ভক্তদের অনুষ্ঠানে রুনা লায়লা
এবার রুনা লায়লা যাচ্ছেন কে হবে বিগেস্ট ফ্যান? অনুষ্ঠানের অতিথি হয়ে। কলকাতার জি বাংলায় শিগগিরই শুরু হতে যাচ্ছে নতুন এই অনুষ্ঠান। একজন জনপ্রিয় তারকাকে ঘিরে অনুষ্ঠানটি তৈরি হবে। ওই তারকা সম্পর্কে মন্তব্য করবেন বিখ্যাত ব্যক্তিত্বরা। এরপর তাঁর ভক্তশ্রোতারা অংশ নেবেন প্রতিযোগিতায়। প্রিয় তারকা সম্পর্কে বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে যিনি প্রথম হবেন, প্রিয় তারকার সঙ্গে তাঁর দেখা করার সুযোগ থাকবে কে হবে বিগেস্ট ফ্যান? অনুষ্ঠানে। আর পুরস্কার তো থাকছেই।জি বাংলার নতুন এ অনুষ্ঠানে ‘জনপ্রিয় তারকা অতিথি’ হয়ে অংশ নিতে ১১ মে কলকাতায় যাচ্ছেন রুনা লায়লা। তিনি বলেন, ‘আমাকে নিয়ে একটি পর্বের শুটিং হওয়ার কথা ছিল ৩ মে। কিন্তু হঠাৎ জ্বরে আক্রান্ত হওয়ায় শেষ মুহূর্তে যেতে পারিনি। নতুন শিডিউল অনুযায়ী ১১ মে যাচ্ছি। ওই দিনই কলকাতার এইচএমভি স্টুডিওতে পর্বটি ধারণ করা হবে।’রুনা লায়লা দেশে ফিরবেন ১২ মে।