বড় পরিসরে চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেজওয়ানা চৌধুরী বন্যা। বিশিষ্ট রবীন্দ্রসংগীতশিল্পী, সুরের ধারার অধ্যক্ষ ও চেয়ারম্যান। আগামী শনিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সুরের ধারা আয়োজন করেছে চৈত্রসংক্রান্তি, পরদিন রোববার ভোরে হবে ‘হাজারো কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ অনুষ্ঠান। সুরের ধারার সঙ্গে যৌথভাবে এ আয়োজন করেছে চ্যানেল আই। কথা হলো রেজওয়ানা চৌধুরী বন্যার সঙ্গে।সুরের ধারার চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান...এবার সুরের ধারার ২০ বছর পূর্তি হচ্ছে। আর আমরা চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান করছি ১০ বছর হলো। এ দুটি ব্যাপারই থাকছে আমাদের এবারের অনুষ্ঠান-ভাবনায়। আমরা একে বলছি ‘ফিরে দেখা’। গত ১০ বছর যে যে ভাবনার ওপর আমরা চৈত্রসংক্রান্তির অনুষ্ঠান করেছি, তার একটা কোলাজ থাকবে এবার। সন্ধ্যা ছয়টায় শুরু হবে অনুষ্ঠান, চলবে রাত ১২টা পর্যন্ত।ফিরে দেখা...গোড়ায় আমরা চৈত্রসংক্রান্তি অনুষ্ঠানটি সুরের ধারার ছেলেমেয়েদের নিয়েই আয়োজন করতাম। তখন পরিসরও ছিল অনেক ছোট। যতই দিন যাচ্ছে, আমাদের এ আয়োজনের প্রতি সবার আগ্রহ তৈরি হয়েছে। প্রচুর মানুষ আসছে। কয়েক বছর ধরে দেখছি, লালমাটিয়া স্কুলের মাঠে আর স্থানসংকুলান করা সম্ভব হচ্ছে না। আর আশপাশের রাস্তায়ও ভয়াবহ যানজট তৈরি হয়। এসব ভেবেই গত বছর থেকে আমরা বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বড় পরিসরে চৈত্রসংক্রান্তি আয়োজন করছি।বর্ষবরণ অনুষ্ঠান...চ্যানেল আই বড় আয়োজনে বর্ষবরণ অনুষ্ঠান করছে গত বছর থেকে। সঙ্গে আছে সুরের ধারা। আমরা এর নাম দিয়েছি ‘হাজারো কণ্ঠে কোটি বাঙালির বর্ষবরণ’ অনুষ্ঠান। অনুষ্ঠান শুরু হবে ভোর ছয়টায়। পুরো ব্যাপারটি তত্ত্বাবধান করছেন চ্যানেল আইয়ের ফরিদুর রেজা সাগর। চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।চৈত্রসংক্রান্তি ও বর্ষবরণ অনুষ্ঠানের শিল্পীরা...চৈত্রসংক্রান্তির অনুষ্ঠানে সুরের ধারার শিল্পীদের পাশাপাশি থাকবেন আমন্ত্রিত শিল্পীরাও। আর বর্ষবরণ অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সারা দেশ থেকে এক হাজার শিল্পী নাম নিবন্ধন করেছেন; পাশাপাশি আমন্ত্রিত শিল্পীরা তো থাকবেনই। এ দুটি আয়োজনে অংশ নেওয়ার জন্য ভারতের শান্তিনিকেতন থেকে আসছেন কার্তিক বাউল।বছরের প্রথম দিন ভোরে বর্ষবরণ অনুষ্ঠানের অভিজ্ঞতা...শহুরে মানুষের কাছে এ বর্ষবরণ অনুষ্ঠানের প্রতি দারুণ আগ্রহ তৈরি করেছে ছায়ানট। রমনা বটমূলে ছায়ানটের এ আয়োজনের দিকে সবার রয়েছে অন্য রকম আগ্রহ। এখন আমরাও করছি। আমি মনে করি, এ ধরনের আয়োজন সারা দেশের আনাচ-কানাচে আরও বেশি হওয়া উচিত। তাহলে আমাদের নিজস্ব সংস্কৃতির দিকে সবার আগ্রহ বাড়বে, শিকড়ের কাছে সবাই ফিরে যাব।বিনোদন প্রতিবেদক