কর্মশালা শেষ, সবাই যেন হাঁফ ছেড়ে বাঁচল। বিশেষ করে যারা শারীরিক অনুশীলনে অনুৎসাহী। বিষয়টা নির্দেশকের দৃষ্টি এড়ায়নি। মনে মনে ভাবছিলেন কিছু বলবেন, কিন্তু কীভাবে শুরু করবেন ঠিক বুঝতে পারছিলেন না। সুযোগটা করে দিলেন নাট্যকার, ‘মনে হচ্ছে আপনি কিছু বলতে চান।’ নির্দেশকের ঝটপট উত্তর, ‘হ্যাঁ, ভাবছি কোথা থেকে শুরু করব? কাল একটা পুরোনো নাটক পড়ছিলাম, সেখানে এক জায়গায় ব্র্যাকেটের মাঝে লেখা “পদাঘাত, পতন ও মূর্ছা”। নাট্যকার এখানে কিছু অ্যাকশনের কথা বলছেন। অনেক নাটকে এ রকম দু-চারটা নাট্যক্রিয়ার উল্লেখ থাকে। পদাঘাত, পতন আর মূর্ছা ছাড়াও নানা রকম অ্যাকশন নাট্যকারের সংক্ষিপ্ত নির্দেশনায় থাকতে পারে।’ নাট্যকার ঠিক বুঝতে পারছিলেন না, নির্দেশক ঠিক কী বলতে চান, তাই প্রশ্ন করে বসলেন, ‘আপনি ঠিক কী বলতে চান বুঝতে পারছি না।’ নির্দেশক মৃদু হাসলেন, ‘যা বলতে চাই, তা এখনো বলা হয়নি, শুনুন। নাট্যকার ব্র্যাকেটে লিখে দিলেন আর একজন অভিনেতা তা-ই করে বসলেন, কাজটা হলো ঠিকই কিন্তু অভিনয়টা হলো না। কেন হলো না? হলো না এ কারণে যে কাজটা হলো যান্ত্রিক। যুক্তিসংগত হয়নি। এই কথাটিই আমি সেদিন বলতে চেয়েছিলাম কিন্তু সময়াভাবে বলা হয়নি। যা হোক, যা বলতে চাইছি তা হলো, মঞ্চের প্রতিটি ক্রিয়ার পেছনেই থাকতে হবে ইনটেনশন ও মোটিভেশন। একটা উদ্দেশ্য থাকতে হবে আর থাকতে হবে একটা চালিকাশক্তি। এ দুটো যখন একে অন্যকে সাহায্য করবে তখনই পদাঘাত, পতন আর মূর্ছা একটি অর্থ পাবে। অভিনয়টা হবে।’একজন সদস্য বিষয়টা বুঝতে পারছিলেন না। তিনি সরাসরি জিজ্ঞেস করলেন, ‘এটা কীভাবে করব?’ নির্দেশক একটু ভাবলেন। তারপর দুজন অভিনেতাকে দাঁড় করিয়ে দিয়ে বললেন, ‘তোমরা দুজন অভিনেতা, একজন ঘর থেকে বেরিয়ে যেতে চাইছ, আরেকজন যেতে বাধা দিচ্ছ, এটুকু তোমরা অভিনয় করে দেখাও।’অভিনেতাদ্বয় নির্দেশকের নির্দেশমতো অভিনয়টি করে দেখালেন। নির্দেশক বললেন, ‘তোমরা একটু ভেবে কাজটা করো তো?’ অভিনেতা দুজন আবার কাজটি করে দেখালেন। এবার নির্দেশক সবার কাছে জানতে চাইলেন, ‘কোন অভিনয়টি ভালো হয়েছে?’ সবাই দ্বিতীয়বারের অভিনয়ের পক্ষে রায় দিলেন। অভিনেতা দুজনের মুখের দিকে তাকিয়ে নির্দেশক জানতে চাইলেন, ‘এবার তোমরা বলো, দুটো অভিনয়ে এই পার্থক্য কেন হলো?’তাঁরা এবার তাঁদের কথা বললেন। প্রথমজন বললেন, ‘প্রথমবার আমি তেমন কিছু ভাবিনি, আমার লক্ষ্য ছিল শুধু দরজা দিয়ে বেরিয়ে যাব।’ দ্বিতীয়জন বললেন, ‘আমার ভাবনায় ছিল ওকে আমি যেতে দেব না, এই পর্যন্তই।’ নির্দেশক এবার জানতে চাইলেন, ‘দ্বিতীয়বার কী ভেবেছিলে?’প্রথমজনের উত্তর, ‘ও আমার বন্ধু, কিন্তু কোনো একটা কারণে আমি ওর ওপর রেগে আছি। ও যখন আমার সামনে এল, তখন আমার রাগ আরও বেড়ে গেল, আমি ওর সামনে থেকে চলে যেতে চাইলাম।’ এবার দ্বিতীয়জনের কথা জানতে চাইলেন নির্দেশক। তাঁর উত্তর, ‘আমার মনে হচ্ছিল, কোনো একটা কারণে ওর মেজাজ ঠিক নেই, ওকে শান্ত করা দরকার, না হলে হয়তো একটা ঝামেলা বাধিয়ে বসবে, তাই ওকে যেতে বাধা দিলাম।’নির্দেশক এবার বলতে শুরু করলেন, ‘আমি ঠিক এ কথাই বলতে চাইছিলাম। তোমাদের দুজনের অ্যাকশনের পেছনেই ছিল একটা কার্যকারণ সূত্র, যেটাকে আমরা বলতে পারি চালিকাশক্তি, একটা মোটিভেশনাল ফোর্স। এই চালিকাশক্তিই তোমাদের দ্বিতীয়বারের অভিনয় প্রাণবন্ত করেছে। তুমি তোমার অ্যাকশনকে আরও বেশি গতিশীল ও প্রাণবন্ত করতে চাইলে তোমাকে আরও ভাবতে হবে। এই যেমন ধরো তুমি কে, কোথা থেকে এসেছ, তুমি কেন রেগে আছ আর কেনই বা তুমি ঘর ছেড়ে চলে যেতে চাও ইত্যাদি।’ নির্দেশক এবার নাট্যকারের দিকে একটা তির্যক দৃষ্টিতে তাকালেন, ‘নাট্যকার কিন্তু ব্র্যাকেটে পদাঘাত, পতন আর মূর্ছা এটুকু লিখেই খালাস। বাকি কাজটুকু কিন্তু করতে হবে অভিনেতাকেই। আজ এ পর্যন্তই থাক, এবার একটু চা খাওয়া যাক।’