ব্যান্ডের নামেই অ্যালবাম ‘শিরোনামহীন’
শিরোনামহীনের প্রথম অ্যালবাম জাহাজী বের হয় ২০০৪ সালে। এরপর এসেছে ইচ্ছে ঘুড়ি, বন্ধ জানালা এবং শিরোনামহীন রবীন্দ্রনাথ। এরই মধ্যে নিজেদের পঞ্চম অ্যালবামের কাজ শুরু করেছেন শিরোনামহীনের সদস্যরা। ব্যান্ডটির অন্যতম সদস্য জিয়া জানান, এবার ব্যান্ডের নামেই হবে অ্যালবামের নাম, শিরোনামহীন। তাই নতুন অ্যালবামের কাজকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তাঁরা। নিজেদের স্টুডিও গানবাজে প্রায় নিয়মিত বসছেন। দুটি গানের প্রাথমিক রেকর্ডিংয়ের কাজও করা হয়েছে। তিনি আরও জানান, অ্যালবামে গান থাকবে ১০টি। এর মধ্যে চারটি গানের শিরোনাম ‘আচ্ছা, ঠিক আছে’, ‘কিছু কথা’, ‘আবার হাসিমুখ’ ও ‘আততায়ী’। জিয়া বলেন, ‘বিশ্বের বড় বড় প্রায় সব ব্যান্ডেরই নিজেদের নামে অ্যালবাম রয়েছে। কেউ হয়তো শুরুর দিকে করে, কেউ নিজেদের সুবিধাজনক সময়ে। আমরা মনে করেছি, নিজেদের ব্যান্ডের নামে অ্যালবাম করার জন্য এখনই আমাদের উপযুক্ত সময়। তাই সেভাবেই কাজ শুরু করেছি। একটু সময় নিয়ে, ভালো মানের একটা অ্যালবাম সবাইকে দিতে চাই।’ এরই মধ্যে শিরোনামহীন ব্যান্ডের ওপর তৈরি হয়েছে একটি তথ্যচিত্র। জিয়া জানালেন, শিরোনামহীন অ্যালবামের আগে এ বছরের শেষ দিকে তথ্যচিত্রটি প্রকাশ করা হবে।