ব্রহ্মপুত্রের পার ধরে সেই মিতালী হয়ে হাঁটতে চাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিতালী মুখার্জি। ছবি: খালেদ সরকার
মিতালী মুখার্জি। ছবি: খালেদ সরকার

আমাদের মিতালী মুখার্জি। তিনি সব সময় বলেন, আমার একটাই স্লোগান—ভালো থাকুন, ভালো গানকে বাঁচিয়ে রাখুন। সম্প্রতি চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতার বিচারকের আসনে নিয়মিত দেখা যাচ্ছে গুণী এই শিল্পীকে। লিখেছেন কবির বকুল।

সাক্ষাত্কার নেওয়া শেষ। কিন্তু লিখতে বসে মনে হলো, আরও কিছু কথা জানা বাকি। পরদিন শুটিং। ভীষণ ব্যস্ত থাকবেন তিনি। তবুও খুব সকালেই ফোন দিলাম, দিদি, ব্যস্ত?

‘না তো, রবীন্দ্রনাথ পড়ছিলাম।’ ফোনের ওপ্রান্তে মিতালী মুখার্জি।

উপন্যাস, না ছোটগল্প?

‘আরে না। “বোঝাপড়া” কবিতাটা পড়ছিলাম। অনেকবার পড়েছি। জানো, যত পড়ি, ততই অবাক হই। কী সুন্দর দর্শন।’ তিনি আবৃত্তি শুরু করলেন।

‘মনেরে আজ কহো যে, ভালো-মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে’। তাঁর কণ্ঠে উচ্ছ্বাস। ‘দেখো, প্রতিটি চরণই এক একটা মেসেজ।’ তিনি আবার আবৃত্তি করছেন, ‘তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে,

তুমি মরো কারোর ঠেলায়, কেউবা মরে তোমার চাপে।

তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি,

তেমনি করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি।’

এতটুকু শুনিয়ে তিনি থামলেন।

সকাল সকাল রবীন্দ্রনাথ পড়ার কোনো বিশেষ কারণ আছে কী? জানতে চাই। ‘আজ (মঙ্গলবার) চ্যানেল আই সেরা কণ্ঠ প্রতিযোগিতায় প্রতিযোগীরা পঞ্চকবির গান গাইবে। সেটা একটা কারণ বটেই। তবে রবীন্দ্রনাথ পড়ার অভ্যেসটা সেই ছোটবেলা থেকেই।’ তাঁর উত্তর।

প্রশ্ন গতি পেল। সেই সময়ের কোনো বিশেষ কিছু কি মনে পড়ে? জানতে চাই।

‘হ্যাঁ, জানো, তখন পুজোর সময় নতুন জামা-কাপড়ের সঙ্গে বাবা-মা, একটা স্পুল (সেই স্পুলে বেতার থেকে প্রচারিত ভালো গানগুলো রেকর্ড করতাম) আর দিতেন একটা ভালো বই। ভাইবোনেরা সেই বই পালা করে পড়তাম। দেশ পত্রিকা রাখা হতো বাড়িতে। মা দেশ পত্রিকা জোরে জোরে পড়তেন। আমরা খুব নিবিষ্ট মনে শুনতাম। এখনো অভ্যেসটা রয়ে গেছে।’ স্মৃতির ঝাঁপি খুলে বসলেন তিনি। কিন্তু সেখানে আবার ফিরে যাব জানিয়ে দিদিকে নিয়ে এলাম বর্তমানে।

বিচারক হিসেবে আপনাকে ভারতীয় বিভিন্ন চ্যানেলের বিভিন্ন রিয়েলিটি শোতে পেলেও এ দেশে এ ধরনের আয়োজনে প্রথম আপনাকে বিচারকের আসনে আমরা দেখছি। চ্যানেল আই সেরা কণ্ঠ-এর প্রতিযোগীদের কেমন মনে হচ্ছে?

‘দারুণ। দেখো, আমি মুম্বাই এবং কলকাতায় বিভিন্ন রিয়েলিটি শোতে বিচারক ছিলাম। কিন্তু এখানে প্রথমবারের মতো বসে একটা অন্য রকম অনুভূতি তৈরি হয়েছে। মনে হচ্ছে, বিচারক হিসেবে নয়, শ্রোতা হিসেবে আমি ওদের গান শুনছি। যারা এসেছে, মনে হচ্ছে, এরা শিখেই এসেছে। গ্রুমিংটা ভালো হয়েছে। আগে দেখতাম, প্রতিযোগীরা শুধু ফোক গাইছে। কিন্তু এরা তা নয়। সব রকমের গান গাইছে এরা। এটা একটা ভালো দিক।’

কিন্তু এ ধরনের রিয়েলিটি শো থেকে যারা আসছে, দেখা যায়, শেষ পর্যন্ত হাতে গোনা কজন ছাড়া বাকিরা হারিয়ে যাচ্ছে। আপনি কী মনে করেন?

 ‘আসলে দুই বাংলায়ই একই চিত্র। যে নিবেদিত হয়ে গান চর্চা করে যাবে, সে-ই থেকে যাবে। একটা উদাহরণ দিই। এই সময়ের জনপ্রিয় শিল্পী অরিজিৎ সিং। ও কিন্তু রিয়েলিটি শো “গুরুকুল”-এ সপ্তম পর্যন্ত এসে বাদ পড়ে গিয়েছিল। তার সতীর্থ যারা শীর্ষে গেছে, তাদের কেউ কিন্তু এখন নেই। আর অরিজিৎ তার চেষ্টায় এখন শীর্ষে। সুতরাং চেষ্টা থাকতে হবে।’

ছোটবেলায় আপনিও তো বিভিন্ন প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন। ওই সময় চিত্রটা কেমন ছিল?

‘হ্যাঁ। তখন মফস্বল (ময়মনসিংহ) থেকে বিজয়ী হয়ে ঢাকায় জাতীয় পর্যায়ে অংশ নিতে আসতাম। সেখানে আমার ওস্তাদ ছিলেন মিথুন দে। নজরুলসংগীতে আমি সব সময় প্রথম হতাম। একবার আমি দ্বিতীয় হলাম। বাবা আমাকে কিছু বলেননি। বরং তারা আমাকে আরও ভালো করার জন্য অনুপ্রাণিত করেছেন। কিন্তু এই সময়ের অনেক বাবা-মায়ের মধ্যে দেখি, তাঁরা তাঁদের ছেলেমেয়েদের খুব দ্রুত চূড়ান্ত জায়গায় দেখতে চান।’

আপনার অসংখ্য গান শ্রোতাপ্রিয়। রিয়েলিটি শোতে আপনার গাওয়া অনেক গান প্রতিযোগীদের গাইতেও দেখি, শুনি। এ দেশে আপনার শেষ অ্যালবামটি ছিল গানচিল-এর ব্যানারে আসা শিল্পী কুমার বিশ্বজিতের সঙ্গে। এরপর আর কোনো অ্যালবাম আমরা পাইনি। নতুন কোনো অ্যালবামের পরিকল্পনা আছে কি?

‘আসলে অনেক দিন কোনো বাংলা গান করিনি। বাংলাদেশের জন্য গান করিনি। সেই তৃষ্ণাটা আছে। কিছু বাংলা গান করার তাগিদ আছে ভেতরে-ভেতরে। শিগগিরই কিছু একটা করব।’

তৃষ্ণা তো আপনার আরেক জায়গায়ও আছে। ময়মনসিংহ। আপনার জন্মস্থানে যাওয়ার তৃষ্ণা। প্রতিবারই আপনি আসেন, সেখানে যাবেন পরিকল্পনা থাকে। কিন্তু শেষে বলেন, এবার হলো না। পরেরবার। কেন যেতে পারছেন না?

‘আসলে কী বলব। আমার বাবার ক্যানসার হয়েছিল। তিনি আমার ওখানেই চিকিত্সাধীন ছিলেন। বাবাকে একবার বললাম, তোমার শেষ ইচ্ছে কী? তিনি বললেন, তুই কি একবার আমাকে ময়মনসিংহ নিয়ে যেতে পারবি? আমি পারিনি। বাবা ১৯৯৯ সালে আমাদের ছেড়ে চলে যান। মা বেঁচে ছিলেন। তিনিও যেতে চেয়েছিলেন। সেটাও হয়ে ওঠেনি। ২০১৫ সালে মা চলে গেলেন। আমার আর ময়মনসিংহ যাওয়া হয়ে ওঠেনি।’

তাহলে আর কি যাওয়া হবে না? জানতে চাই।

‘যেতে চাই। িশল্পী মিতালী মুখার্জি হয়ে নয়। ব্রহ্মপুত্র নদের পার ধরে সেই মিতালী হয়ে হাঁটতে চাই। সেই নতুন বাজারের অলিগলি, বিদ্যাময়ী স্কুল, প্রিয় ময়মনসিংহ শহর। সব চষে বেড়াতে চাই। যেতে চাই সব ভাইবোন মিলে।’

প্রসঙ্গ পাল্টাই। শুনলাম আপনাদের নতুন একটা গজল অ্যালবাম আসছে?

‘হ্যাঁ। গত পাঁচ-ছয় বছর ধরে আমি আর ভুপি (ভুপিন্দর সিং) বেশ কটি গজলের অ্যালবাম করেছি। সবগুলো অ্যালবামের গান লিখেছিলেন গুলজার। এবার আমাদের পরিকল্পনাটা ভিন্ন। নতুনদের জন্য আমরা একটা প্ল্যাটফর্ম করেছি। গুজরাটের দুজন মেয়ে গজলশিল্পী আমরা পেয়েছি। ওদের নিয়েই নতুন অ্যালবাম দিল পীর হ্যায়। গুলজার লিখেছেন, ভুপি কম্পোজ করেছে। আর অ্যালবামে গেয়েছেন রশীদ খান, সনু নিগাম, আমি আর আমার ছেলে আমান দ্বীপ। আমাদের “ভূমিতাল”-এর ব্যানারে ৭ অক্টোবর মুম্বাইতে অ্যালবামটির প্রকাশনা।’

ছেলের প্রসঙ্গ যখন এল, তখন তার কথা একটু জানতে চাই।

‘নিহাল (ছেলের ডাক নাম) তো এখন পুরোপুরি মিউজিশিয়ান। সব বড় বড় সংগীত পরিচালকের সঙ্গে গিটার বাজাচ্ছে। দঙ্গল, অ্যায় দিল হ্যায় মুশকিলসহ আরও অনেক ছবিতে বাজিয়েছে। পাশাপাশি ওদের একটা ব্যান্ড আছে।’

কথা ফুরায় না। কিন্তু শুটিংয়ের তাড়া। তাই থামতে হয়। তাঁর কথায় অনেক স্বপ্ন বোনা। আর সে স্বপ্নজুড়ে শুধু সংগীত। স্বপ্ন বুনতে বুনতে হয়তো কোনো দিন মিতালী মুখার্জি চলে যাবেন বাস্তবের কাছাকাছি—স্বপ্ন প্রতিনিয়ত তাঁকে টানে। কিন্তু ব্যস্ততার ভিড়ে হরহামেশাই তাঁকে হারিয়ে যেতে হয়।