ব্রায়ান ও'কনার চরিত্রে পলের ভাই কডি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পল ওয়াকার ও কডি ওয়াকার
পল ওয়াকার ও কডি ওয়াকার

‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির ব্রায়ান ও’কনার চরিত্র রূপদানকারী অভিনেতা পল ওয়াকারের মৃত্যুর পর চরিত্রটিতে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছে পলের ছোট ভাই কডি ওয়াকারকে। সম্প্রতি এক খবরে এ তথ্য জানিয়েছে এইসশোবিজ।
‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবিতে ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করছিলেন মার্কিন অভিনেতা পল ওয়াকার। গত ৩০ নভেম্বর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তাঁর মৃত্যুতে ছবিটির কাজ থেমে যাবে কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়।
পরে ছবিটির পরিচালক জেমস ওয়ান জানান, পলকে ছাড়াই ছবিটির কাজ শেষ করবেন তিনি। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য ছিল, ‘ছবিটির কাজ বন্ধ করে দেওয়ার কোনো রকম পরিকল্পনা আমাদের নেই। পলের মৃত্যুতে ছবির সঙ্গে সংশ্লিষ্ট সবাই প্রচণ্ড ভেঙে পড়লেও বুকে পাথর চেপে ছবিটির কাজ শেষ করবেন তাঁরা।’  
ব্রায়ান ও’কনার চরিত্রে কডির অন্তর্ভুক্তি প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ২৫ বছর বয়সী কডি পেশায় একজন স্টান্টম্যান। তাঁর চেহারার সঙ্গে পলের চেহারার যথেষ্ট সাদৃশ্য রয়েছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির বড় একটি অংশের শুটিং সম্পন্ন হয়েছে। ছবিটিতে পলের যতটুকু অংশের শুটিং বাকি ছিল, তাতে অভিনয়ের জন্য সম্প্রতি প্রস্তাব দেওয়া হয়েছে কডিকে। তিনি ভাইয়ের ফেলে যাওয়া অসমাপ্ত কাজ শেষ করতে রাজি হবেন বলেই প্রত্যাশা করছেন নির্মাতারা। এর মাধ্যমে ভাইয়ের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোরও সুযোগ পাবেন কডি।
সূত্রটি আরও জানিয়েছে, শুটিংয়ের সময় কডির পেছন দিক থেকে ক্যামেরা ধরা হবে। কিংবা অনেক দূর থেকে দৃশ্য ধারণ করা হবে যাতে কডির চেহারা স্পষ্টভাবে বোঝা না যায়। আর ক্লোজআপ শটের ক্ষেত্রে দৃশ্য ধারণের পর সম্পাদনার সময় কম্পিউটার গ্রাফিকসের সহায়তায় কডির মুখের জায়গায় পলের মুখ বসিয়ে দেওয়া হবে।

একটি দাতব্য অনুষ্ঠান থেকে ফেরার পথে ৩০ নভেম্বর বিকেলে লস অ্যাঞ্জেলেসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েন পল। সে সময় গাড়ি চালাচ্ছিলেন তাঁর বন্ধু রজার রোডাস। হঠাত্ নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে লাইট পোস্ট ও গাছের সঙ্গে গাড়িটি ধাক্কা খায়। সঙ্গে সঙ্গে গাড়িটিতে আগুন ধরে যায়। ঘটনাস্থলেই বন্ধু রজারের সঙ্গে নিহত হন ৪০ বছর বয়সী পল ওয়াকার।

পলের মৃত্যুর পর আপাতত ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির শুটিং স্থগিত করা হয়েছে। নতুন করে ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শেষ হলে আবার এর শুটিং শুরু হবে। ধারণা করা হচ্ছে, আগামী বছরের জানুয়ারি মাসেই ছবিটির শুটিং শুরু করা সম্ভব হবে। ছবিটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছিল ২০১৪ সালের ১১ জুলাই। কিন্তু নির্ধারিত তারিখে ছবিটি আদৌ মুক্তি পাবে কি না, তা এখন অনিশ্চিত।

এদিকে পলের অপ্রত্যাশিত মৃত্যুর শোক কিছুতেই কাটিয়ে উঠতে পরছেন না ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ৭’ ছবির দলের সদস্যরা। সম্প্রতি পলের পরিবারের সদস্যদের সান্ত্বনা দিতে গিয়েছিলেন পলের সহ-অভিনেতা ও ঘনিষ্ঠ বন্ধু ভিন ডিজেল।

এ প্রসঙ্গে ভিন ডিজেল জানান, ‘আমি ভেবেছিলাম পলের পরিবারের সদস্যদের শোক কাটিয়ে ওঠার জন্য আমার সান্ত্বনা হয়তো কাজে লাগবে। কিন্তু সান্ত্বনা দিতে গিয়ে নিজেই কান্নায় ভেঙে পড়লাম। তখন উপলব্ধি করলাম, আসলে আমার নিজেরই সান্ত্বনার প্রয়োজন ছিল পলের পরিবারের সদস্যদের কাছ থেকে। আমি কাঁদতে শুরু করলে পলের মা আমাকে জড়িয়ে ধরে বললেন, ‘‘আমি তোমার জন্য খুবই দুঃখিত।’’ আমি বললাম, আপনি দুঃখিত আমার জন্য? কিন্তু ছেলে তো হারিয়েছেন আপনি! জবাবে তিনি বললেন, ‘‘কিন্তু তুমি তো তোমার ভাইকে হারিয়ে ফেলেছ।’’’

প্রসঙ্গত, তুমুল জনপ্রিয় ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের সপ্তম ছবিতে ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করছিলেন পল ওয়াকার। অ্যাকশন ঘরানার ছবিটির পরিচালক জেমস ওয়ান। এর বিভিন্ন চরিত্রে রয়েছেন ভিন ডিজেল, ডোয়েন জনসন, মিশেল রড্রিগজ, জেসন স্ট্যাথাম, কার্ট রাসেল প্রমুখ। ভিন ডিজেল ও নিল মরিটজ প্রযোজিত ছবিটি ২০১৪ সালের ১১ জুলাই মুক্তি পাওয়ার কথা থাকলেও পলের মৃত্যুর পর মুক্তির তারিখ অনিশ্চিত হয়ে পড়েছে।

সাবেক প্রেমিকা রেবেকো ম্যাকব্রেইনের সঙ্গে একটি কন্যাসন্তান আছে পল ওয়াকারের। তাঁদের একমাত্র মেয়ে মিডো রেইনের বয়স ১৫ বছর।