ব্লকেডঃ বন্ধুর হাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা লিট ফেস্টে দেখানো হয়েছে ‘ব্লকেড’ প্রামাণ্যচিত্রটি
ঢাকা লিট ফেস্টে দেখানো হয়েছে ‘ব্লকেড’ প্রামাণ্যচিত্রটি

১৯৭১ সালের মার্চের শেষ দিককার কথা। যুক্তরাষ্ট্রর ফিলাডেলফিয়া নিবাসী সুলতানা আলম একদিন জানতে পারলেন, তাঁর দেশ পূর্ব পাকিস্তানের সাধারণ মানুষদের ওপর ভয়াবহ হত্যাযজ্ঞ চালিয়েছে পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনী। ঢাকাবাসী পরিবার নিয়ে উৎকণ্ঠা-দুশ্চিন্তায় জেরবার সুলতানা অবাক হয়ে লক্ষ্য করলেন তাঁর বর্তমান বাসস্থান, আমেরিকার সরকার এ অমানবিক গণহত্যা যেন দেখেও দেখছে না। বরং পশ্চিম পাকিস্তানি সেনাবাহিনীর জন্য অস্ত্র সাহায্য পাঠানোর জোগাড়যন্ত্র চলছে।
সুলতানা সিদ্ধান্ত নিলেন কিছু একটা করতেই হবে। ফোন ডিরেক্টরি খুলে প্রতিদিন চেনা-অচেনা অসংখ্য মানুষকে জানাতে শুরু করলেন আসলে কী হচ্ছে তাঁর দেশে। সাহায্য চাইলেন তাঁদের। কোয়েকার অধিকারকর্মী রিচার্ডকে টেইলরসহ কয়েকজন বাড়িয়ে দিলেন সাহায্যের হাত। এসব আমেরিকান বন্ধুদের অভিনব পন্থার অহিংস আন্দোলনে খালি ফিরে গেল অস্ত্র ও যুদ্ধসরঞ্জাম নিতে আসা পশ্চিম পাকিস্তানি জাহাজ। রাষ্ট্রীয় নীতির বিরুদ্ধে দাঁড়ানোর জন্য জেলে গেলেন আন্দোলনকারীদের অনেকে। তবু দমলেন না।
অজানা-অচেনা দূর দেশ, বাংলাদেশের মানুষের দুঃখের সময়ে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া এসব বিদেশি বন্ধু আর আন্দোলনে শরিক প্রবাসী বাংলাদেশিদের স্মৃতিচারণ নিয়ে আইটি প্রকৌশলী আরিফ ইউসুফ তৈরি করেছেন প্রামাণ্যচিত্র ‘ব্লকেড’(২০১৫)।
আজ ঢাকা লিট ফেস্টের দ্বিতীয় দিনের শুরুর অধিবেশনগুলোর একটি ছিল ‘ব্লকেড’। ‘কসমিক টেন্ট’ ভেন্যুতে প্রদর্শনী শেষে নির্মাতা বললেন, মার্কিন সরকারের অস্ত্র সাহায্য আটকে দেওয়ার আন্দোলন নিয়ে রিচার্ড কে টেইলরের লেখা ‘ব্লকেডঃ এ গাইড টু নন ভায়োলেন্ট ইন্টারভেনশন’ পড়ে তিনি প্রথম জানতে পারেন। খুঁজতে শুরু করেন রিচার্ডকে। শেষে প্রথম আলো-এর বিশেষ প্রতিনিধি হাসান ফেরদৌস রিচার্ডের ফোন নম্বর জোগাড় করে দেন। তারপর শুরু হয় সুলতানা আলমের খোঁজ। তাঁকে পাওয়া যায় ঢাকায়। আস্তে খোঁজ পাওয়া যায় আন্দোলনে সংগঠক আরও অনেকের। সুলতানা আলম, রিচার্ড টেইলর, ফিলিস টেইলর, মজহারুল হক, প্রমুখের সাক্ষাৎকার হচ্ছে এই প্রামাণ্যচিত্রের মূল অংশ। তাঁদের সংগ্রহে থাকা ওই সময়কার ছবি আর টেম্পল ইউনিভার্সিটি, ন্যাশনাল আর্কাইভ অব ওয়াশিংটন ডিসি ও অ্যাসোসিয়েটে​ড প্রেস থেকে পাওয়া দুর্লভ কিছু ফুটেজ নির্মাতাকে পুরো গল্পটি বলতে সাহায্য করেছে।
প্রামাণ্যচিত্রে দেখা যায়, আন্দোলনকারীরা শুরুতে ভেবেছিলেন নিজেদের গায়ে বোমা বেঁধে করাচি থেকে অস্ত্র নিতে আসা জাহাজ ‘পদ্মা’-কে তাঁরা আটকে দেবেন। পরে মার্টিন লুথার কিংয়ের আদর্শে তাঁরা অহিংস আন্দোলনের পথে যান। প্ল্যাকার্ড হাতে ছোট ছোট ডিঙি নৌকায় জাহাজ ঘিরে ফেলে প্রতিবাদ জানাবার সিদ্ধান্ত নেন। কিন্তু মার্কিন সরকারের নীতি পরিবর্তনের জন্য দরকার ছিল জনমত তৈরির। তাই রিচার্ড-সুলতানারা তাঁদের পরিকল্পনা জানালেন স্থানীয় গণমাধ্যমগুলোকে। গণমাধ্যমের সাহায্যে তাদের এই অহিংস প্রতিবাদের কথা পৌঁছে গেল ঘরে ঘরে।
যেদিন জাহাজ ঘেরাও করা হবে, সেদিন অনেক সাধারণ আমেরিকান এসে যোগ দিলেন তাঁদের সঙ্গে। পুলিশের বাঁধা উপেক্ষা করে জাহাজ ঘেরাও এর জন্য সংগঠকদের অনেকে গ্রেপ্তার হলেন। ভিনদেশি এসব বন্ধু ১ মাস জেলও খাটলেন বাংলাদেশের জন্য। কিন্তু আন্দোলন সফল হলো। গণমাধ্যমে প্রচারণা আর জনমতের তোড়ে জাহাজ ডকের মাল বাহকেরা জাহাজে অস্ত্র বহন করতে অস্বীকৃতি জানালেন। এক সময় মার্কিন সরকারও সর এল তাদের বিরোধী নীতি থেকে।
৮৫ মিনিটের এই প্রামাণ্যচিত্রে এভাবেই ফুটে ওঠে সেই বন্ধুদের গল্প যারা পৃথিবীর অন্যপ্রান্তে বসে বাংলাদেশের অনেক নিরীহ লোকের প্রাণ রক্ষায় লড়েছিলেন।