বড় উৎসবে ছোটদের মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থেমে থেমে চিৎকার, করতালির শব্দ শোনা যাচ্ছিল। এমন উল্লাসধ্বনিতে গণগ্রন্থাগার প্রাঙ্গণটিকে যারা উৎসবমুখর করে রেখেছিল, সেই শিশুদের হাতে-মুখে লাল, সবুজ, নীল, হলুদ বর্ণের উৎসবের লোগোসদৃশ স্টিকার আঁকা। বিশাল এই আয়োজনের নেতৃত্বে শিশু-কিশোরেরা। উচ্ছ্বাস, উদ্দীপনায় রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের এদিক-ওদিক প্রাণবন্ত ছোটাছুটি তাদের। অবশ্য এই মহাযজ্ঞে যে বড়রা ছিলেন না, তা নয়। তবে তাঁদের ভূমিকা একেবারেই গৌণ, উপদেষ্টা কিংবা পরামর্শক হিসেবে তাঁদের উপস্থিতি।গেল শনিবার এমনই ছিল ‘৬ষ্ঠ আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব’-এর শুরুর পরিবেশ। শিশুদের জন্য তৈরি করা চলচ্চিত্র নিয়ে চিলড্রেনস ফিল্ম সোসাইটির উদ্যোগে সেদিন শুরু হয়েছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব। মূল প্রতিপাদ্য বরাবরের মতো একই ‘ফ্রেমে ফ্রেমে আগামী স্বপ্ন’। কাল শুক্রবার উৎসবের শেষ দিন।সিনেমা এখন মূলত টিভিতে দেখে থাকে তারা। বড় পর্দায় সিনেমা দেখার মজাটাই আলাদা। সেই আনন্দ ষষ্ঠবারের মতো উপভোগের সুযোগ পেয়েছে শিশুরা। তাই তো উৎসব উদ্বোধনের প্রথম দিন থেকেই উৎসাহ-উদ্দীপনা নিয়ে দল বেঁধে বড় পর্দায় সিনেমা দেখতে এসেছে শিশুরা। এখানে সব কটি সিনেমা তাদের জন্যই তৈরি। দেশ-বিদেশের খ্যাতনামা পরিচালকেরা সেগুলো তৈরি করেছেন। সিনেমা দেখার পাশাপাশি তারা গল্পে-আলোচনায় মেতে উঠেছিল বড়দের সঙ্গে।ছবি দেখা, কথা বলা—সবকিছুতেই ছিল উচ্ছ্বাস। উদ্বোধনের পরদিন রোববার ওয়ারী থেকে এসেছে মালিহা, আহনাফ ও আদিব। চাচার হাত ধরে ছবি দেখতে এসেছে। তাদের চোখে-মুখে বিস্ময় আর মুগ্ধতা। কারণ, এই প্রথম বড় পর্দায় ছবি দেখতে এসেছে। তিন শিশুর দলটিতে জ্যেষ্ঠ মালিহার কাছে জানতে চাই তার অনুভূতি। বিজ্ঞজনের মতো জবাব দিল সে, ‘এখানে এসে মনে হলো, সারা বছর কেন এমন ছবি দেখার আয়োজন করা হয় না?’ উদয়ন স্কুলের মাইশা ছবি দেখার পাশাপাশি অনেক বড় বড় মানুষকে দেখতে পেরেছে, এটাও বিস্ময়ের। আদুরে গলায় মাইশা বলল, ‘জাফর ইকবাল স্যারের অনেক বই পড়েছি। এখানে এসে উনার সঙ্গে কথা বলেছি। এটা অনেক বছর মনে থাকবে আমার।’ মিরপুরের মোস্তফা সুমন এসেছিল সোমবার। ‘বিপিএলের খেলা বাদ দিয়ে বন্ধুদের নিয়ে চলে এসেছি ছবি দেখতে। কত ভালো ভালো ছবি দেখতে পাচ্ছি এখানে।’ সোমবার রাজধানীর লক্ষ্মীবাজার থেকে এসেছিল মুয়াজ রহমান। ছবি দেখে মুয়াজ ভীষণ খুশি। বারবার মায়ের কাছে আবদার জানিয়ে বলছিল ওর দেখা সিনেমার সিডি কিনে বাড়ি নিয়ে যেতে। কারণ জানতে চাইলে মুয়াজ বলে, ‘টিভিতে সব সময় বড়দের ছবি দেখায়। আজ এখানে এসে তিনটি সিনেমা দেখেছি। এখানে দেখানো হচ্ছে। সব কটির সিডি কিনে নিজের কাছে রাখব। যখন মন চাইবে দেখব।’ শুধু যে ঢাকায় উৎসব হচ্ছে, তা নয়। ঢাকায় মূল উৎসব কেন্দ্র হিসেবে ব্যবহূত হচ্ছে কেন্দ্রীয় গণগ্রন্থাগার চত্বর ও শওকত ওসমান মিলনায়তন। এ ছাড়া ঢাকায় মোট সাতটি, চট্টগ্রামে সাতটি, রাজশাহীতে চারটি এবং রংপুর, খুলনা, সিলেট ও বরিশালে একটি করে ভেন্যু রয়েছে। উৎসব পরিচালক মোরশেদুল ইসলাম জানান, এবারের উৎসবে সারা দেশে মোট ২২টি ভেন্যুতে ৪২টি দেশের দুই শতাধিক শিশুতোষ চলচ্চিত্র প্রদর্শিত হচ্ছে। ছবি দেখার পাশাপাশি বিশাল এ আয়োজনে রয়েছে সেমিনার, কর্মশালা এবং বিশিষ্টজনদের সঙ্গে মুখোমুখি কথা বলার ব্যবস্থা। গেল সোমবার শিশু প্রতিনিধিদের জন্য ছিল দিনব্যাপী কর্মশালা। ‘চলচ্চিত্রে গল্প বলা’ বিষয়ের ওপর কর্মশালাটি পরিচালনা করেন কানাডার নামজাদা চলচ্চিত্রনির্মাতা ন্যান্সি ট্রিটস বটকিন। তাঁর সঙ্গে আরও ছিলেন মার্ক শেক্টার। একই সঙ্গে সেদিন বিকেল চারটায় চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয় একটি অংশগ্রহণমূলক আলোচনা সভা, যাতে মূল আলোচক ছিলেন যুক্তরাজ্যের ড্যানিয়েল স্মিথ। এতে ‘শিশুদের জন্য চলচ্চিত্র নির্মাণে আন্তর্জাতিক উৎস থেকে অর্থ সংগ্রহের সম্ভাবনা’ নিয়ে আলোচনা করা হয়। আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে সেমিনার। সেমিনারের প্রথম অধিবেশনটি হবে বেলা ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত ‘চলচ্চিত্র নির্মাণে খুদে নির্মাতারা: সমস্যা ও সম্ভাবনা’ বিষয়ের ওপর। দুপুর দুইটা থেকে বিকেল চারটা পর্যন্ত দ্বিতীয় অধিবেশনটি অনুষ্ঠিত হবে ‘অবাধ ইন্টারনেট: শিশুদের ওপর প্রভাব’ এই বিষয় নিয়ে। সেমিনারে মূল আলোচক ও সঞ্চালক থাকবে শিশুরাই।উৎসবের সবচেয়ে আকর্ষণীয় বিভাগ হচ্ছে বাংলাদেশের শিশুদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতা বিভাগটি। চিলড্রেনস ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক মুনিরা মোরশেদ জানালেন, এই বিভাগটিতে এবার শতাধিক চলচ্চিত্র জমা পড়েছিল, যার মধ্যে নির্বাচকমণ্ডলী ৬০টি ছবিকে প্রদর্শনের জন্য মনোনীত করেছেন। এই ৬০টি ছবি থেকে পাঁচটি ছবি পাবে পুরস্কার। সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি হবে আগামীকাল বিকেল পাঁচটায় জাতীয় জাদুঘরের মূল মিলনায়তনে। অনুষ্ঠানে ছোটদের নির্মিত চলচ্চিত্রের প্রতিযোগিতায় পুরস্কারপ্রাপ্ত ছবির নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে। এ ছাড়া দর্শকদের ভোটে নির্বাচিত উৎসবের সেরা ছবিরও নাম ঘোষণা ও পুরস্কার দেওয়া হবে।