ব্রিটিশ নির্মাতার চলচ্চিত্রে রুহি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ বংশোদ্ভূত বাঙালি পরিচালক মুনসুর আলীর ছবিতে অভিনয় করবেন রুহি। ছবির নাম সংগ্রাম। ৮ অক্টোবর থেকে সিলেটের জগন্নাথপুর এলাকায় ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। রুহি বলেন, ‘বাংলাদেশে জন্ম, কিন্তু ব্রিটিশ নাগরিক করিম লন্ডনের একটি টিভি চ্যানেলের মুখোমুখি হয়। সে নিজের প্রেমের গল্প শোনায়। আর এর পাশাপাশি তার বর্ণনায় উঠে আসে মুক্তিযুদ্ধের সময়কার বিভিন্ন ঘটনা। ছবিতে করিম চরিত্রে অভিনয় করবেন আমান। তাঁর বিপরীতে অভিনয় করব আমি।’ সম্প্রতি গ্ল্যামার নামে কলকাতার একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন রুহি; জানালেন, কলকাতায় ছবিটির শুটিং শুরু হবে ডিসেম্বর মাসে। রুহি বলেন, ‘ভেবেছিলাম গ্ল্যামার হবে আমার প্রথম চলচ্চিত্র। কিন্তু তার আগেই সংগ্রাম ছবির কাজ শুরু হচ্ছে।’সংগ্রাম ছবির কাহিনি লিখেছেন এবং পরিচালনা ও প্রযোজনা করছেন মুনসুর আলী। ছবিটি তৈরির জন্য সম্প্রতি বাংলাদেশে এসেছেন তিনি; বললেন, ‘বাংলাদেশের চলচ্চিত্রে মুক্তিযুদ্ধ নানাভাবে উঠে এসেছে। আমি একটি ব্রিটিশ ছবিতে মুক্তিযুদ্ধকে তুলে ধরতে চাইছি। ছবির সংলাপে বাংলা ও ইংরেজি ভাষা ব্যবহার করা হবে।’