ভক্তদের জন্য রাজেশ খান্নার শেষ বার্তা (অডিও)
১৮ জুলাই সবাইকে ছেড়ে চলে গেছেন বলিউডের প্রথম সুপারস্টার রাজেশ খান্না। মৃত্যুর আগে ভক্তদের উদ্দেশে বিদায়বার্তা রেকর্ড করে গেছেন এই গুণী অভিনেতা। তাঁর ভরাট কণ্ঠের সেই অডিও বার্তা সম্প্রতি প্রকাশ করেছে এনডিটিভি। ভক্তদের উদ্দেশে রাজেশ খান্না তাঁর শেষ বার্তায় বলেছেন, ‘প্রিয় বন্ধু, ভাই ও বোনেরা, অতীত আঁকড়ে থাকার অভ্যাস আমার নেই। সব সময় ভবিষ্যত্ নিয়েই সবার চিন্তা করা উচিত। যেসব সুন্দর দিন চলে গেছে বা হারিয়ে গেছে, তা নিয়ে স্মৃতিকাতর হওয়ার কোনো যুক্তি নেই। এর পরও কখনো কোথাও পুরোনো চেনা মানুষগুলোর সঙ্গে যখন দেখা হয়ে যায়, তখন মধুর স্মৃতিগুলো আবার সতেজ হয়ে ওঠে।’রাজেশ খান্না আরও বলেছেন, ‘আমার যাত্রা শুরু হয়েছিল মঞ্চ দিয়ে। সাফল্যের জন্য আমি মঞ্চের কাছে চির কৃতজ্ঞ। চলচ্চিত্রশিল্পে যখন যোগ দিলাম, তখন এই অঙ্গনে আমার কোনো স্বজন, বন্ধু-বান্ধব বা গডফাদার ছিল না। ইউনাইটেড প্রোডিউসারস ফিল্মফেয়ার ট্যালেন্ট কনটেস্টের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রেখেছিলাম।’ জীবনের প্রথম অডিশন সম্পর্কে রাজেশ খান্না জানিয়েছেন, ‘আমি বসে আছি তাঁদের মুখোমুখি। মাঝে কেবল একটি টেবিল। আমাকে জিজ্ঞেস করা হলো, “আমরা আপনাকে একটি সংলাপ পাঠিয়েছিলাম। আপনি কি সেটা মুখস্থ করেছেন?” মনে হচ্ছিল, আমার কোর্টমার্শাল চলছে। যেকোনো মুহূর্তে বন্দুক বের করে আমাকে লক্ষ্য করে গুলি ছোড়া হবে।’ নিজের প্রিয় সংলাপ নিয়েও কথা বলেছেন রাজেশ খান্না। তিনি জানিয়েছেন তাঁর প্রিয় সংলাপ হলো, ‘বন্ধুরা, আমাকে মাফ করে দিয়ো...হ্যাঁ, আমি শিল্পী, হ্যাঁ আমি একজন শিল্পী, আমার কাহিনি শুনে কী হবে...।’ হূদয়স্পর্শী বার্তাটির শেষাংশে রাজেশ খান্না বলেছেন, ‘বরাবরই সাফল্যের মই হিসেবে কাজ করেছেন আমার ভক্তরা। তাঁদের ধন্যবাদ দেওয়ার ভাষা আমার জানা নেই। আমি তাঁদের নিঃস্বার্থ ভালোবাসা পেয়েছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, সে ভালোবাসার প্রতিদান আমি দিতে পারিনি।’ AUDIO LINK: