বয়স তাহার বাড়ে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দি এজ অব অ্যাডালাইন ছবির দৃশ্য
দি এজ অব অ্যাডালাইন ছবির দৃশ্য

জন্মদিনের দুপুরে তরুণী অ্যাডালাইন বোওম্যান বসে আছেন একটা রেস্তোরাঁয়। তাঁর উল্টো দিকের আসনটা ফাঁকা। একমাত্র মেয়ে ফ্লেমিং প্রেসকটের সঙ্গে দুপুরের খাবার খাবেন তিনি। কিছুক্ষণের মধ্যেই এক বৃদ্ধা ঢুকলেন রেস্তোরাঁয়। আসন ছেড়ে উঠে দাঁড়ালেন অ্যাডালাইন। দুহাত মেলে এগিয়ে এলেন বৃদ্ধা, অ্যাডালাইনকে জড়িয়ে ধরে মুখটা নিয়ে গেলেন তাঁর কানের কাছে। ফিসফিসিয়ে উচ্চারণ করলেন, ‘হ্যাপি বার্থডে, মামা!’
মামা? মানে ‘মা’? তবে না অ্যাডালাইনের মেয়ে প্রেসকটের আসার কথা! অশীতিপর এই বৃদ্ধা কি তাহলে অ্যাডালাইনের মা? উঁহু, তিনিই ফ্লেমিং প্রেসকট, অ্যাডালাইনের একমাত্র মেয়ে!
সমস্যাটা (আসলেই কি সমস্যা?) আসলে ফ্লেমিংয়ের নয়, অ্যাডালাইনের। ১৯৩৫ সালে, ২৯ বছর বয়সে একটা গাড়ি দুর্ঘটনায় পড়েন সদ্য স্বামীহারা অ্যাডালাইন। বোঝার ওপর শাকের আঁটি—দুর্ঘটনার পরপরই বজ্রপাত হয় তাঁর ওপর! অবশ্যম্ভাবী ফলাফলের কথা ভেবে যারা ‘আহ্হা’ করে উঠলেন তাদের জন্য রইল চমক! সেদিনের পর থেকে অ্যাডালাইনের বয়স আর বাড়ল না! ফলে মেয়ে ফ্লেমিংয়ের মুখে বয়সের ছাপচিত্র পড়লেও তাঁর বয়স আটকে রইল সেই ঝলমলে তারুণ্যে!
অ্যাডালাইনের কাছে এ এক মধুর সমস্যা! পরিচয়-সংকটে পড়ে গেলেন অবধারিতভাবেই। নিজেকে আড়াল করার জন্য বেছে নিলেন প্রায় যাযাবর জীবন। জীবনের এমন গভীর সংকটের সময় পরিচয় তরুণ এলিস জোনসের সঙ্গে। জীবন নিয়ে নতুন করে ভাবার একটা সূত্র পেলেন তাঁরই কাছে। অ্যাডালাইনের প্রেমে পড়ে গেলেন এলিস। বিপরীত দিক থেকেও সবুজসংকেত। তবে গল্পটা স্পিন বলের মতো বাঁক নিল তখনই, যখন এলিস তাঁর মা, বাবা ও বোনের সঙ্গে পরিচয় করিয়ে দিতে অ্যাডালাইনকে নিয়ে গেলেন বাসায়। এলিসের বাবা উইলিয়াম জোনস ছেলের প্রেমিকাকে দেখে যেন আকাশ থেকে পড়লেন। সামনে এগিয়ে এসে প্রশ্ন করলেন, ‘তুমি কি অ্যাডালাইন?’ জড়তা ও বিস্ময়মাখা কণ্ঠে অ্যাডালাইনের জবাব, ‘না, আমি তাঁর মেয়ে!’ বিস্ময়ের ঘোর কাটে না উইলিয়ামের, ‘কিন্তু তুমি ঠিক অ্যাডালাইনের মতো দেখতে। আমরা খুব ভালো বন্ধু ছিলাম!’
উইলিয়াম ও অ্যাডালাইন কি কেবলই ‘খুব ভালো’ বন্ধু ছিলেন? নাকি আরও বেশি কিছু? ২৪ এপ্রিল মুক্তি পেয়েছে দি এজ অব অ্যাডালাইন ছবিটি। এরই মধ্যে টপ চার্টের তিন নম্বর আসনে উঠে গেছে লি টোল্যান্ড ক্রেইগারের এই ছবি। লি প্রথমে ঠিক করেছিলেন কেন্দ্রীয় চরিত্র অ্যাডালাইনের ভূমিকায় অভিনয় করবেন নাটালি পোর্টম্যান। অনেক তর্ক-বিতর্কের পর চূড়ান্ত হয় ব্লেক লাইভলির নাম। মার্কিন এই অভিনেত্রী হতাশ করেননি লি টোল্যান্ডকে। আর মার্কিন সিনেমায় এবারই প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করলেন মিকিয়াল জুইসম্যান। টিভি সিরিজ গেম অব থ্রোনস-এ দারিও ন্যাহারিস চরিত্রে অভিনয় করে বেশ নাম কুড়িয়েছেন এই ডাচ অভিনেতা। তবে হ্যারিসন ফোর্ডভক্তদের জন্য বেশ একটা চমকই আছে দি এজ অব অ্যাডালাইন-এ। স্টার ওয়ারস-এর হ্যান সোলো কিংবা ইন্ডিয়ানা জোনস-এর ডক্টর হেনরি থেকে একদম আলাদা স্বাদের এক চরিত্রে আবির্ভূত হয়েছেন হ্যারিসন।
আইএমডিবি ও উইকিপিডিয়া অবলম্বনে