বড় পর্দার অপেক্ষায় একঝাঁক নতুন মুখ

বছরজুড়ে বড় পর্দায় সৌরভ ছড়াবেন একঝাঁক নতুন নায়িকা। তাঁদের বেশির ভাগই যাচ্ছেন ছোট পর্দা থেকে। কেউ মডেলিং, কেউ উপস্থাপনা দিয়ে শুরু করেছিলেন কর্মজীবন। বছরজুড়ে ঘুরেফিরে বড় পর্দায় আঁচল ওড়াবেন তাঁরাই।
গত শুক্রবার ঢালিউডে মুক্তি পেয়েছে দুটি নতুন ছবি শাহেনশাহ এবং চল যাই। প্রথমটিতে শাকিব খানের বিপরীতে অভিষিক্ত হয়েছেন রোদেলা জান্নাত এবং পরেরটিতে আনিসুর রহমান মিলনের বিপরীতে তাসনুভা তিশা। একটি বেসরকারি টেলিভিশনের সংবাদ উপস্থাপিকা হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন রোদেলা জান্নাত। তিনি বলেন, ‘চলচ্চিত্রে অভিনয় নিয়ে তাড়াহুড়া করতে চাই না। চিত্রনাট্য বুঝে ধীরেসুস্থে পরের কাজের দিকে এগোতে চাই। আমার বিশ্বাস, অনেকগুলো মন্দ কাজের চেয়ে একটি ভালো কাজ দিয়ে একজন মানুষ অনেক দিন বাঁচতে পারে।’
এ বছর বড় পর্দায় অভিষেকের অপেক্ষায় আছেন শার্লিন ফারজানা, তানজিয়া মিথিলা, জাহারা মিতু, নাজিরা মৌ, জান্নাতুল ফেরদৌস ঐশী, শাহনাজ সুমী, প্রিয়ন্তী উর্মীসহ আরও কয়েকজন তরুণী। ১৩ মার্চ মুক্তি পাচ্ছে মাসুদ হাসান উজ্জ্বলের ছবি ঊনপঞ্চাশ বাতাস। এ ছবিতে অভিনয় করেছেন শার্লিন ফারজানা। ওয়েব সিরিজ ফেলুদা, টিভি নাটক মেঘের সন্ধানে, দাসকেবিন, হঠাৎ তোমার জন্য, সহজ সরল ছেলেটাসহ ছোট পর্দায় বেশ কিছু কাজ রয়েছে তাঁর। জানালেন, বড় পর্দা, অর্থাৎ সিনেমায় নিয়মিত হতে চান তিনি।
২০১৭ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতায় প্রথম রানারআপ হয়েছিলেন জাহারা মিতু। টেলিভিশন উপস্থাপনা দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। অভিনয়ে আরেকটু দক্ষ হয়েই চলচ্চিত্রে আসার ইচ্ছে ছিল। কিন্তু প্রস্তাব পাওয়া ছবির নায়কের নাম শুনে আর ‘না’ বলতে পারেননি। গত বছর শাকিব খানের নায়িকা হয়ে বড় পর্দার জন্য শুটিং শুরু করেছিলেন। যদিও তাঁদের আগুন ছবিটির শুটিং এখনো শেষ হয়নি।
নায়ক ইন্দ্রনীলের ভক্ত ছিলেন নাজিরা মৌ। কল্পনাও করেননি যে ক্যারিয়ারের প্রথম ছবিতে নায়ক হিসেবে ইন্দ্রনীল সেন গুপ্তকেই পেয়ে যাবেন। এ জুটির নন্দিনী সিনেমাটি ঈদের পর মুক্তির সম্ভাবনা রয়েছে। তিনি বলেন, ‘আমার স্বপ্ন চলচ্চিত্রে কাজ করা। ভালো গল্প এবং সুযোগ পেলে নিয়মিত চলচ্চিত্রে কাজ করতে চাই।’ ২০০৭ সালে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে কাজ শুরু করেন মৌ। কাজ করেছেন ব্যাচ নং ৩১৮, তালপাতার পাখা, লাকি থার্টিনসহ বেশ কিছু নাটকে।
সাংস্কৃতিক পরিবেশে বড় হয়েছেন জান্নাতুল ফেরদৌস ঐশী। ২০১৮ সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ চ্যাম্পিয়ন হন তিনি। তারপর যুক্ত হন চলচ্চিত্রে। মিশন এক্সট্রিম ছবিতে আরিফিন শুভর সঙ্গে পর্দায় দেখা যাবে তাঁকে। ঐশী জানান, তাঁর স্বপ্ন বড় পর্দায় কাজ করা। প্রথম থেকে সেভাবেই নিজেকে তৈরি করেছেন।
গত বছর ডিসেম্বরে বলিউডের ছবি রোহিঙ্গায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন বাংলাদেশের মেয়ে তানজিয়া জামান মিথিলা। দেশে মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এ বছর ছবিটি মুক্তি পেলে ঢালিউডের খাতায় লেখা হবে আরেকটি নতুন নাম।
‘আরও ছোট করে দিন, যাতে ধরা না যায়’। বিজ্ঞাপনের এ সংলাপ দিয়ে আলোচনায় আসেন শাহনাজ সুমি। প্রথমবারের মতো গিয়াস উদ্দিন সেলিমের পাপপুণ্য ছবিতে অভিনয় করেছেন তিনি। ঈদের পর মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে ছবিটির।
বড় পর্দায় এই নতুনের আবাহনকে সাধুবাদ জানিয়ে অভিনেত্রী সারাহ বেগম কবরী বলেন, ‘নতুনদের ভেতর একটি ডেডিকেশন থাকতে হবে। তারা যদি যথাযথ নিয়মে আসে, সেটা অবশ্যই প্রশংসনীয়।’
বিগত বছরগুলোর ধারাবাহিকতায় দেখা যায় একাধিক নতুন নায়িকার আবির্ভাব ঘটলেও আঁচল, অমৃতা খান, শায়না আমিন, আমব্রিনসহ অনেকেই সেভাবে জায়গা করে নিতে পারেননি। এ প্রসঙ্গে নির্মাতা মতিন রহমান বলেন, ‘স্রোতে গা ভাসিয়ে কাজ করলে চলবে না। ছোট ছোট কাজ করেও নিজের একটা অবস্থান করা সম্ভব।’
তবে অনেকেই মনে করেন তারকা হওয়ার বাসনা বাদ দিয়ে শিল্পী হওয়ায় মনোযোগ দিলে লাভবান হবে নতুনেরা।