ব্রিটিশ এয়ারওয়েজের ওপর ক্ষুব্ধ ওস্তাদ আমজাদ আলী

সম্প্রতি লন্ডন থেকে দিল্লি ফেরার পথে দীর্ঘ ৪৫ বছরের সঙ্গী সরোদটি খোয়া যাওয়ায় ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষের ওপর বেজায় চটেছেন ভারতের প্রখ্যাত শাস্ত্রীয় সংগীতজ্ঞ ও সরোদ বাদক ওস্তাদ আমজাদ আলী খান।
রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন ও কর্ম নিয়ে যুক্তরাজ্যের ডার্টিংটন কলেজ আয়োজিত একটি অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নিতে সম্প্রতি লন্ডনে যান আমজাদ আলী। এ সফরে তাঁর সঙ্গী ছিলেন স্ত্রী শুভলক্ষ্মী। অনুষ্ঠান শেষে লন্ডন থেকে স্ত্রীকে নিয়ে ব্রিটিশ এয়ারওয়েজের একটি বিমানে চেপে দিল্লি ফেরেন তিনি। দিল্লি বিমানবন্দরে অবতরণের পর তিনি জানতে পারেন, তাঁর সরোদটি খোয়া গেছে।
এ ঘটনায় ব্রিটিশ এয়ারওয়েজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন আমজাদ আলী। যেকোনো উপায়ে সরোদটি ফেরত চান তিনি। তবে কোনো ক্ষতিপূরণ নেবেন না বলেই জানিয়েছেন প্রখ্যাত এ সংগীতব্যক্তিত্ব।
এ প্রসঙ্গে ক্ষুব্ধ আমজাদ আলীর ভাষ্য, ‘দিল্লি বিমানবন্দরে নেমে আমার সরোদটি খুঁজে পাইনি। চার-পাঁচ ঘণ্টা আমি সরোদটির জন্য অপেক্ষা করি। কিন্তু অমূল্য বাদ্যযন্ত্রটির কোনো খোঁজই দিতে পারেনি বিমানবন্দর কর্তৃপক্ষ। আমাকে জানানো হয়, ব্রিটিশ এয়ারওয়েজের পরবর্তী ফ্লাইটে সরোদটি আসার সম্ভাবনা রয়েছে। কিন্তু ঘটনার ৪৮ ঘণ্টা পরও সরোদটির কোনো খবর আমি পাইনি।’
ব্রিটিশ এয়ারওয়েজের প্রতি ক্ষোভ প্রকাশ করে ওস্তাদ আমজাদ আলী খান আরও বলেন, ‘এত বড় এয়ারলাইনস কর্তৃপক্ষ কীভাবে এতটা দায়িত্বজ্ঞানহীন হতে পারে!’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই।
যত দ্রুত সম্ভব সরোদটি খুঁজে বের করে তাঁর কাছে পৌঁছে দেওয়ার জন্য জোর দাবি জানিয়েছেন আমজাদ আলী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘যেকোনো উপায়ে সরোদটি ফেরত চাই আমি। কারণ, এটি আমার কাছে কেবল অমূল্য বাদ্যযন্ত্রই নয়, জীবনের অবিচ্ছেদ্য অংশও বটে। ৪৫ বছর ধরে শ্রোতা-দর্শকদের সঙ্গে এই সরোদের মাধ্যমেই আমার যোগাযোগ স্থাপিত হয়েছে। সরোদটি হারিয়ে গেলে তাঁদের সঙ্গে কীভাবে আমার যোগাযোগ হবে!’
এদিকে এ ঘটনায় ক্ষমাপ্রার্থনা করেছে ব্রিটিশ এয়ারওয়েজ কর্তৃপক্ষ। এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র বলেন, ‘হিথ্রো বিমানবন্দরে লাগেজ ব্যবস্থাপনা নিয়ে কিছু সমস্যা হচ্ছে। আমরা সমস্যা সমাধানের জন্য রাত-দিন কাজ করে যাচ্ছি। অনেকেই তাঁদের লাগেজ খুঁজে না পাওয়ার অভিযোগ জানিয়েছেন। যত দ্রুত সম্ভব লাগেজগুলো ফেরত দেওয়ার যথাসাধ্য চেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। অপ্রত্যাশিত এমন ঘটনার জন্য ভুক্তভোগীদের কাছে আমরা ক্ষমাপ্রার্থী।’