বড় পর্দায় ‘অ্যান্টি হিরো’ অপূর্ব
ছোটপর্দার জনপ্রিয় অভিনয়শিল্পী অপূর্ব এর আগে মোরশেদুল ইসলামের ‘বৃষ্টির দিন’ নামের একটি চলচ্চিত্রের শুটিংয়ে অংশ নিয়েছিলেন। কিছুদিন কাজ করার পর ছবিটির শুটিং স্থগিত হয়ে যায়। সম্প্রতি নতুন করে আবারও বড় পর্দায় নাম লেখালেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা অপূর্ব। তাঁর এবারের ছবির নাম ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’। পরিচালক সাফিউদ্দিন সাফি। গত শনিবার এফডিসিতে অপূর্বর চলচ্চিত্রে অভিনয়ের বিষয়টি চূড়ান্ত হয়েছে। প্রথম ছবিতে অপূর্ব সহশিল্পী হিসেবে পাচ্ছেন শাকিব খান ও জয়া আহসানকে।ছবিতে নিজের চরিত্র প্রসঙ্গে প্রথম আলো ডটকমকে অপূর্ব বলেন, ‘এখানে আমাকে তথাকথিত নায়ক চরিত্রে দেখানো হবে না। বলতে পারেন অ্যান্টি হিরো হিসেবেই দেখানো হবে। আমি সব সময়ই ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে উপস্থাপন করতে বেশি ভালোবাসি। এই ছবিতেও আমার চরিত্রটি একটু ভিন্ন ধাঁচের।’অপূর্ব আরও বলেন, ‘চলচ্চিত্রে অভিনয়ের স্বপ্ন দেখেছি অনেক দিন। এর আগে বৃষ্টির দিন ছবির শুটিং শুরু করেও শেষ পর্যন্ত কাজটি স্থগিত হয়ে যায়। পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি ছবির পাণ্ডুলিপি এবং পুরো ইউনিটের আয়োজন—সব মিলিয়ে মনে করছি, এই ছবিটির মধ্য দিয়ে আমার চলচ্চিত্রে অভিষেকটা ভালোই হবে।’অপূর্ব জানান, এর আগে নাটকেও কখনো জয়া আহসানের বিপরীতে তাঁর অভিনয় করা হয়নি। প্রথম ছবিতে জয়া আহসানকে নায়িকা হিসেবে পেতে যাচ্ছেন—এটা অনেক বেশি আনন্দের। ছোটপর্দায় জয়া তাঁর শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছেন। ‘পূর্ণদৈর্ঘ্য প্রেমকাহিনি’ ছবিতেও জয়া আহসান নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করবেন। জানা গেছে, রুম্মান রশীদ খানের চিত্রনাট্যে ও সাফিউদ্দিন সাফির পরিচালনায় ‘পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনি’ ছবির শুটিং হবে মালয়েশিয়ায়। আগামী মাস থেকে শুটিং শুরু হবে। ছবির গানগুলো লিখছেন কবির বকুল।