বড়পর্দায় ছোটকাকু

উপন্যাসের পাতা ও টেলিভিশনের পর্দা ঘুরে ছোটকাকু এবার আসছে বড়পর্দায়। শিশু সাহিত্যিক ফরিদুর রেজা সাগরের ধারাবাহিক রহস্য রোমাঞ্চ কিশোর উপন্যাস ‘ছোটকাকু’র প্রথম গল্প ‘কক্সবাজারে কাকাতুয়া’। এর কাহিনি নিয়ে একই নামে চলচ্চিত্র নির্মাণ করেছেন অভিনেতা আফজাল হোসেন। একই সঙ্গে গল্পটির প্রধান চরিত্র ‘ছোটকাকু’র ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
এ ছাড়া ‘কক্সবাজারে কাকাতুয়া’ ছবিতে আরও অভিনয় করেছেন জহিরউদ্দিন পিয়ার, শামস সুমন, অর্ষা, সীমান্ত প্রমুখ।
নির্মাণ শেষে এরই মধ্যে চলচ্চিত্রটি সেন্সর ছাড়পত্র বা সনদ লাভ করেছে। এখন অপেক্ষা মুক্তির।
চ্যানেল আই থেকে জানানো হয়েছে, আসছে ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবসে চলচ্চিত্রটি মুক্তি পাবে। একই সঙ্গে ১৭ মার্চ বেলা তিনটা পাঁচ মিনিটে চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে চ্যানেল আইতে।

‘কক্সবাজারে কাকাতুয়া’ চলচ্চিত্রটি যমুনা ‘ব্লকবাস্টার সিনেমাস’সহ বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ১৮ মার্চ থেকে।