ব্রাজিল ও আর্জেন্টিনা দুদলকেই সাপোর্ট করছি: নায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সজলের সঙ্গে নায়লা নাঈম
সজলের সঙ্গে নায়লা নাঈম

নায়লা নাঈম পেশায় দন্ত-চিকিত্সক। পাঁচ বছর ধরে মডেলিং জগতের সঙ্গেও যুক্ত আছেন তিনি। বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওর মডেল হয়েছেন তিনি। সম্প্রতি তন্ময় তানসেন পরিচালিত ‘রান আউট’ ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছেন নায়লা। সাম্প্রতিক কাজ এবং ব্যক্তিগত কিছু বিষয় নিয়ে কথা হল তাঁর সঙ্গে।
নায়লার বর্তমান ব্যস্ততা...
অনেকগুলো ফটো শুটে অংশ নিয়েছি। এ ছাড়া বেশ কয়েকটি মিউজিক ভিডিওর কাজ শেষ করেছি। ‘সিটি ওভার নাইট’ নামে একটি পার্টি গানে চার জন শিল্পীর সঙ্গে আমি কণ্ঠও দিয়েছি।
আইটেম গার্ল নায়লা...
আমি আইটেম গান করার জন্য অনেক আগেই প্রস্তাব পেয়েছি। কিন্তু রাজি হইনি। তবে এই প্রথম ‘রান আউট’ ছবির একটি আইটেম গানে অংশ নিয়েছি। গানটি বাণিজ্যিক ঘরানার হলেও এর উপস্থাপনায় ভিন্নতা রয়েছে বলে মনে হয়েছে আমার। এতে কিছুটা বলিউডের আইটেম গানের ছোঁয়া পাওয়া যাবে। এসব দিক বিবেচনা করে কাজটি করতে রাজি হয়েছি। গানটিতে আমার সহ-শিল্পী সজল। গানটিতে ভালোভাবে পারফর্ম করতে সজল এবং কোরিওগ্রাফার আসাদ খান আমাকে অনেক সাহায্য করেছেন। এরকম গান এবং উপস্থাপনা ভালো হলে আমি আরও আইটেম গানে কাজ করতে রাজি আছি।

নায়লা নাঈম
নায়লা নাঈম

চলচ্চিত্রে নায়লা...
আমি দীর্ঘ পাঁচ বছর ধরে মডেলিং করছি। মডেলিং করতে এসে অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি। কিন্তু আমি করিনি। কারণ বরাবরই চলচ্চিত্রের প্রতি আমার প্রবল আগ্রহ ছিল। তাই ধীরে ধীরে নিজেকে সেইভাবে তৈরি করেছি। এখন চলচ্চিত্রে অভিনয় করার প্রস্তাবও পেয়েছি। ভবিষ্যতে চলচ্চিত্রের পাশাপাশি নাটকেও অভিনয় করার সম্ভাবনা রয়েছে আমার।
ভবিষ্যত্ পরিকল্পনা...
আমি চলচ্চিত্রে নিজেকে সফল তারকা হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। আমি পেশায় একজন ডেন্টাল সার্জন।  আমার নিজের চেম্বার আছে। সেখানে আমি সপ্তাহে তিন থেকে চার দিন সময় দিই। অভিনয়ের পাশাপাশি এই পেশায়ও কাজ চালিয়ে যেতে চাই আমি।
চলচ্চিত্রে আপনার আদর্শ...
বলিউডের প্রিয়াঙ্কা চোপড়া। আর বাংলাদেশে মৌসুমী এবং শাবনূর। শাবনূর-সালমান শাহ অভিনীত সব ছবি আমি দেখেছি। 
বিশ্বকাপ ফুটবল...
আমি ছোটবেলা থেকেই ফুটবলের ভক্ত। এবারেও বিশ্বকাপের খেলা দেখছি। আমি ব্রাজিল ও আর্জেন্টিনা দুদলকেই একসঙ্গে সাপোর্ট করছি।