বয়স সোয়া সতেরো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাদি মহম্মদ ও শিবলী মোহাম্মদ
সাদি মহম্মদ ও শিবলী মোহাম্মদ

জন্মদিনের শুভেচ্ছা জানাতেই শিবলী বললেন, ‘এসএসসি কত সালে এবং বয়স কত হলো, জিজ্ঞেস করা যাবে না।’ অবিবাহিতের নাকি বয়স বাড়ে না। বলিউড অভিনেতা সালমান খানের উক্তি ধার করে কথাটা বললেন বাংলাদেশের কত্থক নাচের শিল্পী শিবলী মোহাম্মদ। আগামীকাল তাঁর জন্মদিন।
এই জন্মবার্ষিকীতে শিবলীর প্রত্যাশা সুস্থ শরীর ও সুন্দর একটি দেশ। যুদ্ধাপরাধীদের বিচার হচ্ছে বলে দেশটাকে আবারও নিজের মনে হচ্ছে তাঁর। আজীবন করে যেতে চান নাচের শিক্ষকতা। কারণ, নিজের শিক্ষার্থীরা ভালো নাচ করলে ভীষণ আনন্দ হয় তাঁর।
জন্মদিনে সব সময় বন্ধুরা বাসায় আসেন। তবে বেশি আসে তাঁর শিক্ষার্থীরা। আজ শনিবার দুপুর ১২টায় চ্যানেল আইয়ের ‘তারকাকথন’ অনুষ্ঠানে তাঁর জন্মদিন উদ্‌যাপন করা হবে। সেখানে তাঁর সঙ্গে স্মৃতিচারণা করবেন বড় ভাই রবীন্দ্রসংগীতশিল্পী সাদি মহম্মদ। রোববার সকাল ৭টা ৪০ মিনিটে ওই চ্যানেলে ‘গানে গানে সকাল শুরু’ অনুষ্ঠানে একই সঙ্গে শরৎ, পূজা, প্রার্থনা ও মাকে নিয়ে গান করবেন দুই সহোদর। ছোটবেলায় ভাইয়ের কাছেই গানে হাতেখড়ি শিবলীর। এবারই প্রথম সরাসরি অনুষ্ঠানে গাইবেন তিনি। এ ছাড়া রাত ১০টা ৪০ মিনিটে বৈশাখী টিভিতেও থাকবেন এই নৃত্যশিক্ষক।
নিষিদ্ধ প্রশ্নগুলো না করে পারা যায় না। বয়স ...‘সোয়া সতেরোয় আটকে আছি। কেননা, টিনএজারদের অন্যায়গুলো সবাই ক্ষমা করে দেন’, বললেন শিবলি। আর একাকিত্বের প্রশ্নে বললেন, ‘একা লাগে না, বরং বেশ ঝরঝরে লাগে।’