ব্রায়ান এডামসকে গিটার উপহার
কানাডিয়ান রকস্টার ব্রায়ান এডামস বর্তমানে ভারত সফরে রয়েছেন। তিনি ভারতে মাইক্রোম্যাক্স-ব্রায়ার্ন এডামস লাইভ কনসার্ট ইন ইন্ডিয়া’তে অংশ নেবেন। এই সফরে ১১-১৬ ফেব্রুয়ারি এডামস ভারতের পুনে, মুম্বাই, ব্যাঙ্গালুরু, নিউ দিল্লী এবং হায়দরাবাদে বিভিন্ন কনসার্টে অংশ নিবেন। কাল শনিবার মুম্বাইয়ের এমএমআরডি খেলার মাঠে এক কনসার্টে অংশ নিবেন তিনি। টাইমস অব ইন্ডিয়ার বরাতে জানা গেছে সঙ্গীতে অসামান্য অবদানের জন্য আগামীকালের এই কনসার্টে ভক্ত-শ্রোতাদের স্বাক্ষর এবং ক্ষুদে বার্তা সম্বলিত ১৫ফুট লম্বা একটি গিটার উপহার দেওয়া হবে এডামসকে। প্ল্যানেট এম প্রেজেন্টস গিটারটিতে স্বাক্ষর সংগ্রহের জন্য ভারতের বিভিন্ন বিপনীবিতান, স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়েছে। গত বুধবার গিটারটি জনসমক্ষে নিয়ে আসা হয়। গিটারটি জনসমক্ষে উম্মোচন করেন ভারতের জনপ্রিয় সুরকার ও সঙ্গীতপরিচালক সাজিদ-ওয়াজিদ। এ সময় সাজিদ-ওয়াজিদ দুই ভাই অনুভূতি প্রকাশ করতে যেয়ে বলেন, ব্রায়ার্ন সঙ্গীতের মহাতারকা। তার মত অসাধারণ প্রতিভা খুব কমই আছে। আমরা তাঁর গানই বড় হয়েছি। আমরা দুজনেই খুবই সৌভাগ্যবান যে তাঁর মত একজন মহাতারকার গিটার জনসমক্ষে উম্মোচন করার সুযোগ পেয়েছি। উল্লেখ্য ভারতে সফর শেষে এডামস বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে গান করতে বাংলাদেশে আসবেন।