
হেনরি রথকে বলা যায় যাযাবর প্রেমিক। ভ্রমর-স্বভাবের। এক প্রেমে থিতু হওয়া তাঁর ধাতে নেই। প্রেম তাঁর কাছে ছেলেখেলা। এভাবেই দিব্যি চলছিল হেনরির জীবন। তার পরই তাঁর জীবনে এল লুসি। আর তাতেই হেনরির জীবনে ওলট-পালট।

স্বভাবমতো হেনরি প্রথম দিনই লুসিকে পটানোর চেষ্টা করল। লুসি হেনরির চটুলতায় হেসেই একসা। দুজনই দুজনের সঙ্গ দারুণ উপভোগ করল। পরদিন একই ক্যাফেতে হেনরি আবার দেখা করল লুসির সঙ্গে। কিন্তু কী কাণ্ড, লুসি চিনতেই পারল না হেনরিকে। চিনেও না চেনার ভান!
না, হেনরি জানতে পারল, এক দুর্ঘটনায় লুসি স্মৃতি ধরে রাখার ক্ষমতা হারিয়ে ফেলেছে। নতুন কোনো স্মৃতিই জমা হয় না তাঁর মধ্যে। প্রতিদিনই হেনরিকে নতুন করে নিজেকে পরিচয় করিয়ে দিতে হবে লুসির কাছে। প্রতিদিনই জয় করতে হবে লুসির হৃদয়। সেই চ্যালেঞ্জটাই নিল হেনরি।
২০০৪ সালে এমনই অসাধারণ এক প্রেমের গল্প নিয়ে হাজির হয়েছিলেন অ্যাডাম স্যান্ডলার আর ড্রিউ ব্যারিমোর। যে করুক আর যেভাবেই করুক, সর্বকালের সেরা রোমান্টিক ছবির তালিকায় ঢুকে পড়ে ফিফটি ফার্স্ট ডেটস। কী দুর্দান্ত এই দুজনের রোমান্টিক-রসায়ন!
এর আগেও আরেকটি ‘রম-কম’ (রোমান্টিক-কমেডি) ছবিতে দেখা গিয়েছিল দুজনকে। ১৯৯৮ সালে। দ্য ওয়েডিং সিঙ্গারও দারুণ সফল হয়েছিল। দুজনের জুটি বেঁধে কাজ শুরুর ১৬ বছরের মাথায় আবার মুক্তি পেয়েছে এই হংসমিথুনের তৃতীয় ছবি ব্লেন্ডেড। এবারের গল্পটাও দারুণ। জিম ও লরেনের প্রথম দেখা একটা ‘ব্লাইন্ড ডেড’-এ। কিন্তু সেই অভিজ্ঞতা তাদের এতটাই তেতো হলো, দুজনই ঠিক করল, এই জীবনেও আর দুজন দুজনের ছায়া মাড়াবে না। কিন্তু ভাগ্য যে অন্য রকম চিত্রনাট্য সাজিয়ে রেখেছিল। সিঙ্গেল মাদার লরেন আর সিঙ্গেল ফাদার জিমের দেখা হয়ে গেল আফ্রিকার একটা ছুটি কাটানোর রিসোর্টে। তারপর কী হলো? বক্স অফিসে আলোড়ন!
দুজন জুটি বাঁধলেই আসে দুর্দান্ত সাফল্য। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, প্রথম ছবির পর দ্বিতীয় ছবিটা করতে তাদের অপেক্ষা করতে হয়েছে ছয় বছর। আর তৃতীয় ছবিটা তো আরও দশ বছর পরে!
ফিফটি ফার্স্ট ডেটস-এর পরের ১০ বছরে দুজনের ক্যারিয়ারের গতিপথ দুদিকে গেছে। স্যান্ডলার নিজের প্রযোজনা ব্যবসা গড়ে তুলেছেন। একের পর এক কমেডি করেছেন, যেগুলো সমালোচকের দৃষ্টি না কাড়লেও কাঁড়ি কাঁড়ি ডলার এনে দিয়েছে। গত বছর তাঁর ছবি গ্রোন আপস টু কারোরই সেরা দশের তালিকায় ছিল না। কিন্তু সেই ছবিও বিশ্বজুড়ে আয় করেছে ২৪ কোটি ৬৯ লাখ ডলার।
নামের পাশে বাফটা, গোল্ডেন গ্লোব, অস্কার, গ্র্যামি কিছুই নেই। পিপলস চয়েস অ্যাওয়ার্ডেই তৃপ্ত হতে হয়েছে, বরাতজোরে এমটিভি পুরস্কার। সমালোচকেরা কখনোই কল্কে দেয়নি। কিন্তু তার পরও সেই স্যান্ডলারের ছবিগুলো বক্স অফিসে এখন পর্যন্ত আয় করেছে ২৩০ কোটি ডলার।
স্যান্ডলার যখন আরও বেশি করে চলচ্চিত্র দুনিয়ার সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে পড়েছেন, সেই সময় ব্যারিমোর নিজেকে ধীরে ধীরে সরিয়ে নিচ্ছিলেন লাইট-ক্যামেরা-অ্যাকশনের মেকি দুনিয়া থেকে। বেশি মনোযোগ দিয়েছেন নিজের মেকআপ প্রতিষ্ঠান ফ্লাওয়ারে। ব্যক্তিজীবনেও টালমাটাল চলেছে। রুপালি পর্দার লুসি যে সত্যিকারের জীবনের হেনরির দেখা কিছুতেই পাচ্ছিল না!
দাদা জন ব্যারিমোর আর বাবা জন ড্রিউ ব্যারিমোর দুজনই ছিলেন হলিউডের প্রখ্যাত অভিনেতা। সেই পরিবারের ফুটফুটে মেয়েটি মাত্র চার বছর বয়সেই তারকা হয়ে গিয়েছিল। ১৯৮২ সালে মুক্তি পাওয়া স্টিভেন স্পিলবার্গের ইটির সেই মেয়েটিকে কে না চেনে! কিন্তু সত্যি বলতে কি, ক্যারিয়ারটাকে কখনোই শক্তপোক্ত করতে পারেননি ব্যারিমোর। ব্যক্তিজীবনের অনিশ্চয়তার ছাপ, শৈশবে বাবা-মায়ের বিচ্ছেদের পর জিপসি-জীবনকে বেছে নেওয়া—সব মিলিয়েই হয়তো।
হেনরির দেখা সব লুসিই পায় না—এই বাস্তবতা অনেক আগেই মেনে নিয়েছেন। তবে উইল কোপেলমানের সঙ্গে বিয়ের পর সত্যিই সুখ আর পরিতৃপ্তির ছাপ এসেছে। ২০১২ সালের সেপ্টেম্বরে প্রথমবারের মতো মা হয়েছেন। গত এপ্রিলে এসেছে দ্বিতীয় কন্যাও। মেয়েদের কাছে প্রতিজ্ঞা করেছেন, তাঁর শৈশবের মতো শৈশব হতে দেবেন না কিছুতেই।
রুপালি পর্দার লুসি-হেনরি কি সত্যিকারের জীবনে এক মুহূর্তেও প্রেমে পড়েনি? এই প্রশ্নটার মুখোমুখি হতে হয়েছিল স্যান্ডলার আর ব্যারিমোরকে। দুজনই নাকচ করে দিয়েছেন। কিছু কিছু প্রেম বোধ হয় শুধু রুপালি পর্দার জন্যই ভালো!
রাজীব হাসান
ইউএসএ টুডে অবলম্বনে