

বয়স মানে না কোনো বাধা। যদি মিলে যায় ভাগ্যরেখা, তাহলে তো বয়সের ব্যবধান তুচ্ছ একটি সংখ্যা মাত্র। এটি কিন্তু কোনো সাধারণের কথা নয়। এমনটা বলিউড তারকারা মনে করেন। তা না হলে বলিউড অভিনেতা শহীদ কাপুর এত নায়িকার চোখে নিজের জীবনসঙ্গীকে খোঁজার পর তাঁর চেয়ে ১৩ বছরের ছোট মিরাকে বিয়ে করেন এমনি এমনি? বয়সটা তাঁদের কাছে ব্যাপার না। মনের মিলটাই তো সব। এমন ভাবনা শুধু শহীদেরই না। বলিউডে এমন নজিরের অভাব নেই।
বলিউডের জুটি দিলীপ কুমার ও সায়রা বানু। এ দুজনের বয়সের ব্যবধান ২৩ বছর। ১৯৬৬ সালের যে সময়ে তাঁদের বিয়ে হয়, সে সময় বিষয়টি খুব স্বাভাবিক ছিল। কিন্তু এরপরও তাঁদের নিয়ে বলিউডে কানাঘুষা কম হয়নি।
এর আগে ১০ বছরের ছোট মধুবালা কিংবা বৈজয়ন্তী মালার সঙ্গে দিলীপ কুমারের প্রেম নিয়ে খবর আর গুঞ্জনের শেষ ছিল না। তাই যখন ২২ বছরের সায়রাকে বিয়ে করলেন ৪৪ বছরের দিলীপ কুমার, তখন অনেকেই রসিকতা করে বলেছিল, ‘শেষ বয়সের ছড়ি হিসেবে সায়রাকে পেয়েছেন দিলীপ।’ কিন্তু কানকথায় কান না দিয়ে দিলীপ-সায়রা এখনো বলিউডের সবচেয়ে অনুসরণীয় জুটি হিসেবে সুখেই আছেন।
এবার আসা যাক আরেক বয়োজ্যেষ্ঠ বলিউড জুটির প্রসঙ্গে। যদিও তাঁদের সংসার দিলীপ-সায়রার মতো সফল ছিল না। তবে ছিল দারুণ আলোচিত। কথা হচ্ছে বলিউড অভিনেতা রাজেশ খান্না ও ডিম্পল কাপাডিয়ার। ডিম্পলের প্রথম ছবি ববি মুক্তি পায় ১৯৭৩ সালে। ছবি মুক্তি পাওয়ার ছয় মাস আগেই তিনি বিয়ে করেন সে সময়ের বলিউড হার্টথ্রব রাজেশ খান্নাকে। ডিম্পলের বয়স তখন মাত্র ১৬ আর রাজেশের ৩১। অর্থাৎ বয়সের ব্যবধানটা ১৫ বছরের। সে সময়ও মুখ বাঁকা করে অনেকে বলেছিলেন অনেকে, এ বিয়ে টিকবে না। অপরিণত ডিম্পল তাঁর ক্যারিয়ার, সংসার আর রাজেশের খ্যাতিকে সামাল দিতে পারবেন না। কিন্তু সব ভুল প্রমাণ করে পাক্কা ঘরনি হওয়ার জন্য ববি মুক্তির পর চলচ্চিত্র থেকেই অবসরের ঘোষণা দেন ডিম্পল।

একটি ছবির খ্যাতি নিয়েই সংসারের টানে বলিউডকে বিদায় জানান ডিম্পল। নিজের সবটুকু সময় ডিম্পল তাঁর স্বামী আর দুই মেয়ে টুইংকেল ও রিংকির জন্য বরাদ্দ করেন। কিন্তু তাতেও কোনো লাভ হয়নি। একসময় সে গুঞ্জনই সত্য হলো। ১৯৮২ সালে ডিম্পল তাঁর দুই মেয়েকে নিয়ে রাজেশ খান্নার বাড়ি ছেড়ে যান। তাঁর অভিযোগ, ‘বড্ড কঠিন সংসার-জীবন। বিশেষ করে যখন সঙ্গের মানুষটি বড্ড বেশি আত্মকেন্দ্রিক ও স্বার্থপর হয়।’ ওই বছর ইন্ডিয়া টুডেকে দেওয়া এক সাক্ষাৎকারে ডিম্পল বলেন, ‘সুখ ও শান্তি সেদিনই আমাকে ছেড়ে গিয়েছিল, যেদিন রাজেশের সঙ্গে আমার বিয়ে হয়।’
এরপর জানা যায়, রাজেশ খান্নার কারণেই নাকি মাত্র একটি ছবিতে অভিনয় করে বলিউড থেকে সরে যান ডিম্পল। তবে রাজেশের বাড়ি ছাড়ার দুই বছর পর আবার অভিনয়ে ফেরেন ডিম্পল। কিন্তু সংসার? না, সংসার-জীবনে আর ফেরা হয়নি তাঁর। এমনকি রাজেশ খান্নাও এরপর আর বিয়ে করেননি।
মাত্র ১৯ বছর বয়সে প্রকাশ কৌরকে বিয়ে করেন অভিনেতা ধর্মেন্দ্র। গত শতকের সত্তরের দশকে বলিউডের ‘ড্রিমগার্ল’ হেমামালিনীর সঙ্গে যখন শোলে ছবির সেটে প্রেম শুরু হয় তাঁর, তখন চার সন্তানের বাবা তিনি। কিন্তু ড্রিমগার্লের প্রেমে অন্ধ হয়ে সব কিছুই ভুলে যান ধর্মেন্দ্র। ভুলে যান তাঁদের বয়সের ব্যবধান ১৩ বছরের। সত্তরের দশকে ২৮টি ছবিতে কাজ করেন ধর্মেন্দ্র-হেমা জুটি। ১৯৮০ সালে গিয়ে ৩২ বছরের হেমাকে গোপনে বিয়ে করেন ৪৫ বছরের ধর্মেন্দ্র। এরপর? অতঃপর সুখে-শান্তিতে তাঁদের বসবাস।
ধর্মেন্দ্র-হেমার মতো সুখ আর শান্তি জোটেনি সাইফ আলী খান আর অমৃতা সিংয়ের কপালে। অমৃতা ছিলেন সাইফের চেয়ে ১২ বছরের বড়। তাদের সংসার টিকেছিল ১৩ বছর। এরপর সংসারের হাল বেসামাল হয়ে যায়। ২০০৪ সালে বিবাহবিচ্ছেদ হয় সাইফ-অমৃতার। আট বছর পর সাইফ আবার বসেন বিয়ের পিঁড়িতে। কনে সাইফের চেয়ে ১১ বছরের ছোট কারিনা কাপুর। ২০১২ সালে বিয়ে হয় তাঁদের। এখনো তাঁদের সংসার ভালোবাসায় ভরপুর। বয়সের ব্যবধান ভালো কিংবা খারাপ—কোনো প্রভাবই ফেলেনি খান সাহেবের সংসারে।
এখন কারাবন্দী সঞ্জয় দত্ত। কিন্তু তাতে কী? মান্যতা দত্তের কাছে তাঁর স্বামী না থেকেও আছেন তাঁর সঙ্গেই। স্ত্রীর জন্যে সঞ্জয়েরও ঠিক এমনই টান। হবেই বা না কেন? প্রথম স্ত্রী রিচা শর্মার মৃত্যুর পর এই মান্যতার মাঝেই তো সঞ্জয় খুঁজে পান তাঁর জীবনসঙ্গীকে। এর আগে মডেল রিয়া পিল্লাইর সঙ্গে সাত বছরের সংসারে যার অভাব ছিল, মান্যতার সঙ্গে সেসব অভাব একেবারে তুচ্ছ মনে হয় সঞ্জয়ের। তাই তো ১৯ বছরের বয়সের ব্যবধানও তাঁদের কাছে কিছু না। হ্যাঁ, সঞ্জয়ের বয়স এখন ৫৫ আর মান্যতার ৩৫। তবে বয়সের ব্যবধানটা শুধু সংখ্যাতেই। এ ছাড়া তাঁদের মধ্যে নেই কোনো ব্যবধান কিংবা চিন্তার দূরত্ব। তাই তো বন্দিজীবনেও মান্যতার কথা ভেবে সঞ্জয় ফেলেন স্বস্তির নিশ্বাস। আবার মান্যতার অসুস্থতার খবর পেলেই সব বাধাবিপত্তি পেছনে ফেলে ছুটে আসেন মান্যতার কাছে।
এখন ভেবে দেখুন তো, বয়সটা কি খুব বড় কিছু?
টাইমস অব ইন্ডিয়া ও ডিনএনএ ইন্ডিয়া অবলম্বনে