ব্র্যাঞ্জেলিনা জুটির নতুন ছবি

২০০৫ সালে মুক্তি পাওয়া ‘মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ’ ছবিতে জুটি বেঁধে অভিনয় করতে গিয়ে প্রণয়ে জড়ান হলিউডের বহুল আলোচিত তারকা যুগল অ্যাঞ্জেলিনা জোলি ও ব্র্যাড পিট। ছয় সন্তান নিয়ে এক ছাদের নিচেই বসবাস করছেন তাঁরা। বছর দুয়েক আগে বাগদানও সেরেছেন পিট-জোলি। বাস্তব জীবনে জুটি হলেও প্রায় এক দশক ধরে বড় পর্দায় অনুপস্থিত তাঁরা। দীর্ঘ বিরতির পর অবশেষে আবার বড় পর্দায় জুটি বেঁধে অভিনয় করতে যাচ্ছেন ব্র্যাঞ্জেলিনা।
কয়েক বছর আগেই ছবিটির চিত্রনাট্য লেখার কাজ শেষ করেন অস্কারজয়ী হলিউডের অভিনেত্রী ও নির্মাতা অ্যাঞ্জেলিনা জোলি। ছবিটি নিরীক্ষাধর্মী শিল্পকর্ম হবে বলেই জানিয়েছেন ৩৮ বছর বয়সী এ তারকা অভিনেত্রী।
এ প্রসঙ্গে জোলি বলেন, ‘বছর কয়েক আগে ব্র্যাড ও আমার জন্য এটি লিখেছিলাম আমি। আত্মতুষ্টি ও স্বাধীন শিল্পচর্চার জন্যই আমার এ ক্ষুদ্র প্রয়াস। সম্পূর্ণ নিরীক্ষাধর্মী একটি কাজ হবে এটি।’ সম্প্রতি এক খবরে এমনটিই জানিয়েছে কন্ট্যাক্টমিউজিক।
২০১১ সালে মুক্তি পায় জোলি পরিচালিত প্রথম ছবি ‘ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি’। বসনিয়া যুদ্ধের প্রেক্ষাপটে ভালোবাসার গল্পনির্ভর ছবিটির কাহিনি ও চিত্রনাট্যও লেখেন জোলি। তিনি টিম হেডিংটন, গ্রাহাম কিং ও টিম মুরের সঙ্গে যৌথভাবে ছবিটি প্রযোজনাও করেন। পিটের সঙ্গে পরবর্তী ছবিতে জুটি বেঁধে অভিনয়ের কথা জানালেও, ছবিটির পরিচালকের আসনে বসবেন কি না, তা নিশ্চিত করেননি জোলি।
এদিকে শিগগির মুক্তি পাচ্ছে জোলি অভিনীত নতুন ছবি ‘মেলফিসেন্ট’। ডার্ক ফ্যান্টাসি ও অ্যাডভেঞ্চার ঘরানার ছবিটিতে জোলির পাশাপাশি তাঁর পাঁচ বছর বয়সী মেয়ে ভিভিয়েনও অভিনয় করেছে। ত্রিমাত্রিক প্রযুক্তিতে নির্মিত ছবিটির পরিবেশক সংস্থা ওয়াল্ট ডিজনি স্টুডিওস মোশন পিকচার্স। যুক্তরাষ্ট্রে ‘মেলফিসেন্ট’ মুক্তি পাচ্ছে ৩০ মে।