বড় তারকারা ছোট পর্দায় প্রতিযোগী হয়ে উঠছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে এতদিন পর্যন্ত যাঁরা বড় পর্দা কাঁপিয়েছেন, এবার তাঁরা যেন ছোট পর্দা কাঁপাতেই বেশি ব্যস্ত হয়েছেন। আর এ কাঁপাকাঁপির লড়াইটাও সম্প্রতি বেশ জমে উঠেছে তারকাদের মধ্যে। সালমান খানের ‘বিগ বস’ এবং অমিতাভ বচ্চনের ‘কৌন বনেগা ক্রোড়পতি-৪’ অনুষ্ঠান দুটির মধ্য দিয়ে এ লড়াইটা এখন দর্শকের কাছে দৃশ্যমান। হাস্যরস এবং কৌতুকপূর্ণ এ অনুষ্ঠান দুটি ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে টিভির দর্শকদের কাছে। দুই তারকার লড়াইয়ে নতুন করে শামিল হয়েছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ‘মাস্টার শেফ’ নামের রান্নাবিষয়ক একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে ছোট পর্দার যাত্রা শুরু হলো তাঁর। শোনা যাচ্ছে, খুব শিগগির বলিউডের আরেক অভিনেতা ঋতিক রৌশনও আসছেন ছোট পর্দায়। নাচনির্ভর একটি রিয়েলিটি শো নিয়ে ছোট পর্দার দর্শকদের সামনে আসছেন তিনি।‘কৌন বনেগা ক্রোড়পতি’ এবং ‘বিগ বস’ অনুষ্ঠানের প্রথম পর্ব থেকে লড়াইটা বেশ জোরলোভাবেই শুরু হয়েছে। তবে এ লড়াইয়ে সালমান এরই মধ্যে খানিকটা এগিয়ে আছেন। গত দুই সপ্তাহের টিআরপিতে (টেলিভিশন রেটিং পয়েন্ট) সালমানের শো বিগ বস পেয়েছে ৬.১, আর অমিতাভ বচ্চনের কৌন বনেগা ক্রোড়পতি পেয়েছে ৫.৩ পয়েন্ট। এ বিষয়ে ভারতের টিভি বিশ্লেষকদের ভাষ্য, ভারতের দর্শকেরা সাধারণত গুরুগম্ভীর অনুষ্ঠানের চেয়ে একটু চটুল অনুষ্ঠানের দিকে বেশি ঝোঁকে। সে জায়গা থেকে সালমানের বিগ বস একটু এগিয়ে থাকাটাই স্বাভাবিক। কারণ কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানটি বিগ বসের চেয়ে একটু বেশিই গুরুগম্ভীর। এদিকে বিশ্লেষক অনিল আম্বারী মনে করছেন, এটা আসলে বোকার বাক্স নামক টেলিভিশনের জন্য অনেক চমত্কার একটা সময়। কিন্তু এটাকে তিনি কোনোভাবেই অমিতাভ ও সালমানের যুদ্ধ হিসেবে মানতে নারাজ। কারণ সালমানের বিগ বস অনুষ্ঠানটি যেদিন প্রচারিত হয়, সেদিন অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতি অনুষ্ঠানের প্রচার বন্ধ থাকে। অমিতাভকে যদি কোনো প্রতিযোগিতায় নামতে হয়, তবে সেটা করতে হবে অক্ষয় কুমারের ‘মাস্টার শেফ’ অনুষ্ঠানের সঙ্গে। কারণ অক্ষয় এবং অমিতাভের দুটি অনুষ্ঠানই প্রচার করা হয় একই দিনে। তবে এ দুটি অনুষ্ঠানের মধ্যে অমিতাভের কৌন বনেগা ক্রোড়পতি-৪ জনপ্রিয় হবে বলে মনে করছেন অন্য বিশ্লেষকেরা। কারণ হিসেবে তাঁরা বলছেন, ভারতে রান্নাবিষয়ক অনুষ্ঠানের দর্শক এমনিতে কমই থাকে। কিন্তু তার পরও এটি রিয়েলিটি শো।