আজ রাতে গাজী টিভিতে ‘গান ও ফোন’ অনুষ্ঠানে গান করবেন পলাশ। গত সপ্তাহে তিনি নিজের ব্যান্ড অরবিটের কার্যক্রম আবার শুরু করার ঘোষণা দিলেন। এসব নিয়েই কথা হলো তাঁর সঙ্গে।অরবিট ব্যান্ড শেষ কবে গান করেছে?১৯৯৭ সালে। এরপর ব্যান্ডের দুজন সদস্য দেশের বাইরে চলে যান। আমিও একা গান গাওয়ার দিকে বেশি ঝুঁকে যাই। ১৫ বছর পর আবার ব্যান্ডের কার্যক্রম শুরু করার আগ্রহ হলো কেন?এখন পুরোনো অনেক ব্যান্ড আবার গান করছে। তাদের দেখেই আগ্রহটা তৈরি হয়েছে। অরবিটের পুরোনো সদস্য আমি আর আশরাফ বাবু। আমরা দুজন মিলে আবার ব্যান্ডের কার্যক্রম শুরু করেছি। ওই সময় আপনার যে জনপ্রিয়তা ছিল, আজ তা নেই। এ কারণেই কি আপনি ব্যান্ডের দিকে ঝুঁকেছেন?ওই সময় আমি নিজের গানের দিকে বেশি নজর দিয়েছিলাম। ব্যান্ডের জন্য যতটুকু সময় দেওয়া প্রয়োজন ছিল, তা দিতে পারিনি। ব্যান্ডের জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়। আমার সংগীতজীবনের ২০ বছর হতে চলল। এখনো আমি বলব, ব্যান্ডের জন্য যতটা সময় প্রয়োজন, ততটুকুই দেব; ব্যান্ডের জন্য নিজের ক্যারিয়ারকে নষ্ট করব না।অরবিট ব্যান্ডের সদস্য এখন কে কে?আমি আর আশরাফ বাবু আছি। নতুন যোগ দিয়েছেন সোহেল (কি-বোর্ড), মিল্টন (বেস গিটার), তপন (লিড গিটার), বিদ্যুৎ (ড্রামস)। এখন মগবাজারে আশরাফ বাবুর স্টুডিওতে আমরা নিয়মিত মহড়া করছি। সম্প্রতি শাহ আবদুল করিমের গান নিয়ে আপনি অ্যালবাম করেছেন, ‘আমার বাড়ি’। এখানে গানগুলোর সুর অনেক পরিবর্তন করা হয়েছে। কেন?গানগুলোর সুর শাহ আবদুল করিম সাহেব কিন্তু রেকর্ড করে যাননি। আমি তাঁর ছেলে নূর জালালের সঙ্গে কথা বলেছি। ফকির শাহাবুদ্দিনও সহযোগিতা করেছেন। আসল সুরগুলো রেকর্ড না থাকায় কিছুটা পরিবর্তন হতেই পারে। আজকের অনুষ্ঠানে কী গান করবেন?আমার নিজের কণ্ঠে জনপ্রিয় হওয়া আর পছন্দের কিছু গান করব।