বড়পর্দায় অভিষেক হচ্ছে তানহা তাসনিয়ার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানহা তাসনিয়া
তানহা তাসনিয়া

কোরবানির ঈদেই মুক্তির কথা ছিল, কিন্তু শেষপর্যন্ত মুক্তি মেলেনি ‘ভোলা তো যায় না তারে’ ছবিটির। তবে, সামনে ১৫ জানুয়ারিতে আবারও সারা দেশের প্রেক্ষাগৃহে রফিক সিকদারের এই ছবিটির মুক্তির ঘোষণা এসেছে। আর এ ছবি মুক্তির মাধ্যমেই অবশেষে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে মডেল ও অভিনেত্রী তানহা তাসনিয়ার। ছবিতে ‘নীলাঞ্জনা’ চরিত্রে অভিনয় করেছেন তিনি।

এদিকে, নতুন করে ‘ভোলা তো যায় না তারে’ ছবির মুক্তির খবরে আনন্দিত হলেও এ নিয়ে তাঁর শঙ্কার কথাও জানিয়েছেন ঢাকাই ছবিতে অভিষেক হতে যাওয়া নতুন এই নায়িকা।

মুঠোফোনে তানহা বলেন, ‘প্রায় ২ বছর ধরে অপেক্ষা করছি, বড়পর্দায় নিজেকে কখন দেখব! । খুব ভালো লাগছে। তবে ভয়ও পাচ্ছি। প্রথম ছবি দর্শকেরা কীভাবে আমাকে নেবেন; তা নিয়ে!’

ওই নির্ধারিত দিনেই ছবিটির মুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক রফিক সিকদার। তিনি জানিয়েছেন, যদি অন্য কোনো সমস্যা না হয়, তাহলে ১৫ জানুয়ারি শুক্রবার ছবিটি মুক্তির দিন ঠিক করা আছে।

‘ভোলা তো যায় না তারে’ ছবিতে তানহার বিপরীতে অভিনয় করেছেন নিরব। এ ছাড়াও, এই ছবিতে অভিনয় করেছেন হিল্লোল, সুব্রত. মাসুম আজিজ প্রমুখ।

তানহা তাসনিয়া জানিয়েছেন, প্রথম ছবিটির মুক্তির আগে আগে তিনি আরও নতুন দুই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এর একটি ছবি বাপ্পীর বিপরীতে; ছবির নাম ‘জানবাজ’। ছবিটি পরিচালনা করছেন ওয়াজেদ আলী সুমন। অন্য ছবির নাম ‘ময়না পাখির সংসার’। এ ছবিতে তানহার বিপরীতে আছেন ‘সুপার হিরো’ তারকা রোজ। এ ছবিটি পরিচালনা করছেন রায়হান মজিদ।


তানহা আরও জানিয়েছেন, ১ জানুয়ারি থেকে নরসিংদীর লোকেশনে ‘জানবাজ’ ছবির শুটিং শুরুর কথা আছে।