ব্রিটনির রেকর্ড ভঙ্গ
দীর্ঘদিন পর পপগায়িকা ব্রিটনি স্পিয়ার্সের নতুন ট্র্যাক ‘হোল্ড ইট অ্যাগেইনস্ট মি’ গত সপ্তাহে মুক্তি পেয়েছে। আর মুক্তির প্রথম দিনেই এটি রেডিও সম্প্রচারে সব ধরনের রেকর্ড ভঙ্গ করেছে। উচ্চতাল সমৃদ্ধ ব্রিটনির এই গান রেডিওতে একদিনে সর্বাধিক বাজার রেকর্ড গড়েছে। সংগীত-সংশ্লিষ্ট মার্ক ম্যককেভ বলেন, ‘বিষয়টা আসলেই অবিশ্বাস্য। কোনো একক গানের অ্যালবাম মুক্তির প্রথম দিনেই ৫৯৫ বার বাজানোর ব্যাপারটা সত্যিই সবাইকে অবাকই করেছে। এ ছাড়া আমেরিকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান থেকেও ব্রিটনির অ্যালবামটির ব্যাপারে বেশ সাড়া পাওয়া যাচ্ছে।সপ্তাহের শুরুতে অ্যালবামটি প্রকাশিত হওয়ার পর সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক এবং টুইটারেও ব্যাপক সাড়া পাওয়া যায় বলে জানা গেছে।আরও জানা গেছে, ব্রিটনির সদ্য প্রকাশিত অ্যালবামটির পাইরেট কপি নিয়ে ভক্ত-শ্রোতাদের মধ্যে মাতামাতির কমতি ছিল না। আর আনুষ্ঠানিকভাবে মুক্তির পর এ আগ্রহটা বেড়ে যায় অনেক গুণ। ধারণা করা হচ্ছে, ব্রিটনির নতুন অ্যালবাম হোল্ড ইট অ্যাগেইনস্ট মি বড় ধরনের সাফল্যের দিকেই এগোচ্ছে। ব্রিটনির নতুন এই অ্যালবামটির জন্য গীতিকার, সুরকার ও গায়ক লিউক এবং ম্যাক্স মার্টিন বেশ কিছু নতুন সুর সৃষ্টি করেছেন।এদিকে কেউ কেউ বলছেন, ফেব্রুয়ারিতে লেডি গাগার প্রকাশিতব্য অ্যালবামের সঙ্গে এক ধরনের প্রতিযোগিতায় লিপ্ত হতে হবে ব্রিটনির হোল্ড ইট অ্যাগেইনস্ট মিকে।