ব্রিটিশ চিত্রশিল্পীর প্রেমে মজেছেন প্যাটিনসন!

এবার ব্রিটিশ চিত্রশিল্পী নেটি ওয়েকফিল্ডের সঙ্গে ‘টোয়াইলাইট’খ্যাত ব্রিটিশ অভিনেতা রবার্ট প্যাটিনসনের প্রেমের খবর চাউর হয়েছে। বড়দিন ও বর্ষবরণ উত্সবের সময়টাতে লন্ডনের একাধিক পানশালায় নতুন এ জুটিকে বেশ কয়েকবার একসঙ্গে দেখা যাওয়ার পর তাঁদের প্রেমের জোর গুঞ্জন ছড়িয়েছে।
ইদানীং ২৭ বছর বয়সী প্যাটিনসন ও ২৬ বছর বয়সী ওয়েকফিল্ডের ঘনিষ্ঠতা অনেকেরই নজর কেড়েছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে কন্ট্যাক্টমিউজিক জানিয়েছে, সম্প্রতি একটি পানশালায় তাঁদের বেশ অন্তরঙ্গভাবে মিশতে দেখা গেছে। তাঁরা একে অন্যের সঙ্গ দারুণ উপভোগ করছিলেন। ওয়েকফিল্ডের চুল এলোমেলো করে দিয়ে তাঁকে চটানোর চেষ্টা করছিলেন প্যাটিনসন। নানা খুনসুটির মাধ্যমে তাঁরা দুজনই একে অপরকে পটানোর চেষ্টায় ব্যস্ত ছিলেন। খেলার ছলে মারামারি করার পাশাপাশি বাচ্চাদের মতো ফিক ফিক করে হাসতেও দেখা যায় তাঁদের।
তুমুল জনপ্রিয় ‘টোয়াইলাইট’ সিরিজের প্রতিটি ছবিতেই জুটি বেঁধে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন ও ক্রিস্টেন স্টুয়ার্ট। ২০০৮ সালে মুক্তি পাওয়া সিরিজের প্রথম ছবিতে অভিনয় করতে গিয়েই প্রণয়ের সম্পর্কে জড়ান তাঁরা। বছরের পর বছর ধরে পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও সফল জুটি হিসেবে উচ্চারিত হয় তাঁদের নাম।
২০১২ সালে ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ ছবির নির্মাতা রুপার্ট স্যান্ডারস ও ক্রিস্টেনের পরকীয়ার খবর ও ছবি ফাঁস হওয়ার পর ঝড় ওঠে ক্রিস্টেন-প্যাটিনসনের সম্পর্কে। পরে বেশ কয়েকবার সম্পর্ক ভাঙাগড়ার খেলায় মেতেছেন এ তারকা প্রেমিক যুগল। গত বছরের ১৩ মে ছিল প্যাটিনসনের ২৭তম জন্মদিন। ওই দিন ক্রিস্টেনকে পাঠানো রুপার্টের একটি এসএমএস চোখে পড়ার পর ক্রিস্টেনের সঙ্গে দীর্ঘদিনের প্রেমের চূড়ান্ত ইতি টানেন প্যাটিনসন।
ক্রিস্টেনের সঙ্গে বিচ্ছেদের পর একাধিক নারীর সঙ্গে প্যাটিনসনের প্রেমের খবর চাউর হয়েছে। তাঁর নতুন প্রেমিকার তালিকায় ‘দ্য কিং অব রক অ্যান্ড রোল’ এলভিস প্রিসলির নাতনি ও মার্কিন অভিনেত্রী রাইলি কেওফ এবং হলিউডের অভিনেতা শন পেনের মেয়ে ও মডেল ডিলান পেনের নামও ঠাঁই পেয়েছিল। এবার সে তালিকায় যুক্ত হল নেটি ওয়েকফিল্ডের নাম।