ব্যান্ডের নামেই অ্যালবাম ‘ব্ল্যাক’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২২ আগস্ট আসছে ব্ল্যাকের নতুন অ্যালবাম। এবারের অ্যালবামটির শিরোনাম ব্যান্ডের নামেই। নাম ব্ল্যাক। ব্ল্যাকের সদস্য জন বললেন, ‘দেশে এবং বিদেশে প্রায় সব নামী ব্যান্ডেরই নিজেদের নামে অ্যালবাম রয়েছে। আর ওই অ্যালবামটি ব্যান্ডের জন্য খুব উল্লেখযোগ্য একটি ব্যাপার। ব্যান্ডটিকে শ্রোতাদের কাছে তুলে ধরে অ্যালবামটি।’ জন আরও বলেন, ‘আমাদের শুরুটা হয়েছিল ১৯৯৯ সালে। ব্যান্ড গঠনের এক যুগ পূর্তি হচ্ছে। আমরা এখন মনে করছি আমাদের শব্দ, সুর আর তা প্রকাশ করার ভঙ্গি—সব কিছু আলাদা। এই সময়ে এসে তা নিজস্ব একটা মাত্রা তৈরি করেছে। ব্ল্যাক অ্যালবামে তেমনই কিছু গান করেছি। আমরা বলব, ব্ল্যাক অ্যালবামটি ব্ল্যাক ব্যান্ডের একটা পরিচিতি।’ব্ল্যাক ব্ল্যাক ব্যান্ডের চতুর্থ অ্যালবাম। প্রথমটি আমার পৃথিবী (২০০২), দ্বিতীয়টি উৎসবের পর (২০০৩) এবং তৃতীয়টি আবার (২০০৮)। ব্ল্যাকের এই অ্যালবামে রয়েছে নতুন সদস্য টিটুর অংশগ্রহণ। টিটু বেস গিটারিস্ট। বছর দুয়েক আগে যোগ দিয়েছেন ব্ল্যাকে। তিনি ছাড়া ব্যান্ডটির পুরোনো সদস্যরা হলেন জাহান (গিটার), টনি (ড্রামস) ও জন (কণ্ঠ ও গিটার)।কাল সোমবার ইফতারের পর অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান হবে বসুন্ধরা সিটির লেভেল সিক্সে। অ্যালবামটির প্রযোজনা প্রতিষ্ঠান জি-সিরিজ দোকানের সামনে, ঘরোয়াভাবে। জন জানান, নানা ব্যস্ততার জন্য গত বছর খুব বেশি কনসার্টে অংশ নেওয়া সম্ভব হয়নি। এখন থেকে শ্রোতারা নিয়মিত ব্ল্যাককে কনসার্টে পাবেন।