বড় পর্দার নায়িকারা ছোট পর্দায়
মৌসুমী, পপি, পূর্ণিমা—বাংলাদেশি চলচ্চিত্রের তিন শীর্ষ নায়িকা। অথচ এবারের ঈদে তাঁদের কারোরই কোনো ছবি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না। তবে মৌসুমী, পপি ও পূর্ণিমার ভক্তদের এতে হতাশ হওয়ার কোনো কারণ নেই। বড় পর্দায় কোনো ছবি না থাকলেও ছোট পর্দায় কিন্তু এবার তাঁদের সরব উপস্থিতি। তাঁদের প্রত্যেকেই ঈদের একাধিক নাটক কিংবা টেলিছবিতে অভিনয় করতে দেখা যাবে।এবারের ঈদে মৌসুমীর দুটি, পূর্ণিমার তিনটি ও পপির কমপক্ষে দুটি করে নাটক অথবা টেলিছবি প্রচারিত হবে। মৌসুমীর নাটক দুটির মধ্যে এহসান এলাহীর ‘অ্যান্টিভাইরাস’ বাংলাভিশনে ঈদের ষষ্ঠ দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে। পার্থ সরকারের ‘টু বি অর নট টু বি’ টেলিছবিটি ঈদের পঞ্চম দিন রাত সাড়ে নয়টায় চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচারিত হবে।পূর্ণিমার নাটক তিনটির মধ্যে হুমায়ূন আহমেদের লেখা ‘যদি ভালো না লাগে তো দিয়ো না মন’ চ্যানেল আইতে ঈদের দিন দুপুর ১২টা পাঁচ মিনিটে প্রচারিত হবে। অন্য দুটি নাটকের মধ্যে রয়েছে ইশতিয়াক আহমেদের ‘যেন কেমন’ ও এসএ হক অলীকের ‘বাসবই ভালো’।এ বছর ঈদের কাজগুলোর মধ্যে পূর্ণিমা দারুণ মুগ্ধ হুমায়ূন আহমেদের লেখা ‘যদি ভালো না লাগে তো দিয়ো না মন’ টেলিছবিতে কাজ করেন। ঈদের কাজগুলো প্রসঙ্গে পূর্ণিমা বলেন, ‘আমার খুব ভালো লাগছে। কারণ, আমাকে মাথায় রেখে স্যার এই টেলিছবি লিখেছিলেন। আমি শুনে তো অবাক! চ্যানেল আই থেকে নাকি স্যারকে আগেই জানানো হয়েছিল, এই টেলিছবিতে অভিনয় করব আমি।’ তবে হুমায়ূন আহমেদকে শেষবারের মতো কাজটি দেখাতে না পারার কারণে একটা কষ্টও রয়েছে পূর্ণিমার।পপির নাটক দুটির মধ্যে বি ইউ শুভর ‘প্রহর’ মাছরাঙা টেলিভিশনে ঈদের তৃতীয় দিন রাত সাড়ে আটটায় প্রচারিত হবে। আর ‘গোধূলির কোণে দেখা আলো’ শিরোনামের অন্য নাটকটি পরিচালনা করেছেন মেজবাহ শিকদার। এ প্রসঙ্গে পপি বলেন, ‘আসলে আগের তুলনায় আমাদের চলচ্চিত্রের অবস্থা বর্তমানে অনেক খারাপ। বিশ্ব প্রতিনিয়ত এগিয়ে চলছে, কিন্তু এর সঙ্গে তাল রেখে আমাদের চলচ্চিত্রের উন্নতি হয়নি। আসলে ভালো গল্প বা ভিন্ন ধরনের গল্পের সিনেমা তৈরি না হলে তা সাফল্য পাবে না—এটাই স্বাভাবিক। অথচ পাশের দেশে মাধুরী, বিদ্যা বালান, রানী মুখার্জি, কাজল, অপর্ণা সেন, রাইমা সেন, ঋতুপর্ণা প্রমুখের নিয়ে সুন্দর গল্পের ছবি নির্মিত হয়—এটা ভাবলেই বেশ দুঃখ লাগে।’পপি আরও বলেন, ভালো মানের চলচ্চিত্র তৈরি না হওয়ায় চলচ্চিত্রপ্রেমী অনেক প্রযোজকের এ পেশা থেকে সরে যেতে হয়েছে। সব মিলিয়ে চলচ্চিত্র তৈরির সংখ্যা কমে গেছে। এখন দর্শক প্রেক্ষাগৃহে যাচ্ছে না। এ প্রসঙ্গে পপি বলেন, ‘এর জন্য আমি দুটি বিষয়কে দায়ী করব। একটা হচ্ছে, দর্শকের চাহিদা পূরণ করার মতো চলচ্চিত্র আমরা দিতে পারছি না। এ ছাড়া প্রেক্ষাগৃহের পরিবেশ দর্শকদের সন্তুষ্ট করতে পারছে না।’ তিনি আরও বলেন, ‘এখন প্রেক্ষাগৃহগুলোয় যে পরিবেশ, তাতে পরিবারের সবাই মিলে সিনেমা দেখার অবস্থা কম হলেই রয়েছে। বিশেষ করে নারী দর্শকদের জন্য প্রেক্ষাগৃহে নিরাপদ পরিবেশ তৈরি করা জরুরি। অন্যদিকে ভালো পরিবেশ আছে যে কটি প্রেক্ষাগৃহে, সেগুলোয় আধুনিক দর্শকদের ধরে রাখার মতো ছবি চলছে না। আমি ছবির গল্প ও উপস্থাপনকেই এ ক্ষেত্রে বেশি দায়ী করব।’তবে বড় পর্দার নায়িকার মধ্যে একমাত্র ব্যতিক্রম নিপুণ। এবারের ঈদে বড় পর্দা ও ছোট পর্দা—দুই মাধ্যমেই দেখা যাবে তাঁকে। বড় পর্দায় নিপুণের এবারই প্রথম সর্বাধিক চারটি ছবি মুক্তি পাচ্ছে। আর ছোট পর্দার নাটকগুলোর মধ্যে রয়েছে ‘বালকটি ভুল করিয়া ভুল বই পড়িয়াছিল’ (চ্যানেল আই), ‘একদা বাঘের গলায় হাড় ফুটিয়াছিল’ (বাংলাভিশন) ও ‘ব্ল্যাক কফি’(চ্যানেল নাইন)।