ব্রিটিশ আইনজীবীর প্রেমে মজেছেন জর্জ ক্লুনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জর্জ ক্লুনি-অমল
জর্জ ক্লুনি-অমল

সম্প্রতি অস্কারজয়ী হলিউডের অভিনেতা জর্জ ক্লুনির নতুন প্রেমিকার খবর জানিয়েছে ই-অনলাইন। ৫২ বছর বয়সী ক্লুনির নতুন প্রেমিকার নাম অমল আলমুদ্দিন। ব্রিটিশ আইনজীবী অমলের বয়স ৩৬ বছর। সিসিলি দ্বীপপুঞ্জের সমুদ্রসৈকতে ঘুরে বেড়ানোর সময় নতুন এ জুটি ক্যামেরাবন্দী হওয়ার পরই মূলত তাঁদের প্রেমের খবর জনসমক্ষে ফাঁস হয়েছে।
এ প্রসঙ্গে ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ছুটি কাটাতে দক্ষিণ আফ্রিকা গিয়েছিলেন ক্লুনি ও অমল। অবকাশযাপন শেষে সম্প্রতি দক্ষিণ আফ্রিকা ছেড়েছে এই প্রেমিক যুগল। নতুন প্রেমিকাকে নিয়ে দারুণ সময় কাটাচ্ছেন ক্লুনি। অমল খুবই চটপটে ও সুন্দরী একজন মেয়ে। ক্লুনি তাঁর নতুন প্রেমিকার সঙ্গ দারুণ উপভোগ করছেন। যতটা সম্ভব প্রেমিকার কাছাকাছি থাকার চেষ্টা করছেন তিনি।
পেশাদার রেসলার ও মডেল স্টেসি কেইবলারের সঙ্গে ২০১৩ সালে প্রেমের ইতি টানেন ক্লুনি। একই বছরের অক্টোবরে লন্ডনে অমল ও ক্লুনিকে প্রথম একসঙ্গে দেখা যায়। চলতি বছরের ফেব্রুয়ারিতে মুক্তি পেয়েছে জর্জ ক্লুনি পরিচালিত ও অভিনীত চলচ্চিত্র ‘দ্য মনুমেন্টস মেন’। হোয়াইট হাউসে ছবিটির বিশেষ প্রদর্শনীতে ক্লুনির সঙ্গে অমলকেও দেখা যায়। তখন থেকেই এই জুটির প্রেমের গুঞ্জন চলছিল হলিউডে।