বড়দিনের নাটকে ঈশিতা
বড়দিন উপলক্ষে নির্মিত একটি খণ্ড নাটকে অভিনয় করতে দেখা যাবে রুমানা রশিদ ঈশিতাকে। নাটকের নাম ‘ওহ পিটার’। শাহরুখ শহীদের রচিত নাটকটি পরিচালনা করেছেন মাতিয়া বানু শুকু। ঈশিতা বলেন, ‘প্রায় দুই বছর আগে এই নাটকের কাজ করেছিলাম। খুবই সুন্দর গল্পের নাটক।’ঈশিতা আরও বলেন, ‘এই নাটকে আমার সহশিল্পী ছিলেন মাজনুন মিজান। ওঁর সঙ্গে এর আগেও দুটি নাটকে অভিনয় করেছিলাম। ওই দুটি নাটকের মতো ‘ওহ পিটার’ও সবার ভালো লাগবে বলে আমার বিশ্বাস।’বড়দিন উপলক্ষে ‘ওহ পিটার’ নাটকটি আজ মঙ্গলবার বেলা দুইটা ৩০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে। এই নাটকের অন্য অভিনয়শিল্পীরা হলেন, স্বাগতা, আবদুল্লাহ রানা, কায়েস চৌধুরী প্রমুখ।এদিকে, গত এক বছর নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ে এবং ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার পরিকল্পনাসংক্রান্ত কাজের ব্যস্ততার জন্য সেভাবে অভিনয় কিংবা পরিচালনায় সময় দিতে পারেননি ঈশিতা। তিনি বলেন, ‘এরই মধ্যে নাবিলা-চ্যানেল আই সেরা নাচিয়ে অনুষ্ঠানটি সফলভাবে শেষ করতে পেরেছি। আর আজ মঙ্গলবার ভিট-চ্যানেল আই টপ মডেল প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে। এরপর কিছুদিনের জন্য দেশের বাইরে বেড়াতে যাব। ফিরে এসেই পরিচালনা কিংবা অভিনয়ের কিছু কাজ শুরু করব।’