ব্রায়ান অ্যাডামসের সুরে মন্ত্রমুগ্ধ ঢাকার দর্শক-শ্রোতারা
ঢাকা এখন পুরোদস্তুর এক উৎ সবের নগর। মহা জমজমাট বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানের পরদিনই আরও একটি বিশ্বমানের আনন্দ আয়োজনে ভাসল ঢাকা। খ্যাতিমান কানাডিয়ান রক গায়ক ব্রায়ান অ্যাডামস গানে আর সুরে মন্ত্রমুগ্ধ করলেন ঢাকার দর্শকদের। মুহুর্মুহু করতালি, হইচই আর আনন্দ-উল্লাসে অবিস্মরণীয় একটি সংগীতসন্ধ্যা উপহার দিলেন তিনি। গতকাল শুক্রবার সন্ধ্যায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ব্রায়ান অ্যাডামস আবারও প্রমাণ করলেন, সংগীত কোনো জাতি-ধর্ম বা ভাষার বাধা মানে না। দ্য বেয়ার বোনস ট্যুরের আওতায় মোবাইল ফোন কোম্পানি রবির পৃষ্ঠপোষকতায় ঢাকায় পা রাখেন ১৫ বারের গ্র্যামি অ্যাওয়ার্ড মনোনয়ন পাওয়া এই চিরসবুজ রক গায়ক। গত বৃহস্পতিবার বিশ্বকাপ ক্রিকেটের উদ্বোধনী অনুষ্ঠানেও গান গেয়েছিলেন অ্যাডামস। গতকাল রাত পৌনে ১০টায় এই প্রতিবেদন লেখার সময় পর্যন্ত ঢাকার দর্শকদের জন্য চলছিল তাঁর সংগীত পরিবেশনা। ‘রান টু ইউ’, ‘হাউ ডু ইউ ফিল’, ‘ব্যাক টু ইউ’, ‘এ নাইট টু রিমেম্বার’—এমন বিখ্যাত গানে মেতেছিল গোটা সম্মেলন কেন্দ্র। আয়োজকরা জানান, তিনি ১৯টি গান গাইবেন। মঞ্চে উঠেই কথা নয়, প্রথমে সুরের মূর্ছনা ছড়ান অ্যাডামস। তারপর গানের ফাঁকে ফাঁকে দর্শকসারি থেকে দর্শক-শ্রোতাদের ডেকে নেন মঞ্চে। বাংলাদেশে আসার অনুভূতি তুলে ধরে তিনি বলেন, উৎ সবের আমেজ ও আনুষ্ঠানিকতা তাঁকে মুগ্ধ করেছে। অনুষ্ঠানের একপর্যায়ে ব্রায়ান অ্যাডামস বলেন, ৩০ বছর ধরে সংগীতজগতের সঙ্গে জড়িত আছি। এ সময় এই জগতে অনেক উত্থান-পতন হয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে আমি শ্রোতা-দর্শকদের সঙ্গে থাকার চেষ্টা করে যাচ্ছি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মিডিয়া অ্যাক্সিসের প্রধান নির্বাহী কর্মকর্তা রাবেত খান। অনুষ্ঠানে যোগ দেন সুনীল গাভাস্কারসহ দেশি-বিদেশি তারকা ও খ্যাতিমান ব্যাক্তিরা।গত বৃহস্পতিবার ব্যক্তিগত বিমানে ঢাকায় উড়ে আসেন এই খ্যাতিমান রক গায়ক। কনসার্টটি আয়োজন করে মিডিয়া অ্যাক্সিস। ব্রায়ান অ্যাডামসের জন্ম ১৯৫৯ সালে কানাডার অন্টারিওতে। তাঁর নিজের নামে প্রথম অ্যালবাম বাজারে আসে ১৯৮০ সালে। সংগীত-দুনিয়ায় অবদানের জন্য অ্যাডাম পেয়েছেন অর্ডার অব কানাডা এবং অর্ডার অব ব্রিটিশ কলাম্বিয়া সম্মাননা। বিশ্বব্যাপী শিক্ষা বিস্তারে কাজ করছে তাঁর নামে গড়া ব্রায়ান অ্যাডামস ফাউন্ডেশন।