ব্ল্যাকের ‘ব্ল্যাক’
সামনেই আসছে ব্যান্ড দল ব্ল্যাকের নতুন অ্যালবাম ব্ল্যাক। অ্যালবামের পেছনের ও ব্যান্ডের সদস্যদের নানা কথা নিয়েই এ প্রতিবেদন।পার্ল জ্যাম, শ্যাভেজ গার্ডেনের গান শুনে শুনে গান করতে আগ্রহী হয়ে উঠেছিলেন সদ্য কলেজের গণ্ডি পার হওয়া কয়েকজন ছেলে। সেই থেকে শুরু। মাঝখানে সময় চলে গেছে প্রায় ১০ বছর। চিন্তাভাবনা, গানের স্বাদ—সবকিছুতেই এসেছে পরিপক্বতা। যোগ হয়েছে নতুন পছন্দ। এই যেমন কিংস অব লায়ন, উলফ মাদার কিংবা জন মায়েরের গান এখন তাঁদের প্রথম পছন্দ। ওঁরা ব্ল্যাক। এখনো গান করে যাচ্ছেন নিজেদের মতো করে। ‘আমরা গান করি আমাদের ভালো লাগা থেকে। শ্রোতাদের কথা তো অবশ্যই মাথায় থাকে। কিন্তু নিজেদের পছন্দটাই আমাদের কাছে বড়।’ বলছিলেন ব্যান্ডের ড্রামার টনি।আমার পৃথিবী (০২), উত্সবের পর (০৭), আবার (০৮)-এর পর এবার ব্ল্যাক আসছে তাদের নতুন অ্যালবাম নিয়ে। অ্যালবামের নাম ব্ল্যাক। এত দিন পর ব্যান্ডের নামে অ্যালবাম! সাধারণত কোনো শিল্পী বা ব্যান্ড নিজেদের প্রথম বা দ্বিতীয় অ্যালবামে এ কাজ করে থাকেন। ব্যাখ্যা করলেন জন, ‘১০ বছর একটা দীর্ঘ সময়। সংগীতের অনেক রকম পর্যায়ের ভেতর দিয়ে আমরা গিয়েছি। আমরা কী রকম ব্যান্ড, কী সাউন্ড করতে চাই, সেটা সম্ভবত এত দিনে আমরা পরিষ্কার বুঝতে পেরেছি। নিজেদের কিছুটা হলেও চিনতে পারার জন্যই এবার অ্যালবামের নাম হবে ব্ল্যাক।’ জাহান বললেন, ‘১০ বছর আগে আমাদের যে জায়গাটা ছিল, আমরা অনেকটা সেখানে ফিরে গিয়েছি। গান ধারণ করার গভীরতা, ব্যাপ্তি সবকিছুই বেড়েছে। তবে সবচেয়ে বড় যে ব্যাপার, তা হলো, ব্যান্ডের সবাই আবার আগের মতো এক জায়গায়, একভাবে চিন্তা করতে পারছি।’ আরেকটু ব্যাখ্যা করা যায়? টনি বলে উঠলেন, ‘শুরুর দিকে যেমন আমরা একজন আরেকজনের বাজানো শুনে মুগ্ধ হতাম। নিজেদের ভালো লাগলে সেটাই করতাম। এখন আমরা আবার সেই পুরোনোভাবেই গান করছি। একজন আরেকজনের বাজানো দারুণ উপভোগ করছি। সবচেয়ে বড় কথা, যা করার, তা নিজেদের মতো করে করছি।’নতুন অ্যালবাম সামনে রেখে ব্ল্যাক নিয়মিত প্র্যাকটিস করছিল। যদিও জাহানের পরীক্ষার কারণে এ মুহূর্তে তা বন্ধ আছে। সপ্তাহখানেকের মধ্যেই আবার পুরোদমে প্র্যাকটিস শুরু হয়ে যাবে। সাগর বললেন, ‘আমরা অ্যালবামের কাজ প্রায় গুছিয়ে এনেছি। এখন ১৬-১৭টা গান নিয়ে কাজ করে যাচ্ছি। এখান থেকেই ১০টা গান থাকবে অ্যালবামে। গানগুলোর অর্ধেক কাজ হয়ে আছে। আমার ধারণা, এক মাস সময় দিলেই গানগুলো দাঁড়িয়ে যাবে।’ টনি বললেন, ‘আগামী ঈদে অ্যালবামটি বাজারে ছাড়ার ইচ্ছা আছে। তবে অন্যরকম পরিকল্পনা ছিল রেকর্ডিং নিয়ে। হলরুমের মতো একটি স্টুডিওতে রেকর্ড করতে চেয়েছিলাম, যাতে করে লাইভ একটি স্বাদ পাওয়া যায়। কিন্তু কারিগরি দিক দিয়ে আমাদের যে অবস্থা, তাতে করে দেশে এভাবে রেকর্ডিং করা সম্ভব নয়।’ব্ল্যাকের ভক্তদের জন্য চমক হচ্ছে, এবার তাঁরা অ্যালবাম তৈরি করার সময় প্রতি সপ্তাহের অগ্রগতি সপ্তাহেই জানতে পারবেন। শুনতে পারবেন নতুন গানের ডেমো। আর এসব পাওয়া যাবে ইউটিউবে ব্ল্যাকের ভিডিও ব্লগে। প্রতি সপ্তাহে এসব ভিডিও দেখতে হলে লগ ইন করতে হবে www.youtube.com/ yourblacktube এই ঠিকানায়।