
বছরের শেষ সপ্তাহে জেনিফার লরেন্সের আরেকটি ছবি মুক্তি পাচ্ছে। হাঙ্গার গেমস সিরিজের এই তারকা এবার ‘তীর-ধনুক’ ছাড়াই অভিনয় করেছেন। এবার তাঁর লড়াই ভিনগ্রহে নয়, এই পৃথিবীতেই। জেনিফারের চরিত্র এবং চলচ্চিত্র—দুটোরই নাম জয়।
শক্তিময়ী একজন নারীকে কেন্দ্র করে গড়ে উঠেছে ছবির কাহিনি। কিশোরী থেকে একজন পূর্ণ নারী—তাঁকে ঘিরেই একটি পরিবার এবং ব্যবসায়িক সাম্রাজ্যের বিকাশ। অল্প বয়সে বিবাহবিচ্ছেদের পর তিন সন্তান নিয়ে অনিশ্চয়তায় পড়েন। সেই অবস্থা থেকে ধীরে ধীরে সাফল্যের শিখরে পৌঁছান। নিজের উদ্ভাবনী ক্ষমতা আর উদ্যমই তাঁর সহায়।
জয় ছবিতে একজন নারীর জীবনসংগ্রামের পাশাপাশি আরও আছে বিশ্বাসভঙ্গ, প্রতারণা ও নির্মল ভালোবাসার আবেগী ও মানবিক আখ্যান। ব্যবসার নির্মম জগতে মিত্ররা অনেক সময় শত্রুতে এবং শত্রুরা মিত্রে পরিণত হয়। প্রভাবশালী একটি পরিবারের ভেতরে-বাইরেও নানা রকম দ্বন্দ্ব, কপটতা আর ষড়যন্ত্র চলে। তবে সেগুলো ওই কর্তৃত্বময়ী নারীর প্রভাবকে ছাপিয়ে যেতে ব্যর্থ হয়। মনের জোর, পেশাদারি আর অদ্ভুত কল্পনাশক্তির জোরে তিনি সব ঝড়ঝঞ্ঝা পেরিয়ে যান।

মার্কিন উদ্যোক্তা ও ব্যবসায়ী জয় মাংগানোর জীবনকাহিনি অবলম্বনে জয় নির্মাণ করেছেন পরিচালক ও চিত্রনাট্যকার ডেভিড ও. রাসেল। এতে জেনিফার ছাড়াও অভিনয় করেছেন রবার্ট ডি নিরো, ব্র্যাডলি কুপার, এলিজাবেথ রম, ভার্জিনিয়া ম্যাডসেন প্রমুখ। ছবিতে দেখা যায় কীভাবে একজন কিশোরী থেকে ধীরে ধীরে পূর্ণ নারী হয়ে ওঠেন জয়। মাথায় তাঁর বিভিন্ন উদ্ভাবনের ভাবনা। সমাজকে উপেক্ষা করে একপর্যায়ে ‘একাকিনী মা’ হিসেবেই জীবন শুরু করেন। তাঁর মা-বাবার জীবনযাপন বিচ্ছিন্ন ও অদ্ভুত। ফলে জয়ের জীবনে একমাত্র অনুপ্রেরণা তাঁর দাদি। তিনিই পারিবারিক অশান্তি থেকে বেরিয়ে জয়কে পেশাজীবনে সাফল্যের পথ দেখান। ফলে তিনি অতীত ও বর্তমান ভুলে নিজেকে নতুন করে গড়ে তুলতে প্রয়াসী হন।
জয় চরিত্রটিতে আছে হাস্যরস ও নাটকীয়তার মিশেল। নানা বিশৃঙ্খলার মধ্যেও তাঁর লড়াকু জীবন এবং অভ্যন্তরীণ শক্তির বিকাশ ঘটে। উদ্যোক্তা হিসেবে তিনি বেপরোয়া। বিক্রয়কর্মীর কাজে যোগ করেন সৃজনশীলতা। আর পুঁজিবাদের সদ্ব্যবহারও করেন পূর্ণরূপে। ষড়যন্ত্র ও প্রতারণা হয় তাঁর বিরুদ্ধে। তবে তিনি হাল ছাড়েন না, বরং পুঁজিবাদের তৎকালীন সন্তে পরিণত হন। সব মিলিয়ে জয়ের অতুলনীয় দৃঢ় চরিত্রটি নারীর ক্ষমতায়নের এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজকাল কোনো নারী চরিত্রকে কোনো চলচ্চিত্রে এ রকম শক্তিশালী ভূমিকায় খুব কমই উপস্থাপন করা হয়। আর এ ছবির কারণে জেনিফার লরেন্সের এবার অস্কার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাও বেড়েছে।
বড়দিন উপলক্ষে কাল ২৫ ডিসেম্বর যুক্তরাষ্ট্রজুড়ে দেখা যাবে ছবিটি। এটি নির্মাণের আগে ডেভিড ও. রাসেল সত্যিকারের জয় ম্যাংগানোর সাক্ষাৎকার নিয়েছেন ঘণ্টার পর ঘণ্টা ধরে। তবে গল্পের পুরোটা তাঁর জীবনের নয়, এখানে কল্পনাও মিশেছে। সে ক্ষেত্রে মাংগানোই পরামর্শ দিয়েছেন। পরে তিনি ছবিটি দেখে ভোগ সাময়িকীকে বলেছেন, জেনিফার লরেন্সের অভিনয় চমৎকার লেগেছে।
জয় মাংগানোর জীবনের চারটি দশকের রূপায়ণ এই চলচ্চিত্র। নব্বইয়ের দশকের শুরুতে তিনি জীবন নিয়ে হতাশাগ্রস্ত হয়ে পড়েছিলেন। সেই অবস্থায় ব্যবসা শুরু করে তিনি ধীরে ধীরে একজন সফল ব্যবসায়ীতে পরিণত হন। নানা বাধার মুখে ব্যর্থ হলেও নিরাশ হন না। আবার শুরু করেন জীবনের যুদ্ধ। পরিণামে তাঁর তৈরি ব্যবসায়িক সাম্রাজ্যের সুফল ভোগ করে চার-চারটি প্রজন্ম।
সমালোচকেরা আপাতত ভালো নম্বরই দিয়েছেন জয় ছবিটিকে। রটেন টমেটোর এক পর্যালোচনায় বলা হয়, জেনিফার লরেন্সের শক্তিশালী অভিনয় এ ছবির বড় শক্তি। তবে সত্য ঘটনানির্ভর গল্প বলার জন্য পরিচালক ডেভিড ও. রাসেল যে কৌশল অবলম্বন করেছেন, তা দর্শকের আবেগকে কতটা ছুঁতে পারবে, তা নিশ্চিত নয়।
ভলচার, মুভি ইনসাইডার, ডেডলাইন অবলম্বনে