বড়দিনের বড় ছবি
মার্কিন মুলুকে ডিসেম্বর মানেই ছুটির মাস, উৎসবের মাস, উদ্যাপনের মাস। তাই এই সময় ঘিরে হলিউডের সব ‘সেরা’রা বক্স অফিস কাঁপাতে মাঠে নামেন। এবারও ব্যতিক্রম হচ্ছে না। বড়দিন আর নিউ ইয়ার ইভ সামনে রেখে বছরের শেষে কিছু ধুন্ধুমার হলিউড ছবি মুক্তি পেতে যাচ্ছে। সেই ছবিগুলোর খবর জানাতেই এ আয়োজন।

স্টার ওয়ারস: দ্য রাইজ অব স্কাইওয়াকার
দ্য রাইজ অব স্কাইওয়াকার–এর সর্বশেষ ট্রেলারে লুকিয়ে আছে আরও কিছু নতুন রহস্য আর গল্প। পরিচালক ও লেখক জে জে আব্রামস ফিরে এসেছেন এবং বরাবরের মতোই একের পর এক রহস্যের বোমা ফাটিয়ে যাচ্ছেন। চারদিকে খবর ছড়িয়ে গেছে ‘স্টার ওয়ার্স’–এর এবারের ছবির মধ্য দিয়ে এই ফ্রাঞ্চাইজির একটি নির্দিষ্ট আখ্যানের সমাপ্তি ঘটাবে। কোন সে আখ্যান, কোন চরিত্র বিদায় নেবে এবারের কিস্তি থেকে, কে আসবে নতুন করে—এমন নানান প্রশ্ন দানা বেঁধে আছে দর্শকের মনে, যার উত্তর মিলবে আগামী ২০ ডিসেম্বর, ছবি মুক্তির দিন।

আইপি ম্যান ফোর
এখন পর্যন্ত ‘আইপি ম্যান’ সিরিজের তিনটি সিনেমা মুক্তি পেয়েছে। এবার অপেক্ষা এই ফ্রাঞ্চাইজির চতুর্থ ও শেষ ছবির জন্য, যা মুক্তি পাচ্ছে আগামী ২০ ডিসেম্বর। উইং চুন গ্রান্ডমাস্টারের জীবনের আলোকে নির্মিত এই সিরিজের সব কটি ছবিতে অভিনয় করেছেন ডনি ইয়েন। এবারের আইপি ম্যান–এ দেখানো হবে আমেরিকার সান ফ্রান্সিসকোর গল্প। মুভিটি পরিচালনা করেছেন উইলস উইপ।

জুমানজি থ্রি
‘জুমানজি’ ফ্র্যাঞ্চাইজের চতুর্থ কিস্তি জুমানজি: দ্য নেক্সট লেভেল। জ্যাক ব্ল্যাক, ডোয়াইন জনসন, কেভিন হার্ট, ড্যানি গার্সিয়া, নিক জোনাসকে নিয়ে এবারের ছবিটি পরিচালনা করেছেন জেক কাসডান। ১ ঘণ্টা ৫৪ মিনিটের এই ছবি মুক্তি পাবে আগামী ১৩ ডিসেম্বর। এবারের কিস্তিতেও বিশেষ ভিডিও গেম জুমানজির ভেতর ঢুকে পড়বে একদল খেলোয়াড়। তারপর নানা ধরনের গোলকধাঁধায় পড়তে থাকবে একেকজন। আর ধাপে ধাপে সেই ধাঁধার সমাধানের মধ্য দিয়ে এগিয়ে যাবে ছবিটি।

দ্য অ্যারোনটস
জীবনীনির্ভর অ্যাডভেঞ্চার ছবি দ্য অ্যারোনটস মুক্তি পাবে আগামী ৬ ডিসেম্বর। টম হার্পার পরিচালিত মুভিটি ১৮৬২ সালের পটভূমিতে তৈরি। বিজ্ঞানী জেমস গ্লাইশের ও বিধবা তরুণী এমিলিয়া রেন একটি বিশালাকার বেলুনে চড়ে বিশেষ অভিযানে অংশ নেয়। তাদের লক্ষ্যই ছিল আকাশের সবচেয়ে উঁচুতে বেলুন উড়িয়ে এ সম্পর্কে সবার ভুল ধারণা ভেঙে দেবে। কিন্তু ধারণা ভাঙতে গিয়ে বিভিন্ন প্রতিকূলতার মুখে পড়ে তারা। পৃথিবীতে নিজেদের অবস্থান ও ভূমিকা সম্পর্কে আত্মোপলব্ধি করে। দ্য অ্যারোনটস–এ অভিনয় করেছেন অস্কারজয়ী অভিনেতা এডি রেডমেইন, ফেলিসিটি জোনস, টম কোর্টনেই।

সিক্স আন্ডারগ্রাউন্ড
৬ জন এজেন্ট, পৃথিবীর কাছে যারা মৃত, যাদের নেই কোনো রেকর্ড—তাদের নিয়ে তৈরি হয়েছে নেটফ্লিক্স অরিজিনাল মুভি সিক্সস আন্ডারগ্রাউন্ড।এই এজেন্টরা বানোয়াট মৃত্যুর খবর ছড়ায় অতীতকে ধামাচাপা দেওয়ার জন্য। তাদের লক্ষ্য ভবিষ্যৎ পরিবর্তন করা।
মাইকেল বে পরিচালিত এ ছবি তারকায় ভরপুর। রায়ান রেনল্ডস, মেলানি লরেন্ট, ডেভ ফ্রাঙ্কো, বেন হার্ডিসহ আছেন আরও অনেকে। এটি আগামী ১৩ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে মুক্তি পাবে।

স্পাইস ইন ডিসগাইস
বিখ্যাত স্পাই ল্যান্স স্টার্লিংয়ের ওপর ভরসা করে আছে সারা পৃথিবী। মারাত্মক সব ঝুঁকি মোকাবিলায় প্রস্তুত ল্যান্স। অন্যদিকে তরুণ বিজ্ঞানী ওয়ালটার বেকেটও নানা রকমের গেজেট বানিয়ে থাকে, যা যেকোনো পরিস্থিতি মোকাবিলায় কাজ আসে। ঘটনাক্রমে বেকেটের নতুন আবিষ্কার ‘বায়োডাইনামিক কনসিলমেন্ট’ খেয়ে ফেলে ল্যান্স। তখনই সে পরিণত হয় নীলরঙা এক পায়রাতে। এই পরিস্থিতিতে সে কীভাবে পৃথিবীকে বাঁচাবে, তা নিয়েই তৈরি হয়েছে অ্যানিমেশন ছবি স্পাইস ইন ডিসগাইস।ব্লু স্কাই স্টুডিও প্রযোজিত মুভিটি মুক্তি পাবে আগামী ২৫ ডিসেম্বর। ছবিতে কণ্ঠ দিয়েছেন উইল স্মিথ ও টম হল্যান্ড।
মুসাব্বির হুসাইন