ব্রাজিলের বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটবল যখন থেকে বুঝি তখন থেকেই আমি আর্জেন্টিনার ভক্ত। আর্জেন্টিনার ফুটবল খেলা বরাবরই আমাকে মুগ্ধ করে। ম্যারাডোনা আমার প্রিয় খেলোয়াড়দের মধ্যে অন্যতম। এবার আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ায় খুব খারাপ লেগেছিল। আর সেই আমাকেই কি না বিয়ে করতে হয়েছে ব্রাজিল দলের ভক্তকে। বলতে পারেন তাঁদের পুরো পরিবারই ব্রাজিলের ভক্ত। কথাগুলো বলছিলেন আর জে নীরব। রেডিওতে কাজ করার পাশাপাশি তিনি টুকটাক কিছু নাটকেও কাজ করেন। এরই ধারাবাহিকতায় তিনি এবারও নাটকে কাজ করলেন। তুষার মাহমুদ ও প্রভাত আহমেদের রচনা এবং জামাল মল্লিকের পরিচালনায় নাটকটির নাম ব্রাজিলের বর আর্জেন্টিনার কনে। ঈদের জন্য নির্মিত নাটকটির শুটিং সম্প্রতি শেষ হয়েছে। নাটকে অভিনয় প্রসঙ্গে নীরব আরও বলেন, আসলে অফিসে কাজের চাপের জন্য নাটকে কাজ খুব একটা করা হয় না। তবে ভালো গল্প ও চরিত্রের ভিন্নতা থাকলে হলে শত কষ্টে হলেও সময় বের করে কাজ করার চেষ্টা করি। নাটকটিতে কাজ করে যেমন মজা পেয়েছি তেমনি খারাপও লেগেছে প্রিয় দলের জন্য। কারণ, নাটকটিতে একপর্যায়ে আমাকে প্রিয় দলের নাম গোপন করে ভালোবাসার মানুষ এবং তাঁদের পরিবারের সবাইকে রাজি করাতে হয়। তবে শেষ দিকে শ্বশুরবাড়ির সবাই আমার আর্জেন্টিনা-প্রীতির কথা জেনে যায়। নীরব বর্তমানে রেডিও টুডের হেড অব প্রোগ্রামের দায়িত্বে আছেন।