ব্রোঞ্জ ও কাঠে নান্দনিক সুষমা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারি অ্যাথেনায় শিল্পী হামিদুজ্জামান খানের ‘আর্থলি ট্রেজার্স’ শীর্ষক প্রদর্শনীর শিল্পকর্ম দেখছেন দর্শক   প্রথম আলো
গ্যালারি অ্যাথেনায় শিল্পী হামিদুজ্জামান খানের ‘আর্থলি ট্রেজার্স’ শীর্ষক প্রদর্শনীর শিল্পকর্ম দেখছেন দর্শক প্রথম আলো

ব্রোঞ্জ ও কাঠের দৃষ্টিনন্দন ভাস্কর্য, সঙ্গে জলরং আর অ্যাক্রিলিকের একগুচ্ছ চিত্রকলা নিয়ে গতকাল শনিবার শুরু হলো দেশের বিশিষ্ট ভাস্কর হামিদুজ্জামান খানের একক শিল্পকর্ম প্রদর্শনী। বাড্ডার প্রগতি সরণির গ্যালারি অ্যাথেনাতে ‘আর্থলি ট্রেজার্স’ নামের এই প্রদর্শনীতে মোট শিল্পকর্ম রয়েছে ৬০টি। এটি শিল্পীর ৩০তম একক প্রদর্শনী।
সন্ধ্যায় প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীর, অধ্যাপক নজরুল ইসলাম, শিল্পী সমরজিৎ রায় চৌধুরী, সামিট গ্রুপের চেয়ারম্যান আজিজ খান, সাবেক রাষ্ট্রদূত মাহাবুব আলম ও স্থপতি মুস্তাফা খালিদ।
বড় আকারের ভাস্কর্যগুলো সেগুন কাঠের। নর-নারীর অবয়ব আছে বিভিন্ন ভঙ্গির। আর আছে বৃত্ত, অর্ধবৃত্ত এমন কিছু জ্যামিতিক আকৃতি। বিমূর্ত ধাঁচের এই কাজগুলোতে তিনি প্রাধান্য দিয়েছেন কাঠের নিজস্ব সৌন্দর্যকে ফুটিয়ে তোলাকে। শিল্পী জানালেন, ‘বাকলে ঢাকা থাকায় আমরা সাধারণত গাছের ভেতরের সৌন্দর্যকে তেমন দেখতে পাই না। আসবাব তৈরি করার পর বার্নিশ দিয়ে ঢেকে দেওয়া হয়। অথচ প্রতিটি গাছের ভেতরে আলদা রং, আঁশের বিন্যাস ও টেক্সচার মিলেমিশে প্রকৃতি এক অসাধারণ সৌন্দর্য সৃষ্টি করে রেখেছে।’ কাঠের এই সৌন্দর্যকেই একটু ভিন্ন আঙ্গিকে দর্শকদের সামনে তুলে আনার চেষ্টা করা হয়েছে কাঠের কাজগুলোতে। তাঁর এবারের এই কাজগুলো নতুন আঙ্গিকের। এ ছাড়া কাঠের একটি চমৎকার স্থাপনাও আছে গ্যালারির এক কোনায়। চেলা কাঠের টুকরো নীল রং করে গেঁথে দেওয়া হয়েছে স্টেইনলেস স্টিলের সরু পাইপের সঙ্গে। এরপর সেগুলো ঝুলিয়ে দেওয়া হয়েছে ছাদ থেকে। মাঝখানে ঝুলছে ডিম্বাকৃতির একটি তামার ফলক। বেশ অন্য রকম লাগে দেখতে।
ব্রোঞ্জের ছোট আকারের ভাস্কর্যগুলোর কিছু অবয়বধর্মী, কিছু বিমূর্ত রীতির। অ্যাক্রিলিকের চিত্রকর্মের একটিতে রয়েছে ভাস্কর্যগুলোর আকৃতির দ্বিমাত্রিক বিন্যাস। লাল-কালো-সবুজ রঙে নিসর্গের আবহ ফুটিয়ে তোলা হয়েছে কিছু কাজে। হামিদুজ্জামান খান জলরঙের কাজেও সিদ্ধহস্ত। নতুন মাত্রা এসেছে তাঁর জলরঙের কাজেও। কালোকে প্রাধান্য দিয়ে করা এসব কাজে সরাসরি ভূপ্রাকৃতিক দৃশ্য না এঁকে তিনি দৃশ্যকে ভেঙে দিয়ে তার আদল ও পরিসর নিয়ে নিরীক্ষাধর্মী কাজ করেছেন। সব মিলিয়েই শিল্পী দর্শকদের নতুন ধরনের কাজ দেখার সুযোগ করে দিয়েছেন এই প্রদর্শনীতে। প্রদর্শনী চলবে ৩১ মার্চ পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।