বড় পর্দায় আরজে নীরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরজে নীরব নতুন পরিচয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন। এখন থেকে তাঁকে সবাই চিনবেন নীরব খান হিসেবে। এর আগে তিনি টিভি নাটকে অভিনয় করেছিলেন। এবার তিনি নাম লেখালেন বড় পর্দায়। ‘কাছে এসে ভালোবাসে’ নামের নতুন একটি ছবির প্রধান চরিত্রে তিনি অভিনয় করতে যাচ্ছেন। এরই মধ্যে পরিচালকের সঙ্গে চূড়ান্ত কথাবার্তাও হয়ে গেছে তাঁর। নীরব খান ও পরিচালক নিজে আজ সোমবার সকালে খবরটি নিশ্চিত করেন। ছবিটির চিত্রনাট্য ও পরিচালনা—দুটোই করছেন অনন্য মামুন। নীরব খানের বিপরীতে ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন আরেক নবাগত লায়লা।ছবিতে কাজ করার ব্যাপারে নীরব বললেন, ‘অনেক দিন ধরে ছবিতে অভিনয়ের ব্যাপারে কথাবার্তা চলছিল। প্রথমদিকে বিষয়টাকে মজা হিসেবে মনে করেছিলাম। পরে পরিচালকের সিরিয়াসনেসের ফলে সে ধারণা দূর হয়। অবশেষে আজ সোমবার সকালে আমাকে ছবিতে চূড়ান্ত করার বিষয়টি যখন নিশ্চিত হই তখন বেশ ভালো লেগেছে।’নীরব খান এও বললেন, ‘মিডিয়াতে কাজ করব, এটা ভেবেছিলাম কিন্তু সিনেমায় যে অভিনয় করব, এটা কখনো চিন্তা করিনি। ছবিটিতে কাজ করার জন্য এরই মধ্যে নানা ধরনের প্রস্তুতি নিতে হচ্ছে। নাচের প্রশিক্ষণও নিচ্ছি।’জানা গেছে, চলচ্চিত্রটির শুটিংয়ের জন্য আগামী এপ্রিল মাসে সুইডেন যাবেন ছবিটির প্রধান অভিনয়শিল্পী নীরব খান ও লায়লা। সেখানে গান ও কয়েকটি দৃশ্যের শুটিং করবেন তাঁরা।এদিকে পরিচালক অনন্য মামুন বললেন, ‘আমি মিডিয়াতে কিছু নতুন মুখ উপহার দিতে চাই। তাই এ ছবির মাধ্যমে একেবারে নতুন দুজন অভিনয়শিল্পীকে নিয়ে কাজ করার চিন্তা করেছি। তা ছাড়া আমি চ্যালেঞ্জ নিতে পছন্দ করি, তাই নতুনদের নিয়ে কাজ করা।’পরিচালক বললেন, সুইডেনের পাশাপাশি ভারত ও বাংলাদেশের বিভিন্ন মনোরম লোকেশনে ছবির দৃশ্য ধারণের কাজ শেষ করা হবে।