ব্র্যান্ডলরিয়েট লিজেন্ডারি সম্মাননা পেলেন শাহরুখ
সম্প্রতি মালয়েশিয়ার ব্র্যান্ডলরিয়েট লিজেন্ডারি সম্মাননায় ভূষিত হয়েছেন বলিউডের প্রখ্যাত অভিনেতা শাহরুখ খান। তাঁর হাতে এই সম্মাননা তুলে দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ ও ব্র্যান্ডলরিয়েটের প্রেসিডেন্ট কে কে জোহান।এর আগে ব্র্যান্ডলরিয়েট লিজেন্ডারি সম্মাননা পেয়েছেন শান্তিতে নোবেলজয়ী বাংলাদেশের প্রখ্যাত অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস, দক্ষিণ আফ্রিকার অবিসংবাদী রাজনীতিক নেলসন ম্যান্ডেলা, প্রখ্যাত ভারতীয় ব্যবসায়ী রতন টাটা, অ্যাপলের সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান প্রয়াত স্টিভ জবস, ফেসবুকের সহ-প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ প্রমুখ। বলিউডের ছবির পাশাপাশি বহির্বিশ্বে ভারতের পরিচয় তুলে ধরার পেছনে শাহরুখের অসামান্য অবদানকে স্বীকৃতি দিতে ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার তাঁকে এই সম্মাননা দিয়েছে এশিয়া প্যাসিফিক ব্র্যান্ডস ফাউন্ডেশন। এক খবরে এমনটিই জানিয়েছে পিটিআই। সম্মাননা পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে এক বিবৃতিতে শাহরুখ বলেন, ‘ব্র্যান্ডলরিয়েট লিজেন্ডারি সম্মাননা পাওয়ায় অনেক সম্মানিত বোধ করছি। এটা ভবিষ্যতে আরও বেশি ভালো কাজ করতে আমাকে উত্সাহিত করবে।’ এ ছাড়া এক টুইটার বার্তায় শাহরুখ লিখেছেন, ‘ডা. মাহাথিরের মতো ব্যক্তির কাছ থেকে সম্মানিত হয়ে খুব ভালো লাগছে। আমাকে চমত্কার একটি ডিজিটাল কোরআন শরিফও উপহার দেওয়া হয়েছে।’