ব্রাহ্মণবাড়িয়ায় আবার মঞ্চ নাটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাহ্মণবাড়িয়ায় সর্বশেষ কবে মঞ্চ নাটক হয়েছিল? এই প্রশ্নের উত্তর ব্রাহ্মণবাড়িয়ার সংস্কৃতিমহলের অনেকেই দিতে পারেননি। তবে যতটুকু জানা গেছে, গত শতকের নব্বইয়ের দশকে হাতে গোনা কিছু কাজ হয়েছে। তবে তা তেমন উল্লেখযোগ্য কিছু নয়। এবার ২৮ আগস্ট ব্রাহ্মণবাড়িয়া শিল্পকলা একাডেমীর মঞ্চে আবার নাটক দেখেছেন দর্শকেরা। সেদিন সন্ধ্যায় মঞ্চস্থ হয় চন্দন রেজার নাট্যভাবনা ও নির্দেশনায় নাটক জন্ম সংকট। ২৯ আগস্ট মঞ্চস্থ হয় নাটক পাদটীকা। সৈয়দ মুজতবা আলীর ছোট গল্প অবলম্বনে লিখেছেন প্রশান্ত হালদার, নির্দেশনা দিয়েছেন চন্দন রেজা।
চন্দন রেজা জানান, বাংলাদেশ শিল্পকলা একাডেমী দেশের বিভিন্ন জেলায় নাটক মঞ্চস্থ করছে। শিল্পকলা একাডেমী বিভিন্ন জেলার শিল্পকলা একাডেমীতে একটি করে রেপার্টরি নাটকের দল তৈরি করেছে। তেমনিভাবে ব্রাহ্মণবাড়িয়াতেও একটি নাটকের দল গঠন করা হয়েছে। নাম ‘ব্রাহ্মণবাড়িয়া থিয়েটার: ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ’। বিভিন্ন সংগঠনের ৪০ জন ছেলেমেয়ে কাজ করছে নতুন এই দলটিতে। এর দায়িত্বে আছেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান। তিনি বলেন, ‘পৃষ্ঠপোষকতার অভাবে দীর্ঘদিন ব্রাহ্মণবাড়িয়ায় মঞ্চনাটকের চর্চা হয়নি।’ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের যুগ্ম সম্পাদক চন্দন রেজা বলেন, ‘নিজেকে বিকশিত করতে হলে পড়াশোনার পাশাপাশি সংস্কৃতি চর্চা করতে হবে।’
এদিকে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসনের সহযোগিতায় ১১ ও ১২ সেপ্টেম্বর কসবা উপজেলা শিল্পকলা একাডেমীতে মঞ্চস্থ হলো জন্ম সংকট ও পাদটীকা নাটক দুটি।