
দেশের জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি দিনে দিনে হয়ে উঠছেন ময়মনসিংহের মানুষ। প্রায় এক বছর আগে ময়মনসিংহ শহরের ঢোলদিয়া তালতলা এলাকায় ব্রহ্মপুত্র নদের পারে নিরিবিলি পরিবেশে দোতলা বাড়ি করেছেন তিনি। অবসর পেলেই ছুটে যান সেই বাড়িতে।
ঢোলদিয়া তালতলা এলাকার মানুষ তো বটেই, ময়মনসিংহ শহরের অনেক মানুষই এখন জানেন সংগীতশিল্পী ন্যান্সির বাড়ি ব্রহ্মপুত্রের পারে। ব্রহ্মপুত্রকে ভালোবেসে তিনি এই বাড়ি করেছেন। সময় পেলেই ন্যান্সি চলে আসেন ওই বাড়িতে।
দুই বছর আগে যখন তিনি বাড়ির নির্মাণকাজ শুরু করেন, তখন প্রতিবেশীদের মধ্যে একটা বিস্ময়বোধ তৈরি হয়। ন্যান্সি এখানে বাড়ি করবেন! বাড়ি করলেও কি তিনি এখানে থাকতে আসবেন! অথবা এলেও কি তিনি আমাদের মতো সাধারণ মানুষের সঙ্গে সহজ, স্বাভাবিকভাবে কথা বলবেন! এ ধরনের সংশয়কে উড়িয়ে দিয়েই ন্যান্সি হয়ে উঠছেন ময়মনসিংহের মানুষ। ব্রহ্মপুত্রের পারের ন্যান্সি। ময়মনসিংহে থাকার সময় বিকেলে কিছু সময়ের জন্য বাড়ির সামনে হাঁটাহঁাটি করতে বের হলেও প্রতিবেশীদের সঙ্গে স্বাভাবিকভাবে মেশেন ন্যান্সি।
ন্যান্সি, সংগীতশিল্পী
বাড়ি: ঢোলদিয়া তালতলা (ব্রহ্মপুত্র নদের পারে)
জেলা: ময়মনসিংহ
বাড়ির সামনের একটি মনিহারি দোকানের সামনে গিয়ে কথা হয় কয়েকজন তরুণের সঙ্গে। তাঁরা বলেন, ‘ন্যান্সি আপু’ দেশের এত বড় একজন গুণী মানুষ হলেও আমাদের সঙ্গে দেখা হলেই হাসিমুখে কথা বলেন। কৌতূহল নিয়ে কোনো কিছু জানতে চাইলে তিনি হাসিমুখেই উত্তর দেন। তাই আমরা তাঁকে অনেক সম্মান করি।’ ন্যান্সির প্রতিবেশীদের সঙ্গে কথা বলে জানা যায়, তিনি বাড়িতে থাকলে এলাকার দরিদ্র মানুষ মাঝে মাঝে নানা সহযোগিতার আশায় তাঁর কাছে যান। ন্যান্সি সাধ্যমতো সহযোগিতা করেন। গত শীতে তিনি এলাকার দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করেছেন।

ন্যান্সির বাড়ির নাম ‘দরবারি’। দরবারির একেবারে মুখোমুখি বাড়িতে থাকেন হাসান ফারুকুজ্জামান। তিনি বলেন, ‘প্রথম যখন ন্যান্সি আমাদের এখানে বাড়ি করবেন বলে শুনেছি, তখন ভাবতাম তিনি দেশের একজন বিখ্যাত মানুষ। আমাদের সঙ্গে কি মিশবেন? কিন্তু আমাদের ধারণা ভুল ছিল। পরিচিতি পর্বেই ন্যান্সি আমাদের দাওয়াত করে খাওয়ান। কিছুদিন পর আমিও তাঁকে দাওয়াত করি। তিনি খুশি মনে আমার দাওয়াত রক্ষা করেন।’
প্রতিবেশী তরুণী সাদিয়াতুজ্জামান নিধি এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা দিয়েছে। নিধি বলে, ‘আপু বাড়ি এলে আম্মুর সঙ্গে মাঝে মাঝে যাই তাঁর বাড়িতে। আপুর (ন্যান্সি) দুই মেয়ের সঙ্গে খেলা করি। আপু আমাকে আদর করেন।’ নিধি আফসোস করে বলে, ‘ন্যান্সি আপুর সঙ্গে আমার সেলফি ছিল। সেটা কীভাবে যেন গায়েব হয়ে গেছে। বন্ধুরা বিশ্বাস করতে চায় না যে আপু আমাকে অনেক আদর করেন। আর একবার সুযোগ পেলে বন্ধুদের ডেকে এনে দেখিয়ে দেব আপু আমাকে আদর করেন।’