বড় পর্দার কাজের জন্য আমি প্রস্তুত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরমান পারভেজ মুরাদ । অভিনয়শিল্পী। এ ছাড়া নিয়মিত কণ্ঠ দিচ্ছেন বিজ্ঞাপনের জিঙ্গেল ও ডকুমেন্টারিতে। বাংলাভিশনে আজ রাতে প্রচারিত হবে ধারাবাহিক নাটক জীবন থেকে নেয়া এই শহরের গল্প । নাটকটিতে অভিনয় করেছেন তিনি।

আরমান পারভেজ মুরাদ
আরমান পারভেজ মুরাদ

কেমন আছেন?
এই তো বেশ ভালো সময় কাটছে। বাসায় আছি।
জীবন থেকে নেয়া এই শহরের গল্প...
ধারাবাহিক হিসেবে এখানে অভিনয় করতে ভালো লাগছে। গল্পটা শহরের একটা শিক্ষিত মধ্যবিত্ত পরিবারকে ঘিরে। সে পরিবারের গল্পটা আসলে আমাদের শহরের অনেক পরিবারের গল্পের সঙ্গেই মিলে যাবে। এখানে আমি পরিবারের বড় সন্তান। সে রাজনীতি করে। ভাইবোনদের কাছে খুবই পছন্দের সে।
রাজনীতি করতে কেমন লাগছে?
হা হা হা (হাসি)। আসলে জীবনের সবখানেই তো রাজনীতি আছে। দেশ ও সমাজ পরিবর্তনের জন্য রাজনীতির দরকার সবচেয়ে বেশি।
মঞ্চ, বেতার, টেলিভিশন আর বড় পর্দা। কোনটা বেশি টানে?
সব মাধ্যমেই কাজ করেছি। তবে বড় পর্দায় কাজের জন্যই পুরো প্রস্তুত। মনে-প্রাণে চলচ্চিত্রতেই অভিনয় করতে চাই।
সম্প্রতি মুক্তি পাওয়া সংগ্রাম ’৭১ চলচ্চিত্রে নিজেকে দশে কত নম্বর দেবেন?
চলচ্চিত্রের গল্পটা আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে। আমার চরিত্রটি দেখে অনেকেই আমাকে ধন্যবাদ জানিয়েছেন। আমারও ভালো লেগেছে। নিজের অভিনয়ে তো নম্বর দেওয়া কষ্টকর, তবে দশে হলে আমি বলব, দশ পাওয়ার জন্যই অভিনয় করেছি।
এবার জানতে চাই আবৃত্তিকার মুরাদকে...
আবৃত্তিই আমাকে আজকের মুরাদ হতে সবচেয়ে বেশি সাহায্য করেছে। নিয়মিত বিজ্ঞাপনে কণ্ঠ দেওয়া থেকে অভিনয়—সবখানেই আবৃত্তির সুবিধা পাই। আবৃত্তি সংগঠনের সঙ্গে ছিলাম ১২ বছর। রাজশাহী আবৃত্তি পরিষদ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্বননে কাজ করেছি। এখনো যেকোনো সময়ে মনে চলে আসে সেই সময়ের উপযুক্ত লাইন। একটু আগেই যেমন রবীন্দ্রনাথের একটা বর্ষার কবিতা আওড়াচ্ছিলাম।