অমিতাভ-রেখা, আমির-জুহি, শাহরুখ-কাজলকে নিয়ে ছবি করলেই ছবি মার মার কাট কাট হিট। এই ফর্মুলা থেকে কিছুটা হলেও সরে এসেছেন আজকের নির্মাতারা। আজকাল দর্শক প্রতিনিয়ত নতুনত্ব খোঁজে। সেই নতুনত্বের স্বাদ দিতেই দীপিকা পাড়ুকোন প্রতি ছবিতে নায়ক বদল করেন। দীপিকার নতুন ছবি ব্রেক কে বাদ-এর নায়ক ইমরান খান। রণবীর, সোনম, আনুশকা, নিল, অসিন, জেনেলিয়া প্রমুখের পাশাপাশি ইমরান-দীপিকাকে মানা হয় ‘জেন নেক্সট সুপারস্টার’ অর্থাৎ পরবর্তী প্রজন্মের বড় তারকা হিসেবে। অবশ্য তুলনার নিক্তিতে ইমরানের চেয়ে দীপিকার সাফল্যের পাল্লা ভারী। বয়সে তিন বছরের ছোট হলেও দীপিকা অভিনয়েও ইমরানের সিনিয়র। প্রথম ছবি ওম শান্তি ওম (২০০৭) ছিল সে বছরের সবচেয়ে বড় ব্লকবাস্টার হিট। ২০০৮ সালে ইমরানের প্রথম ছবি জানে তু ইয়া জানে না ছিল অন্যতম ব্লকবাস্টার হিট। তবে বক্স অফিসের হিসাব অনুযায়ী, দীপিকার প্রথম ছবির তুলনায় ইমরানের প্রথম ছবি বেশ পিছিয়ে। দীপিকার এ যাবৎ মুক্তি পাওয়া সাতটি ছবির মধ্যে চারটিই সফল (ওম শান্তি ওম, লাভ আজকাল, হাউসফুল, বাচ না অ্যাই হাসিনো)। এমনকি লাফাঙ্গে পারিন্দে, কার্তিক কলিং কার্তিকও লোকসানের মুখ দেখেনি। তুলনায় ইমরানের মুক্তি পাওয়া চারটি ছবির দুটি সফল (জানে তু ইয়া জানে না, আই হেইট লাভ স্টোরিজ)। দীপিকার ঝুলিতে ব্রেক কে বাদ ছাড়াও আছে খেলে হাম জি জান সে (অভিষেক), রেস টু (সাইফ, জন, অনিল), দেশি বয়জ (অক্ষয়, জন, সঞ্জয় দত্ত), হীরা অ্যান্ড রাঞ্ঝা (শহীদ) এবং বিশাল ভরদ্বাজের ছবি (সাইফ)। ইমরানের হাতে আছে শর্ট টার্ম শাদি (কারিনা) এবং মেরে ব্রাদার কি দুলহান (ক্যাটরিনা, প্রীতি)। দীনেশ-হোমির পরবর্তী ছবিতেও দীপিকা-ইমরানের একসঙ্গে কাজ করার কথা। আমির খানের ভাগ্নে হিসেবে সুপরিচিত ইমরান খান। তবে দীপিকাকে বাবা বিশ্বখ্যাত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন প্রকাশ পাড়ুকোনের নামে পরিচিত হতে হয়নি। মডেলিং ক্যারিয়ারের মধ্যগগনে থাকা অবস্থাতেই চলচ্চিত্রে পা রাখেন পাঁচ ফুট সাড়ে আট ইঞ্চি উচ্চতার এই দীর্ঘাঙ্গী সুন্দরী। ইমরান বলেন, দীপিকার সবচেয়ে ভালো গুণ কাজের প্রতি তাঁর আন্তরিকতা ও সততা। একটি ভালো কাজের জন্য সব ধরনের ত্যাগ স্বীকার করার মানসিকতা রাখেন তিনি। ব্রেক কে বাদ ছবির শুটিংয়ে ১০৪ ডিগ্রি জ্বরে পড়েছিলেন। কিন্তু কাউকে কিছু বুঝতে না দিয়ে টানা শুটিং করে গেছেন। দীপিকার ভাষায়, ইমরান ‘সুইট’ একটি ছেলে। নায়ক হিসেবে ইমরানের মতো অভিনেতা যেকোনো অভিনেত্রীর কাম্য। ব্রেক কে বাদ ছবির শুটিংয়ের সময়ই দীপিকার ‘ব্রেক আপ’ হয়েছিল রণবীর কাপুরের সঙ্গে। এ সময় ইমরানই বন্ধুর মতো হাত বাড়িয়ে দিয়েছিলেন দীপিকাকে। প্রেম নিয়ে দীপিকার অভিমত, ‘সম্পর্ককে একটা নির্দিষ্ট সময় পর চর্চা করার প্রয়োজন পড়ে। কোনো সম্পর্ককে ফেলে রাখলে তার ভবিষ্যৎ অন্ধকার। আমি আমার সম্পর্কের ব্যাপারে সব সময় সৎ ছিলাম। এ কারণে অনুতপ্তও নই।’ কথাগুলো কি রণবীরের উদ্দেশে বলা? দীপিকা এবার চুপ। শুধু এটুকু বলেন, ‘জীবনে আমি সবচেয়ে বড় ভুল করেছি রণবীরের সঙ্গে প্রেমের কথা স্বীকার করে। আমি ভবিষ্যতে কখনোই আর ব্যক্তিগত কোনো বিষয় নিয়ে মুখ খুলব না।’ এ কারণেই সিদ্ধার্থ মাল্যর সঙ্গে নতুন প্রেম নিয়ে মুখে কুলুপ এঁটে বসে আছেন দীপিকা। যদিও ইন্ডাস্ট্রির কাছে এ দুজনের সম্পর্ক এখন ‘ওপেন সিক্রেট’। তবে রণবীর প্রসঙ্গে দীপিকা বলেন, ‘আমি রণবীরের ভক্ত ছিলাম, আছি, থাকব। এখনো মুখিয়ে আছি ওর সঙ্গে কাজ করার জন্য। সামনে রণবীরের সঙ্গে ওয়ার্ল্ড ট্যুর কনসার্টেও যাওয়ার কথা চলছে।’ ইমরান খান অবশ্য এসব গুঞ্জন থেকে অনেক দূরে। এ বছরের শুরুর দিকে দীর্ঘদিনের প্রেমিকা অবন্তিকার হাতে আংটি পরিয়েছেন তিনি। আগামী ১৬ জানুয়ারি দেশের বাইরে বিয়ের পিঁড়িতে বসবেন দুজন। ইমরান অবশ্য জানান, সাত বছরের সম্পর্কে বেশ কয়েকবার স্বল্পকালীন ‘ব্রেক আপ’ হয়েছিল তাঁদের। ‘ব্রেক আপ’-এর যন্ত্রণা হাড়ে হাড়ে টের পেয়েছেন বলেই ব্রেক কে বাদ ছবিতে কাজ করতে সুবিধা হয়েছে। ব্রেক কে বাদ মুক্তি পাবে ২৬ নভেম্বর। রুম্মান রশীদ খান তথ্যসূত্র: ওয়েবসাইট