখো’সহ কয়েকটি গান করে মুগ্ধতা ছড়ায়।ইফতিস এনথেম ব্যান্ডের সাচ্চু, বাচ্চু ও ইফতি ছিলেন তিন ভাই। তাঁরা তিনজনই গিটারিস্ট, গায়ক, সুরকার ও সংগীত পরিচালক। তাঁদের একজন (সাচ্চু) হারিয়ে গেছেন ‘দূর অজানায়।’ ইফতি আর বাচ্চু দ্বৈতকণ্ঠে গাইলেন ভাইয়ের লেখা সেই গান, ‘মা হারা ছেলের গল্প বলো না আমায়...’। এরপর ইউরোপিয়ান ব্যান্ড নির্ভানা ও স্করপিয়নের ‘নাম্বার’ করল দলটি। ইফতি এবার ধরলেন অমর প্রেমের অজর গান, ‘প্রেমে পড়েছি যখন তোমায় দেখেছি’, ‘নেশা ধরে যায় তোমার চোখের তারায়...’। একসময় সুর থেমে যায় রুপালি গিটারে, কিন্তু সুরের নেশা কাটে না দর্শকের।