ব্র্যাড পিটের দুনিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুনিয়ার আকর্ষণীয় পুরুষদের দৌড়ে তিনি আছেন একদম সামনের কাতারে। জীবনসঙ্গিনীও তাঁর আরেক বড় তারকা। এ ছাড়া একাধিক সন্তান দত্তক নেওয়া কিংবা আর্তজনের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে আলোচনার টেবিলে তিনি আছেন বারো মাস। তিনি ব্র্যাড পিট। আগামীকাল ২৩ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে তাঁর নতুন ছবি মানিবল। একজন সাধারণ বেসবল খেলোয়াড়ের ভূমিকায় দেখা যাবে তাঁকে। পরবর্তী সময়ে যিনি নিজের প্রচেষ্টায়, হাজারো ঝড়ঝাপ্টা সামলে গড়ে তুলবেন নতুন এক বেসবল দল। দায়িত্ব নেবেন সেই দলের মহাব্যবস্থাপক হিসেবে। সত্যি ঘটনা এবং মাইকেল লিউইসের লেখা উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছে এই ছবি। ছবির সমালোচনার আগে ব্যক্তিগত বিষয় নিয়ে সমালোচনার ছোটখাটো একটা ঝড় বয়ে গেল তাঁর নিজের ওপর দিয়েই। ১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের প্যারাডে ম্যাগাজিনে এক সাক্ষাৎকার দিয়েছিলেন পিট। সেখানে সাবেক স্ত্রী জেনিফার অ্যানিস্টনকে নিয়ে করা এক মন্তব্যেই ছিল সমালোচনার বারুদ। শেষমেশ যুক্তি খণ্ডন করে সমালোচনার আগুনে পানি ঢেলেছেন এই তারকা। সেই সাক্ষাৎকারের নির্বাচিত কিছু অংশ পড়ুন এবার—ছেলেবেলায় বেসবল খেলেছেন?বেসবলের চেয়ে বাস্কেটবলই বেশি খেলতাম। তা ছাড়া আমাদের বাড়ির পেছনে ফুটবলের মাঠ ছিল। সেখানেও যেতাম। মনে আছে, স্কুলে পড়ার সময় একবার বেসবল খেলতে গিয়ে গাল কেটে গিয়েছিল, ১৮টা সেলাই পড়েছিল তাতে! তার পরও, বেসবল দারুণ উত্তেজনায় ঠাসা একটা খেলা, এটা বলতেই হবে।মা হিসেবে অ্যাঞ্জেলিনা জোলি কেমন?জীবনের সেরা এবং বুদ্ধিমানের মতো একটা কাজ করেছি আমি। আর সেটা হলো, আমার বাচ্চাদের অ্যাঞ্জির (অ্যাঞ্জেলিনা জোলি) মতো মা দিতে পেরেছি! সে আদর্শ মা। তাকে পেয়ে আমি সুখী।বাচ্চাদের আদবকায়দা কে শেখায়?আমরা দুজনেই। তরুণ বয়সে আপনাকে এত দাতব্য কাজে দেখা যায়নি। সত্যি কথা বলতে, বেশ ঘরমুখো মানুষই ছিলেন। এই যে পৃথিবীকে নতুন করে দেখতে শুরু করলেন, এর পেছনে বিশেষ কোনো ঘটনা আছে কি?নব্বইয়ের দশকে গর্তজীবীই ছিলাম বলতে পারেন। চাইতাম সব রকমের খ্যাতির বিড়ম্বনা থেকে নিজেকে আড়ালে রাখতে। এভাবে একসময় ক্লান্ত হয়ে পড়েছিলাম। ভীষণ কষ্ট হতো। যে ধরনের আনন্দময় একটা জীবন চাইতাম, তা অধরাই থেকে যেত। আমার মনে হয়, আমার বিয়েরও (জেনিফার অ্যানিস্টনের সঙ্গে) একটা ভূমিকা ছিল এর পেছনে। বিয়ের পর সুখী হওয়ার একটা ভান করেছিলাম আমরা। কিন্তু আসলে তা ছিল না।তো এখন খ্যাতির বিড়ম্বনা কীভাবে সামলান? জোলি ও আপনার ব্যক্তিগত বিষয় নিয়ে তো হররোজ আলোচনার টেবিল সরগরম...বানানো গল্প কতবার পড়া যায়! এ পর্যন্ত কতবারই তো বলা হলো, অ্যাঞ্জির সঙ্গে আমার ছাড়াছাড়ি হয়ে গেছে, কিংবা ভীষণ দ্বন্দ্বমুখর আমরা! তবে যখনই আমাদের বিয়ে হয়ে গেল, সব চুপ।বাচ্চাদের পড়াশোনার ব্যাপারে কী করছেন? বলেছিলেন, আপনারা নাকি ঘরেই বাচ্চাদের পড়াচ্ছেন...একদম ঠিক। এবং গৃহশিক্ষার ব্যাপারে আমরা এখন আরও মনোযোগী। সামাজিকতা বিষয়টি ভালো বোঝাচ্ছি বাচ্চাদের। ওরা বন্ধুদের সঙ্গে নিয়মিত সময় কাটায়। এমনকি দীর্ঘ সময়ের জন্য বাইরে কোথাও গেলে আমরা বাচ্চাদের বন্ধুদেরও সঙ্গে নেওয়ার চেষ্টা করি। চাইলেই আমরা বাচ্চাদের একটা স্কুলে ভর্তি করিয়ে দিতে পারি। কিন্তু তাতে কী হবে? আট ঘণ্টা হয়তো স্কুলে ক্লাস করবে, তারপর বাড়িতে এসে আরও চার ঘণ্টা পড়াশোনা। কিন্তু গৃহশিক্ষায়ও ওরা সেটাই করছে। পাশাপাশি খেলাধুলা, নাচ, গানেও সময় দিতে পারছে অবলীলায়।অভিনয়ের প্রসঙ্গে ফিরে আসি। এত বিচিত্র বিষয়ে অভিনয় করেন কেন?মানুষের চোখে বিস্ময় এঁকে দেওয়ার এই এক ভালো উপায় এবং বিস্মিত করার ব্যাপারে আমাকে এলেমদার বলতে পারেন! মনের ভেতরে হয়তো আমার বিশেষ এক রূপ কল্পনা করলেন, কিন্তু আপনি ভুল। কারণ আমি সব সময়ই দুই কদম এগিয়ে!অভিনয়ের বাইরে কোন কাজ বেশি টানে?গৃহনির্মাণ। আমার মনে হয়, আমি এই কাজ ভালো পারি এবং তা চালিয়ে যাওয়া উচিত (পিট ও তাঁর মেক ইট রাইট ফাউন্ডেশন এখন হারিকেনে বিধ্বস্ত নিউ অরলিয়ন্সে পরিবেশবান্ধব ঘরবাড়ি তৈরি করছে)। এরই মধ্যে অনেক ঘরের নকশা ও নির্মাণকাজ করেছি আমরা। খুবই মজার কাজ। এ ছাড়া প্রায় এক শ আসবাবপত্রের ডিজাইনও করেছি এ পর্যন্ত।আপনি কি সুখী?চেষ্টা করি একজন পরিতৃপ্ত মানুষ হয়ে উঠতে। গুরুত্বও দিই এ ব্যাপারে। তবে সুখ পাওয়া কঠিন বিষয়। জীবনে দ্বন্দ্ব-সংঘাত থাকবেই। জীবন একটা মালভূমির মতো। সব সময় একটা তাড়না কাজ করে পরবর্তী মালভূমিতে পৌঁছানোর। জীবনে প্রতিনিয়ত নতুন নির্দেশনা আসছে, আসছে নতুন মৌসুম। মাহফুজ রহমানপ্যারাডে ম্যাগাজিন অবলম্বনে