ব্রডওয়েতে ফিরছেন কেটি হোমস
টম ক্রুজের সঙ্গে বিচ্ছেদের পর আবারও অভিনয় জগতে নিয়মিত হবেন কেটি হোমস—এমন খবর প্রকাশিত হয়েছে আগেই। বিচ্ছেদের পর বড় যে প্রোজেক্ট তিনি হাতে নিয়েছেন সেটা হল ব্রডওয়ে শো ‘ডেড অ্যাকাউন্টস’। কমেডিধর্মী এ ব্রডওয়েতে ৫টি চরিত্রের একটিতে অভিনয় করবেন তিনি।‘ডেড অ্যাকাউন্টস’-এ লরনা চরিত্রে দেখা যাবে ৩৩ বছর বয়সী কেটিকে। তেরেসা রেবেকের রচনায় এটি পরিচালনার দায়িত্বে রয়েছেন ৩ বার টনি পুরস্কার বিজয়ী মার্কিন লেখক ও নির্মাতা জ্যাক ওব্রিয়েন। সাম্প্রতিক এক খবরে এমনটিই জানিয়েছে সিবিএস নিউজ। ‘ডেড অ্যাকাউন্টস’ প্রদর্শনের তারিখ চূড়ান্ত না হলেও জানা গেছে, এটি প্রদর্শিত হবে যুক্তরাষ্ট্রের মিউজিক বক্স থিয়েটারে। প্রদর্শনীর তারিখ এবং ব্রডওয়ের অন্যান্য অভিনয়শিল্পীর তালিকা শিগগিরই ঘোষণা করা হবে। উল্লেখ্য, কেটি হোমসের ব্রডওয়ে অভিষেক হয়েছিল ২০০৮ সালে। আর্থার মিলারের ‘অল মাই সনস’ ব্রডওয়েতে অভিনয় করেছিলেন তিনি।